ইডেনের পিচ দেখে শিশিরের খবর নিলেন দ্রাবিড়, রান তাড়াতেই কি সিরিজ ৩-০?
কাল ইডেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্লিন স্যুইপ নিশ্চিত করতে মাঠে নামছে ভারত। জয়পুরের পর রাঁচিতেও রান তাড়া করে জিতেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল। আজ দুই দলই কলকাতায় পৌঁছে আর অনুশীলন করেনি। তবে প্রথম একাদশে নতুনদের সুযোগের সিদ্ধান্ত নেওয়ার আগে ইডেনের পিচ দেখে গেলেন ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়।

এদিন ইডেনে ঢুকে ব্যাটিং কোচ বিক্রম রাঠোরকে সঙ্গে নিয়ে পিচের কাছে পৌঁছে যান দ্রাবিড়। নিজে খুঁটিয়ে দেখেন পিচের চরিত্র। কথা বলেন কিউরেটর সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে। ইডেনের উইকেটে শক্ত ভাব রয়েছে। সলিড উইকেটে ১৬০ রানের বেশি তোলা যাবে বলে জানিয়েছেন কিউরেটর। উইকেট দেখে খুশি ভারতীয় কোচ। নিজে কলকাতায় খেলেছেন। ভারতীয় 'এ' দলের কোচ হয়েও কলকাতায় শিবিরে ছিলেন রাহুল দ্রাবিড়। সেই অভিজ্ঞতা থেকে এদিন পিচ দেখে সুজন মুখোপাধ্যায়কে রাহুল বলেন, আপনি তো বরাবর ভালো পিচই করেন।

তবে টি ২০ বিশ্বকাপের পর চলতি সিরিজের বাকি ম্যাচগুলির মতো ইডেনেও ডিউ ফ্যাক্টর হবে। সুজন মুখোপাধ্যায়ের কাছে দ্রাবিড় জানতে চেয়েছেন শিশির সম্পর্কে বিস্তারিত তথ্য। ইডেনের প্রধান কিউরেটর ভারতীয় কোচকে জানান, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ শিশির পড়তে শুরু করছে। পরের দিকে শিশিরের পরিমাণ বাড়ছে। ফলে এটা নিশ্চিত কালকের ম্যাচে যে দলই টস জিতবে তারা রান তাড়া করার পথেই হাঁটবে। ভারত সিরিজ জিতে গেলেও তিন-শূন্যে সিরিজ-জয়ের চ্যালেঞ্জ রয়েছে। আবার নিউজিল্যান্ড শেষ ম্যাচ জিতে কিছুটা সম্মান পুনরুদ্ধার করতে চাইবে। ঠাসা ক্রীড়াসূচির কারণে ভারতে পরিবেশ, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাওয়া যায়নি বলে জানিয়েছেন কিউয়ি অধিনায়ক টিম সাউদি। তবে শেষ ম্যাচ জিততে সর্বস্ব উজাড় করে ঝাঁপাতে চাইছে কিউয়ি শিবির।

রোহিত শর্মা ও লোকেশ রাহুল গতকাল বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের ওপেনিং জুটির নজির স্পর্শ করেছেন। ভারত ও পাকিস্তানের ওপেনিং জুটি টি ২০ আন্তর্জাতিকে পঞ্চমবার শতরানের পার্টনারশিপ গড়েছে। কাল ইডেনে সেই নজির টপকানোর হাতছানি রয়েছে। কালকের ম্যাচে রোহিত-রাহুল খেললে সূর্যকুমার যাদবের জায়গায় ঋতুরাজ গায়কোয়াড়কে সুযোগ দেওয়া হতে পারে। ঋষভ পন্থকে বিশ্রাম দিয়ে সুযোগ দেওয়া হতে পারে ঈশান কিষাণকে। ভুবনেশ্বর কুমার বা দীপক চাহারকে বাইরে রেখে অভিষেক করিয়ে দেওয়া হতে পারে আবেশ খানের। অক্ষর প্যাটেলের জায়গায় সুযোগ পেতে পারেন যুজবেন্দ্র চাহাল। নিউজিল্যান্ড দলে পরিবর্তনের সম্ভাবনা কার্যত নেই।
Arrival in Kolkata with Team India. #INDvNZ pic.twitter.com/66MIJXrjWd
— BLACKCAPS (@BLACKCAPS) November 20, 2021
এদিকে, করোনা পরিস্থিতিতে রাজ্যে রাত্রিকালীন যে বিধিনিষেধ জারি রয়েছে তা কালকের ম্যাচের জন্য কিছুটা শিথিল করেছে রাজ্য সরকার। ১১টা থেকে জরুরি প্রয়োজন ছাড়া যান চলাচল বা বাইরে ঘোরাফেরায় যে নিষেধাজ্ঞা জারি রয়েছে, ভারত-নিউজিল্যান্ড ম্যাচের জন্য ২ ঘণ্টা ছাড় দেওয়ার ঘোষণা করেছে নবান্ন। দর্শক, খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল, আয়োজক ও ম্যাচের সঙ্গে জড়িতদের কথা ভেবেই রাত ১১টার বদলে ১টা থেকে বিধিনিষেধ জারি থাকবে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications