মাউন্ট মঙ্গানুইয়ে অভিনব অভ্যর্থনা হার্দিকদের, ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি ২০-তেও চিন্তা বৃষ্টি নিয়ে
আবহাওয়ার পূর্বাভাস মিলে গিয়েছিল ওয়েলিংটনে। টানা বৃষ্টির জেরে তিন ম্যাচের সিরিজের প্রথম টি ২০ আন্তর্জাতিকে টস পর্যন্ত হয়নি। ভারত ও নিউজিল্যান্ড দুই শিবিরই চাইছে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে যেন ফের বৃষ্টি ব্যাঘাত না ঘটায়। যদিও আবহাওয়ার পূর্বাভাস মিলে গেলে এই ম্যাচেও ফয়সালা হবে কিনা তা নিয়ে সংশয় থাকছেই।
— BCCI (@BCCI) November 19, 2022 |
লড়াই মাউন্ট মঙ্গানুইয়ে
আজ দুই দলই পৌঁছে গিয়েছে মাউন্ট মঙ্গানুইয়ে। ওয়েলিংটন থেকে হার্দিক পাণ্ডিয়ারা টরাঙ্গা পৌঁছানোর পর মাউন্ট মঙ্গানুইয়ে অভিনব অভ্যর্থনা জানানো হয় ভারতীয় দলকে। মাওরি পাউহিরি উপস্থাপনার মাধ্যমে। স্থানীয় লোকসংস্কৃতির রীতি মেনে এই মাওরি পাউহিরিতে থাকে হোয়াইকোরেরো, যেখানে বক্তব্য পরিবেশন করা হয়। থাকে ওয়াইয়াটা বা লোকনৃত্য। কাই বা খাবারের বন্দোবস্ত করা থাকে। মহিলা শিল্পীরা নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন। বর্শার মতো দেখতে একটি বস্তু নিয়ে এক পুরুষ শিল্পী নৃত্যাভিনয় করেন।
অভিনব অভ্যর্থনা
ভারতীয় ক্রিকেটাররা এই অভ্যর্থনা দারুণ উপভোগ করেছেন। এই অভ্যর্থনা অনুষ্ঠানের রীতি মেনে হার্দিক পাণ্ডিয়া, ঈশান কিষাণ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিংরাও মেতে উঠেছিলেন। চিত্তাকর্ষক অনুষ্ঠানের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কুলদীপ যাদব। বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় পোস্টেও বিভিন্ন মুহূর্তের ছবি তুলে ধরা হয়েছে।
|
কম্বিনেশন নিয়ে জল্পনা
ভারতীয় দলের কম্বিনেশন কেমন হবে তা নিয়ে জল্পনা চলছে। ঋষভ পন্থ ওপেন করতে পারেন। আবার ঈশান কিষাণকে দিয়েও ওপেন করানো হতে পারে। এই বিষয়টির উপর নির্ভর করবে দীপক হুডা ও শ্রেয়স আইয়ার দুজনই প্রথম একাদশে থাকবেন কিনা। পন্থ যদি শুভমানের সঙ্গে ওপেন করেন তাহলে দুজনেই থাকতে পারবেন। না হলে হুডাকেই বাইরে থাকতে হতে পারে। পন্থ আর ৩০ রান করলেই একাদশ ভারতীয় হিসেবে টি ২০ আন্তর্জাতিকে ১ হাজার রান করে ফেলবেন। নিউজিল্যান্ডে টি ২০ আন্তর্জাতিক অভিষেক হতে চলেছে শুভমান গিলের। কুলদীপ যাদব নন, প্রথম একাদশে থাকার নিরিখে এগিয়ে যুজবেন্দ্র চাহাল।
ভারতের সম্ভাব্য একাদশ- ঈশান কিষাণ, শুভমান গিল, শ্রেয়স আইয়ার বা দীপক হুডা, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল
|
কেমন দল উইলিয়ামসনদের?
নিউজিল্যান্ডের একাদশের বাইরে থাকতে পারেন মাইকেল ব্রেসওয়েল ও ব্লেয়ার টিকনার। কিউয়িদের সম্ভাব্য একাদশ- ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, অ্যাডাম মিলনেস, লকি ফার্গুসন
— BCCI (@BCCI) November 19, 2022 |
বৃষ্টির আশঙ্কা
মাউন্ট মঙ্গানুইয়ে বে ওভালে একমাত্র টি ২০ আন্তর্জাতিকে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারত। এই মাঠে শেষ টি ২০টি অবশ্য বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। কালও বৃষ্টিপাতের ভালোই সম্ভাবনা রয়েছে। খেলা শুরু হতে খুব একটা সমস্যা না হলেও প্রথম ইনিংসের শেষের দিকে ভালো পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাতে খেলা ভেস্তে যাবে কিনা তা অবশ্য নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ছোট বাউন্ডারি, সেই সঙ্গে ব্যাটিং উইকেটই থাকে। সাতটি টি ২০ ইনিংসে এখানে প্রথম ইনিংসের গড় স্কোর ১৯৯। ফাস্ট বোলারদের তুলনায় এখানে আবার ইকনমি কম স্পিনারদের। সবমিলিয়ে বৃষ্টি না হলে ভালো ম্যাচের সাক্ষী থাকবেন ক্রিকেটপ্রেমীরা।












Click it and Unblock the Notifications