দিল্লি টেস্ট জিতে ওয়েস্ট ইন্ডিজকে চুনকাম করল ভারত, রাহুলের অর্ধশতরান, গম্ভীরের জন্মদিনে নজির শুভমানের
প্রত্যাশামতোই ওয়েস্ট ইন্ডিজকে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ করল ভারত। জয়ের জন্য ১২১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ভারতের স্কোর ছিল ১৮ ওভারে ১ উইকেটে ৬৩।
আজ খেলা শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই জয় ছিনিয়ে নিল শুভমান গিলের দল। এদিন সকালে দুটি উইকেট তুলতে সক্ষম হন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা।

দ্বিতীয় উইকেট জুটিতে ৭৯ রান যোগ করেন লোকেশ রাহুল ও বি সাই সুদর্শন। সুদর্শন রস্টন চেজের বলে শেই হোপের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। পাঁচটি চারের সাহায্যে সুদর্শন করেন ৭৬ বলে ৩৯। ভারতের দ্বিতীয় উইকেটটি পড়ে ৮৮ রানে। অধিনায়ক শুভমান গিলও রস্টন চেজেরই শিকার। ১টি করে চার ও ছয়ের সাহায্যে শুভমান ১৫ বলে ১৩ রান করে আউট হন, ১০৮ রানের মাথায় ভারতের তৃতীয় উইকেট পড়ে।
এরপর লোকেশ রাহুল ১০২ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ভারতের ৭ উইকেটে জয় সুনিশ্চিত হয় ৩৫.২ ওভারে। চার মেরে দিল্লি টেস্ট তথা সিরিজ জেতান লোকেশ রাহুল। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে রাহুল অপরাজিত থাকেন ১০৮ বলে ৫৮ রান করে। ধ্রুব জুরেল ১টি চারের সাহায্যে ৬ বলে ৬ রানে অপরাজিত থাকেন। রস্টন চেজ ২টি মেডেন-সহ ৯ ওভারে ৩৬ রান দিয়ে দুটি উইকেট নেন। চারটি মেডেন-সহ ১৫.২ ওভারে ৩৯ রান খরচ করে এক উইকেট পান জোমেল ওয়ারিকান।
অধিনায়ক হিসেবে দেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জিতলেন শুভমান গিল। হেড কোচ গৌতম গম্ভীরের জন্মদিনটাও আজ স্মরণীয় হয়ে থাকল। তিনি হেড কোচ হওয়ার পর নিউজিল্যান্ডের কাছে দেশের মাটিতে লজ্জার সিরিজ হারের সম্মুখীন হতে হয়েছিল। ফলে দেশের মাটিতে টেস্ট সিরিজ জয়ের সরণিতে ফেরাও তাৎপর্যপূর্ণ। বিশেষ করে আগামী মাসেই দেশের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গত সংস্করণের বিজয়ী দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হতে হবে ভারতকে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা দশম টেস্ট সিরিজ জয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৭টি টেস্ট খেলে ভারতের সাফল্যের শতকরা হার বেড়ে হলো ৬১.৯ শতাংশ। তবে তিন নম্বরেই রইলেন শুভমান গিলরা। প্রথম ইনিংসে ৮২ রানে পাঁচটি এবং দ্বিতীয় ইনিংসে ১০৪ রান খরচ করে তিনটি- মোট ৮টি শিকার ঝুলিতে পুরে ম্যাচের সেরার পুরস্কারটি পেলেন কুলদীপ যাদব। সিরিজে ১০৪ রান করার পাশাপাশি ৮ উইকেট নিয়ে সিরিজ সেরার পুরস্কার পেলেন রবীন্দ্র জাদেজা।












Click it and Unblock the Notifications