বক্সিং ডে টেস্টের আগে বিরাটের প্রশংসায় পঞ্চমুখ দ্রাবিড়
সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামার আগে লাল বলের ক্রিকেটে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির প্রশংসা শোনা গেল রাহুল দ্রাবিড়ের গলায়।

কিছু দিন আগেই ওডিআই ক্রিকেটের অধিনায়কত্ব হারিয়েছেন বিরাট। ফলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সব চোখ থাকবে অধিনায়ক কোহলির পারফরম্যান্সের উপর। বিরাট নিজেও এই মঞ্চকেই ব্যবহার করতে চান অনেক কিছুর জবাব দেওয়ার জন্য।
বক্সিং ডে টেস্টে প্রোটিয়া বাহিনীর বিরুদ্ধে মাঠে নামার আগে দ্রাবিড় বলেছেন, "টেস্ট দলের দৃষ্টিভঙ্গি থেকে আমাদের সিরিজ জিততে হবে। ঘরের বাইরে এটা আমাদের প্রথম কঠিন চ্যালেঞ্জ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রেও এই পয়েন্টগুলো কাজে আসবে। ফলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা মাথায় রাখতে হবে। আমরা আরও উন্নতি করতে চাই। (টেস্টে ভারতীয় দল যে সাফল্য পয়েছে) এতে বিরাটে অনেক অবদান রয়েছে। একজন দুর্দান্ত অধিনায়ক ও। ও তাঁদের একজন যাঁরা টেস্ট ক্রিকেট ভালবাসে।" পাশাপাশি বিরাটের জাতীয় দলে অভিষেকের প্রসঙ্গ এদিন তুলে এনেছেন রাহুল। তাঁর কথায়, "আমি সেখানে ছিল যখন বিরাট কোহলি'র অভিষেক হয়েছিল। ও যখন প্রথম টেস্ট ম্যাচ খেলেছিল তখনও আমি সেখানে ছিলাম এবং ওই ম্যাচে ওর সঙ্গে ব্যাটিং করেছিলাম আমি। শেষ দশ বছরে ও কী ভাবে একজন (সফল) ক্রিকেটার হিসেবে তুলে ধরেছে তা দেখে বেশ ভাল লাগছে। যে ভাবে ও দলকে নেতৃত্ব দিয়েছে তা এক কথায় অনবদ্য। ওর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।"
অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে টেস্ট সিরিজ জিতলেও দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ জয় এখনও অধরা ভারতের। এই বার সেই আক্ষেপ মিটিয়ে ফেলার সুযোগ রয়েছে ভারতের সামনে কারণ যে দক্ষিণ আফ্রিকা দল এই ভারতীয় দলের বিরুদ্ধে খেলবে, সেই দলের অধিকাংশ ক্রিকেটারই অনভিজ্ঞ। ম্যাচের আগের দিন ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে রাহুলের সংযোজন, "এটা দারুণ চ্যালেঞ্জ হতে চলেছে এবং একই সঙ্গে দুর্দান্ত সুযোগও বটে।"
৩ জানুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। ম্যাচটি খেলা হবে জোহানেসবার্গে'র দ্য ওয়ান্ডেরার্স স্টেডিয়ামে। সিরিজের শেষ টেস্ট ভারত এবং দক্ষিণ আফ্রিকা খেলবে কেপ টাউনে। বন্দর শহরের নিউল্যান্ডসে খেলা হবে এই ম্যাচ।
এর পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। তিন ম্যাচে ওডিআই সিরিজের প্রথম দু'টি ম্যাচ খেলা হবে পার্লের বোল্যান্ড পার্কে। শেষ একদিনের ম্যাচটি খেলা হবে কেপ টাউনের নিউল্যান্ডসে।












Click it and Unblock the Notifications