বিরাট কোহলির পাশে রাহুল দ্রাবিড়! ভূয়সী প্রশংসার ফাঁকে জানালেন অন্তরালে থাকার কারণ
জোহানেসবার্গ টেস্ট শুরু কাল। তারই মধ্যে ৩১ ডিসেম্বর রাতে আগুনে ঘৃতাহুতি দিয়েছেন নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান চেতন শর্মা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যকে খণ্ডন করে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে বিরাট কোহলি সাংবাদিক বৈঠকে নয়া বিতর্কের জন্ম দিয়েছিলেন। তারপর তিনি সংবাদমাধ্যমের সামনে স্পিকটি নট! চেতন-বিস্ফোরণের পর অবশ্য ভারতের টেস্ট অধিনায়কের ভূয়সী প্রশংসা করে গোটা বিষয়টিতে অন্য মাত্রা যোগ করলেন রাহুল দ্রাবিড়।
|
বিরাট কবে মুখ খুলবেন?
সেঞ্চুরিয়ন টেস্টের মতো আজও জোহানেসবার্গে প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে পাঠানো হয়নি বিরাট কোহলিকে। এ ব্যাপারে সরাসরি প্রশ্ন করা হয় দ্রাবিড়কে। তিনি বলেন, বিরাটের সাংবাদিক বৈঠকে না আসার পিছনে কোনও নির্দিষ্ট কারণ নেই। এটা আমিও ঠিক করি না। তবে আমাকে বলা হয়েছে, কেপ টাউনে শততম টেস্টে খেলতে নামার আগে সাংবাদিকদের সামনে আসবেন বিরাট। সেখানে তাঁকে শততম টেস্ট নিয়ে যাবতীয় প্রশ্ন সাংবাদিকরা করতে পারবেন।
|
সংঘাতে জড়িয়ে কোহলি!
তবে এতে জল্পনা থামছে না, কারণ আন্তর্জাতিক ম্যাচের আগে বা পরে সাংবাদিক বৈঠকে বেশিরভাগ ক্ষেত্রেই পাঠানো হয় দলের অধিনায়ককে। কিন্তু বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকা সফরের আগে যে সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সেখানে যে বক্তব্য রেখেছিলেন তা নিয়ে নজিরবিহীন সংঘাত দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটে। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, তিনি নিজে বিরাটকে টি ২০ অধিনায়কত্ব ছাড়তে নিষেধ করেন। কিন্তু তারপরও বিরাট নিজের সিদ্ধান্তে অনড় থাকায় নির্বাচকরা চাননি সাদা বলের দুই ফরম্যাটে আলাদা অধিনায়ক থাকুন। যদিও বিরাট পাল্টা দাবি করেন, তাঁকে কেউই অধিনায়কত্ব ছাড়তে নিষেধ করেননি। উপরন্তু তাঁর সিদ্ধান্তকে স্বাগতই জানিয়েছিলেন বোর্ডকর্তারা।

চেতনের দাবিতে নয়া মাত্রা
এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা সফরের একদিনের দল ঘোষণা করতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেতন শর্মা যে দাবি করেন তা মান্যতা দেয় সৌরভের বক্তব্যকেই। চেতন বলেন, আমরা সকলেই কোহলির সিদ্ধান্তে অবাক হই। সকলেই তাঁকে অনুরোধ করেছিলেন, টি ২০ বিশ্বকাপের আগে এই ঘোষণা থেকে সরে আসতে। এতে দলের পারফরম্যান্সে প্রভাব পড়ার আশঙ্কা থেকেই তাঁকে অনুরোধ করা হয়েছিল। তবে তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাই। কিন্তু এটা ঠিক নয় যে, তাঁকে অনুরোধ করা হয়নি। বিশ্বকাপের পর অধিনায়কত্ব নিয়ে আলোচনায় বসার আশ্বাসও দেওয়া হয়। তাছাড়া একদিনের দল ঘোষণার অনেক আগেই তাঁকে জানানো হয় যে, ওয়ান ডে-তে তাঁকে ক্যাপ্টেন রাখা হবে না। টেস্ট দল নির্বাচনের আগেই তাঁকে এ কথা জানানো হয়। সিরিজের মাঝে ঘোষণা হলে তাতে প্রস্তুতির অসুবিধা হতে পারতো। বিরাট ও রোহিতকে পর্যাপ্ত সময়ও দেওয়া হয়েছে।

ভূয়সী প্রশংসা
বিরাটকে নিয়ে এমন জোরালো চর্চার মধ্যেই রাহুল দ্রাবিড় ভারতের টেস্ট অধিনায়কের প্রশংসা করে বলেছেন, বিরাট বিগত ২০ দিন ধরে তাঁকে নিয়ে নানা চর্চার মধ্যেও অভূতপূর্ব ভূমিকা পালন করে চলেছেন। যেভাবে তিনি অনুশীলন করছেন, প্রস্তুত হচ্ছেন, যেভাবে তিনি দলের সকলের সঙ্গে মিশে দল পরিচালনা করছেন তা অসাধারণ। ভালো শুরুর পরও বড় রান আসছে না ঠিকই। কিন্তু সেই বড় রান বেশি দূরে নেই বলেই ধারণা দ্রাবিড়ের।












Click it and Unblock the Notifications