T20 World Cup 2024: বাড়তি পুরস্কার মূল্য ফেরাচ্ছেন দ্রাবিড়, চাইলেন সহকর্মীদের সমান অর্থ, ফের নজির দ্য ওয়ালের
মঙ্গলবার রাতে ভারতীয় দলের নতুন কোচ হিসাবে গৌতম গম্ভীরের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই দ্রাবিড় যুগের সমাপ্তি হয়েছে। কিন্তু বিদায় নেওয়ার পরও নজির সৃষ্টি করছেন দ্য ওয়াল। ফের একবার নিজের মহানুভবতার পরিচয় দিলেন ভারতীয় দলের সদ্য প্রাক্তন হওয়া হেড কোচ। ৫ কোটি নয়, বিসিসিআইয়ের থেকে আড়াই কোটি পুরস্কার মূল্য নেওয়ার সিদ্ধান্ত রাহুল দ্রাবিড়ের।
টি২০ বিশ্বকাপ জেতার পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড ঘোষণা করেছিল গোটা দলকে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার দেওয়া হবে। ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের জন্য ১২৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন বোর্ড সচিব জয় শাহ। ৪ জুলাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই সাফল্য উদযাপনের সময় অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়।

দলের ১৫ জন ক্রিকেটার ৫ কোটি টাকা করে পাবেন। সেই তালিকায় বিরাট কোহলি, রোহিত শর্মারা যেমন রয়েছেন, তেমনই কোনও ম্যাচ না খেলা সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল ও চাহালও রয়েছেন। প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও ৫ কোটি টাকা পাবেন। এছাড়াও দ্রাবিড়ের সহকারীরা আড়াই কোটি টাকা করে পাবেন। কিন্তু সহকর্মীদের থেকে বেশি পুরস্কার নিতে আগ্রহী নন দ্রাবিড়।
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় মহানুভবতার আরেকটি চমৎকার উদাহরণ দিয়েছেন, ৫ কোটি টাকার পুরস্কারের অর্ধেক ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যা তিনি বিসিসিআইয়ের থেকে পাবেন। নগদ পুরস্কারের অর্থ দলের ক্রিকেটার, কোচিং স্টাফ এবং সাপোর্ট স্টাফ সহ সবার মধ্যে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের জন্য বরাদ্দ হয় ৫ কোটি টাকা এবং দলের সহকারী কোচদের আড়াই কোটি টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
দ্রাবিড় বোর্ডকে তার নগদ পুরস্কারের অর্থ ৫ কোটি থেকে কমিয়া আড়াই কোটি করার কথা বোর্ডকে জানিয়েছেন, কারণ তিনি ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচের তুলনায় বেশি টাকা পেতে চাননি। বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, "রাহুল তার বাকি সাপোর্ট স্টাফদের (বোলিং কোচ পারস মামব্রে, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের মতোই একই বোনাস অর্থ(আড়াই কোটি টাকা) চেয়েছিলেন। আমরা তাঁর অনুভূতিকে সম্মান করি।
উল্লেখ্য যে, দ্রাবিড় ২০১৮ সালের ভারতের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের প্রধান কোচ থাকাকালীন একই অবস্থান নিয়েছিলেন। সেই সময়ে, দ্রাবিড়কে ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। সাপোর্ট স্টাফের অন্যান্য সদস্যদের ২০ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা হয়। সূত্র অনুযায়ী. দ্রাবিড় এই ধরনের বিভাজন প্রত্যাখ্যান করেছিলেন, বিসিসিআইকে ডিস্ট্রিবিউশন শতাংশ পরিবর্তন করতে এবং সবাইকে সমানভাবে পুরস্কৃত করতে বাধ্য করেন।












Click it and Unblock the Notifications