AUS-A vs IND-A: ব্যর্থ রাহুল-অভিমন্যু, ওপেনিং নিয়ে চিন্তা! জুরেলের ব্যাট লজ্জা বাঁচাল ভারতীয় এ দলের
AUS-A vs IND-A: অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টেও ভেঙে পড়ল ভারতীয় এ দলের ব্যাটিং লাইন আপ। মেলবোর্নের এমসিজিতে টস জিতে ভারতীয় এ দলকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া এ।
প্রথম ওভার থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঋতুরাজ গায়কোয়াড়ের দল। ২.৪ ওভারে ১১ রানের মধ্যে সাজঘরে ফিরে যান চার ব্যাটার।

সবচেয়ে চিন্তা বাড়ালেন ওপেনিং ব্যাটাররা। অস্ট্রেলিয়া সফরে প্রথম তো বটেই, দ্বিতীয় টেস্টেও সম্ভবত নেই রোহিত শর্মা। যশস্বী জয়সওয়ালের সঙ্গে কে ওপেন করবেন সেটাই বড় প্রশ্ন। এই পরিস্থিতিতে লোকেশ রাহুলকে পাঠানো হয়েছে অস্ট্রেলিয়ায়।
ভারতীয় এ দলের হয়ে এদিন রাহুল ওপেন করতে নামেন অভিমন্যু ঈশ্বরণের সঙ্গে। অভিমন্যু টেস্ট দলেও রয়েছেন। অপেক্ষায় অভিষেকের। কিন্তু এদিন প্রথম ওভারের তৃতীয় বলেই তিনি আউট হন খাতা না খুলেই। পরের বলেই সাই সুদর্শনকে ফেরান মাইকেল নেসের।
শূন্য রানে ২ উইকেট পড়ে ভারতের। লোকেশ রাহুল দ্বিতীয় ওভারের তৃতীয় বলে আউট হন। স্কট বোলান্ডের শিকার হন ৪ বলে ৪ রান করে। রাহুলের ফর্ম তাঁর কেরিয়ারকেই সঙ্কটে ফেলে দিচ্ছে। ৬ বলে চার রানের বেশি করতে পারেননি অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়।
চা বিরতির পরেই ভারতীয় এ দলের ইনিংস গুটিয়ে যায় ৫৭.১ ওভারে ১৬১ রানে। তার মধ্যে ৮০ রানই করলেন ধ্রুব জুরেল। ঈশান কিষাণকে এই ম্যাচে খেলানো হচ্ছে না। জুরেলকে পাঠানো হয়েছে রাহুলের সঙ্গেই। তিনি ছয়ে নেমে ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১৮৬ বলে ৮০ রান করেন।
দেবদত্ত পাড়িক্কল ৫৫ বলে ২৬ ও নীতীশ কুমার রেড্ডি ৩৫ বলে ১৬ রান করেন। প্রসিদ্ধ কৃষ্ণ করেন ৩৭ বলে ১৪। তনুশ কোটিয়ান ০, খলিল আহমেদ ১ রান করেন। মুকেশ কুমার অপরাজিত থাকেন ১৪ বলে ৫ রান করে। পাঁচটি মেডেন-সহ ১২.২ ওভারে ২৭ রান দিয়ে চার উইকেট নেন মাইকেল নেসের।
চারটি মেডেন-সহ ৯ ওভারে ১৯ রান দিয়ে তিন উইকেট বিউ ওয়েবস্টারের। স্কট বোলান্ড, কোরে রচ্চিসিওলি ও নাথান ম্যাকসুইনি একটি করে উইকেট নেন। অস্ট্রেলিয়া এ দলের অধিনায়ক ম্যাকসুইনি ভারতের বিরুদ্ধে টেস্টে ওপেন করবেন, তা বোঝা যাচ্ছে। প্রথম আনঅফিসিয়াল টেস্টে তিনি ওপেন করেননি। তবে এই ম্যাচে মার্কাস হ্যারিসের সঙ্গে তিনিই ওপেন করতে নেমেছেন।












Click it and Unblock the Notifications