Rahul Dravid: গার্ড অব অনারে ব্যতিক্রমী ভূমিকা দ্রাবিড়ের! 'বেকার' রাহুলকে পেতে সৌরভ-শাহরুখ দড়ি টানাটানি?
Rahul Dravid: ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের পর মজা করে রাহুল দ্রাবিড় বলেছিলেন, আগামী সপ্তাহ থেকে তো বেকার হয়ে যাচ্ছি। কোনও কর্মসংস্থানের অফার আছে?
রবি শাস্ত্রীর পর ভারতীয় দলের হেড কোচ হয়েছিলেন রাহুল দ্রাবিড়। সেই ইনিংসে যবনিকা পতন। এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, দ্রাবিড় এরপর কী করবেন?

রাহুল দ্রাবিড় ভারতীয় দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়ানোর বড় কারণ, পরিবারকে আরও বেশি সময় দিতে চান। সেই সঙ্গে পুত্রদের ক্রিকেট কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও গাইড করতে চান দ্য ওয়াল। ভারতীয় দলের হেড কোচ থাকাকালীনও পুত্রদের খেলা দেখতে মাঠে হাজির থেকেছেন।
তবে তারই মধ্যে আইপিএলের কোনও দলের সঙ্গে যুক্ত হওয়ার পথ খোলাই থাকছে। অন্তত চারটি দল দ্রাবিড়কে অফার করতে পারে বলে খবর। এমনকী আইপিএলে রাহুলকে পাওয়ার ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় ও শাহরুখ খানের মধ্যে দড়ি টানাটানিও হতে পারে বলে সূত্রের খবর।
গৌতম গম্ভীর কেকেআরের মেন্টর পদ ছেড়ে ভারতীয় দলের হেড কোচ হতে চলেছেন। সেই সঙ্গে কেকেআরের কোচিং স্টাফে আরও ভাঙন ধরার সম্ভাবনা রয়েছে। ফলে রাহুল দ্রাবিড়কে মেন্টর করে আনার চেষ্টা চালাতেই পারেন শাহরুখ খান। উল্লেখ্য, দ্রাবিড় ভারতের হেড কোচ হিসেবে বছরে ১২ কোটি টাকা বেতন পেতেন বলে জানা যাচ্ছে।
গৌতম গম্ভীর লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের পদ ছেড়ে কেকেআরে এসেছিলেন। জাস্টিন ল্যাঙ্গারকে কোচ করলেও সঞ্জীব গোয়েঙ্কার দল এখনও কাউকে মেন্টর হিসেবে রাখেনি। এই পরিস্থিতিতে রাহুল দ্রাবিড়ের কাছে যেতে পারে লখনউ সুপার জায়ান্টসের অফারও।
মুম্বই ইন্ডিয়ান্স মার্ক বাউচারকে কোচ করেছে। কিন্তু তাঁর কোচিংয়ে সাফল্য আসেনি। এই পরিস্থিতিতে আগামী আইপিএলের আগে বাউচারকে যদি মুম্বই ইন্ডিয়ান্স সরিয়ে দিয়ে রাহুল দ্রাবিড়কে কোচ করে নিয়ে আসে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। উল্লেখ্য, রাজস্থান রয়্যালসে মেন্টর হিসেবে আগে দেখা গিয়েছে দ্রাবিড়কে।
সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি হিসেবে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন দ্রাবিড়কে ভারতীয় দলের হেড কোচ করার। সৌরভ দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট পদে রয়েছেন। রিকি পন্টিংয়ের কোচিংয়ে আইপিএলে দিল্লি ক্যাপিটালস শুধু ২০২০ সালে ফাইনাল খেলেছি। এর বাইরে উল্লেখযোগ্য সাফল্য নেই।
২০১৬ ও ২০১৭ সালে দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর হিসেবে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে দ্রাবিড়ের। স্বার্থের সংঘাতের কারণেই সেই দায়িত্ব ছেড়েছিলেন। ফলে পুরানো দলে ফের যুক্ত হতেই পারেন দ্রাবিড়, সৌরভের হাত ধরেই।
এদিকে, টি২০ বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর একটি ক্রিকেট আকাদেমিতে গার্ড অব অনার দেওয়া হলো ভারতের বিশ্বকাপজয়ী কোচকে। এই আকাদেমির সঙ্গে বছর সাতেক ধরে দ্রাবিড়ের সম্পর্ক। খুদে ক্রিকেটাররা ব্যাট উপরে নিয়ে দ্রাবিড়কে গার্ড অব অনার দিচ্ছিলেন। দ্রাবিড় এতটাই নম্র স্বভাবের যে, সকলের সঙ্গে হাত মিলিয়ে ব্যাট নামিয়ে রাখতে বলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications