রাহুল দ্রাবিড় স্ত্রী বিজেতাকে নিয়ে কংক্রিটের গ্যালারিতে, কার খেলা দেখলেন? ভাইরাল ছবি
Rahul Dravid: রাহুল দ্রাবিড় ভারতীয় দলকে নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন। হেড কোচ হিসেবে তাঁর এবং অন্যান্য সাপোর্ট স্টাফদের চুক্তির মেয়াদ ইতিমধ্যেই বৃদ্ধি করেছে বিসিসিআই।
তারই ফাঁকে ভারতীয় দলের হেড কোচের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে, স্ত্রী বিজেতার সঙ্গে কংক্রিটের গ্যালারিতে বসে রয়েছেন দ্রাবিড়।

বিশ্বকাপ ফাইনালে ভারতের পরাজয়ের পর পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন দ্রাবিড়। তবে ক্রিকেট থেকে কীভাবে নিজেকে দূরে রাখতে পারেন? শোনা গিয়েছিল, পরিবারকে সময় দিতে ভারতীয় দলের হেড কোচের পদে আর থাকবেন না। আইপিএলে কোনও দলের দায়িত্ব নিতে পারেন, কিংবা ন্যাশনাল ক্রিকেট আকাদেমি প্রধানের পদে ফিরতে পারেন।
যদিও টি ২০ বিশ্বকাপের আগে কোচ বদলানোর ঝুঁকি নেয়নি বিসিসিআই। ফাইনাল ছাড়া বিশ্বকাপে টানা ১০টি ম্যাচও ভারত জিতেছে। বিসিসিআই কর্তারা দ্রাবিড়ের সম্মতি আদায় করে নিয়েছেন। অস্ট্রেলিয়া সিরিজে ভিভিএস লক্ষ্মণ হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন। তবে দক্ষিণ আফ্রিকায় টি ২০ সিরিজ থেকেই ফের হেড কোচের দায়িত্বে থাকবেন দ্রাবিড়।
India head coach Rahul Dravid and his wife Vijeta watch the proceedings of the Cooch Behar U-16 Trophy match between Karnataka and Uttarakhand at the SDNRW Ground in Mysuru on Friday. Samit Dravid is a part of the squad pic.twitter.com/I7Ww0Eh7TP
— Manuja (@manujaveerappa) December 1, 2023
এরই ফাঁকে দ্রাবিড়কে দেখা গেল কোচবিহার ট্রফির আসরে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা গিয়েছে কখনও মন দিয়ে ম্যাচ দেখছেন। কখনও আবার চোখ মোবাইলে। পাশে বসে স্ত্রী বিজেতা। মাইসুরুতে কোচবিহার ট্রফির ম্যাচ চলছে। অনূর্ধ্ব ১৯ বিভাগের এই টু্র্নামেন্টে কর্নাটক দলে রয়েছে দ্রাবিড়-পুত্র সমিত।
উত্তরাখণ্ডের বিরুদ্ধে ম্যাচে সমিত ৫ ওভার হাত ঘুরিয়ে ২টি মেডেন ওভার করেছে, রান দিয়েছে ১১। উত্তরাখণ্ডের প্রথম ইনিংসে ২৩২ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে কর্নাটক ৫ উইকেটে ৩৬০ রান তুলেছে। পাঁচে নেমে সমিত অপরাজিত আছে ৪৭ বলে ১৯ রানে। একটি করে চার ও ছক্কা হাঁকিয়ে।
হিমাচল প্রদেশের বিরুদ্ধে সমিত ৮৪ বলে ৫৫ রান করার পাশাপাশি ২ উইকেট নিয়েছিল। কর্নাটক সেই ম্যাচে জেতে ৫ উইকেটে। দিল্লির বিরুদ্ধে ৫১ রানের ইনিংস খেলেছিল দ্রাবিড়-পুত্র। সমিত এর আগে ভিনু মাঁকড় ট্রফিতে খেলেছে। দ্রাবিড়ের ছোট ছেলে অন্বয় কর্নাটক অনূর্ধ্ব ১৪ দলের অধিনায়ক।












Click it and Unblock the Notifications