রাহুল-জাদেজা জুটিতে মুম্বইয়ে অস্ট্রেলিয়া-বধ হার্দিকের ভারতের, চিন্তায় রাখল টপ অর্ডার
হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বাধীন ভারত মুম্বইয়ে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৮৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুর দিকে চাপে পড়ে গিয়েছিল ভারত। যদিও লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার অবিচ্ছেদ্য জুটিতে ওঠা শতাধিক রানের সৌজন্যে ভারত জিতল ৫ উইকেটে।

অস্ট্রেলিয়া ১৮৮
আজ টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠিয়েছিলেন হার্দিক। ৩৫.৪ ওভারে ১৮৮ রানেই অল আউট হয়ে যায় স্টিভ স্মিথের নেতৃত্বাধীন দল। শেষ ৬ উইকেট পড়ে ১৯ রানের মধ্যে। মিচেল মার্শ ৮১, জশ ইনগ্লিস ২৬, স্টিভ স্মিথ ২২, মার্নাস লাবুশেন ১৫ ও ক্যামেরন গ্রিন ১২ রান করেন। গ্লেন ম্যাক্সওয়েল, ট্রাভিস হেড, মার্কাস স্টইনিসরা দুই অঙ্কের রানেও পৌঁছতে পারেননি। মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি তিনটি করে, রবীন্দ্র জাদেজা ২টি এবং হার্দিক পাণ্ডিয়া ও কুলদীপ যাদব ১টি করে উইকেট নেন।

ওপেনাররা রান পেলেন না
ভারতের যা ব্যাটিং লাইন আপ তাতে সহজেই জয় আসবে বলে মনে করছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু বাস্তবে তা হয়নি। রোহিত শর্মা পারিবারিক কারণে এই ম্যাচটি খেলেননি। শ্যালকের বিয়ের অনুষ্ঠান সেরে তিনি কাল দলের সঙ্গে যোগ দেবেন। ওপেন করতে নেমে ঈশান কিষাণ ৮ বলে ৩ রান করে স্টইনিসের শিকার হন। অপর ওপেনার শুভমান গিল জীবন পেয়েও ৩১ বলে ২০ রানের বেশি করতে পারেননি।

বিরাট-সূর্যকুমারও ব্যর্থ
ভারতকে চাপে ফেলে দিয়েছিলেন মিচেল স্টার্ক। পঞ্চম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে তিনি তুলে নেন বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবকে। ৯ বলে ৪ রান করে লেগ বিফোর হন বিরাট। পরের বলে লেগ বিফোর সূর্য। বিরাট রিভিউ না নিলেও সূর্য ডিআরএসে জীবন পাওয়ার আশায় ছিলেন। কিন্তু তা হয়নি। ১৬ রানের মাথায় ভারতের এই দুটি উইকেট পড়ে। এর আগে স্টার্কের বলেই ক্যাচ পড়েছিল শুভমান গিলের, তখন তিনি ২ রানে ব্যাট করছিলেন। যদিও ১১.২ ওভারে গিলকে ফেরান স্টার্ক।

অবস্থা সামাল দেন হার্দিক ও রাহুল
ভারত ১০.২ ওভারে ৩৯ রানে চার উইকেট হারিয়ে যখন বেকায়দায় তখন হাল ধরেন অধিনায়ক হার্দিক ও লোকেশ রাহুল। ৮৩ রানের মাথায় ভারতের পঞ্চম উইকেট পড়ে। তিনটি চার ও একটি ছয়ের সাহায্যে ৩১ বলে ২৫ রান করে হার্দিক আউট হন স্টইনিসের বলে গ্রিনের হাতে ক্যাচ দিয়ে। এরপর অবশ্য ভারতকে কোনও উইকেট হারাতে হয়নি। ষষ্ঠ উইকেটে অবিচ্ছেদ্য ১০৮ রানের পার্টনারশিপ গড়েন লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা।

রা-জা জুটিতে জয়
লোকেশ রাহুলের কেরিয়ারের ক্ষেত্রে টার্নিং পয়েন্ট হতেই পারে এদিনের ইনিংস। তিনি এদিন কিপিংও ভালো করেছেন, ঝাঁপিয়ে পড়ে ভালো ক্যাচ ধরেছেন। ব্যাট হাতেও খেললেন দায়িত্বশীল ইনিংস। ৭৩ বলে অর্ধশতরানের পর তিনি সাতটি চার ও একটি ছয়ের সাহায্যে ৯১ বলে ৭৫ রান করে অপরাজিত থাকলেন। ওভাল টেস্টে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে রাহুলকে কিপিং করতে দেখলে অবাক হওয়ার কিছু নেই। রবীন্দ্র জাদেজা পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৬৯ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন।

রবিবার জিতলেই ভারতের দখলে সিরিজ
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সফলতম মিচেল স্টার্ক। তিনি ৯.৫ ওভারে ৪৯ রান দিয়ে তিন উইকেট নেন। একটি মেডেন-সহ ৭ ওভারে ২৭ রান খরচ করে ২টি উইকেট দখল করেন মার্কাস স্টইনিস। গ্লেন ম্যাক্সওয়েল কামব্যাক ম্যাচে ২ ওভারে ৭ রান দেন। শন অ্যাবট ৯ ওভারে ৩১, ক্যামেরন গ্রিন ৬ ওভারে ৩৫ ও অ্যাডাম জাম্পা ৬ ওভারে ৩৭ দিয়ে কোনও উইকেট পাননি। বিশাখাপত্তনমে রবিবার ভারত জিতলেই সিরিজ পকেটে পুরে ফেলবে।












Click it and Unblock the Notifications