ভারত দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতি কবে থেকে শুরু করছে? দল নিয়ে কোন বড় সিদ্ধান্তের পথে রা-রা জুটি?
ভারত সফরে এসে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচের টি ২০ সিরিজের জন্য ভারতীয় দলের সকলে রবিবারই পৌঁছে যাচ্ছেন দিল্লিতে। জৈব সুরক্ষা বলয় থাকছে না। দিল্লিতেই ৯ জুন প্রথম টি ২০ আন্তর্জাতিক। তার আগে ভারতীয় দলকে নিতে হবে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

রবিবার দিল্লিতে ভারত
বিসিসিআই সূত্রে জানা যাচ্ছে, রাহুল দ্রাবিড় গোটা সিরিজেই কোচ হিসেবে থাকছেন। ১৯ জুন সিরিজ শেষ হলে তিনি এবং লোকেশ রাহুল, ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়ার ইংল্যান্ডে যাবেন। রোহিত শর্মার অনুপস্থিতিতে লোকেশ রাহুল দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে নেতৃত্ব দেন। সেই সিরিজ ভারত ০-৩ ব্যবধানে হেরে যায়। এমনকী জোহানেসবার্গে বিরাট কোহলির অনুপস্থিতিতে রাহুল নেতৃত্ব দিয়েছিলেন। সেই টেস্টটিতেও ভারত ৭ উইকেটে হেরে গিয়েছিল। ফলে রোহিতের উত্তরসূরী হওয়ার দৌড়ে থাকতে লোকেশ রাহুলের অধিনায়কত্বের বড় পরীক্ষা হতে চলেছে দেশের মাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে।

হার্দিকের ব্যাটিং পজিশন
প্রথমেই ভারতকে যে বড় সিদ্ধান্তটি নিতে হবে তা হলো হার্দিক পাণ্ডিয়াকে ব্যাটিং অর্ডারে তুলে আনা হবে কিনা। এবারের আইপিএলে উপরের দিকে ব্যাট করে হার্দিক দারুণ সাফল্য পেয়েছেন। বেশিরভাগ ব্যাট করেছেন চার নম্বরে, কখনও তিনে। চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের অধিনায়ক পাণ্ডিয়া ৪৮৭ রান করেছেন এবারের আইপিএলে। তিনে শ্রেয়স আইয়ার নামবেন বলেই মনে করা হচ্ছে। চার ও পাঁচ নম্বর জায়গাটি ঋষভ পন্থ ও হার্দিক পাণ্ডিয়ার জন্যই বরাদ্দ থাকবে। তবে কে কোথায় নামবেন সেই সিদ্ধান্তটি নিতে হবে রাহুল-রাহুল জুটিকেই। দীনেশ কার্তিকও দলে রয়েছেন। ফলে তিনিও ফিনিশারের ভূমিকা পালন করতে পারেন। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন অনুযায়ীও ব্যাটিং অর্ডার সাজাতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট।

রাহুলের সঙ্গী কে?
লোকেশ রাহুল নিশ্চিতভাবেই ওপেন করবেন। রোহিত শর্মার অনুপস্থিতিতে তাঁর সঙ্গী কে হবেন তা নিয়ে জল্পনা চলছে। দীনেশ কার্তিক, ঋষভ পন্থ ও ঈশান কিষাণ- এই তিনজন উইকেটকিপার-ব্যাটার প্রথম একাদশে থাকবেন কিনা সেটা স্পষ্ট নয়। রাহুলের সঙ্গে ওপেন করার দৌড়ে রয়েছেন ঈশান ও ঋতুরাজ গায়কোয়াড়। তবে দুজনের কেউই আইপিএলে চেনা ছন্দে ছিলেন না। ঋতুরাজ প্রথমদিকে চূড়ান্ত ব্যর্থ হন। চেন্নাই সুপার কিংসের ওপেনার ৩৬৮ রান করেছেন, গড় ২৬.২৮ এবং স্ট্রাইক রেট ১২৬.৪৬। মুম্বই ইন্ডিয়ান্সে খেলা ঝাড়খণ্ডের ওপেনার কিষাণ ৩২.১৫ গড় ও ১২০.১১ স্ট্রাইক রেটে ৪১৮ রান করেছেন। তবে ডানহাতি-বাঁহাতি ওপেনিং কম্বিনেশনে রাহুলের সঙ্গে ওপেন করতে নামার ব্যাপারে এগিয়ে থাকবেন আইপিএল মেগা নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার কিষাণ।

বোলিং কম্বিনেশন
ভারতের উইকেটগুলি স্পিন সহায়কই হবে। এক্ষেত্রে আইপিএলে দুরন্ত ফর্মে থাকা যুজবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদব প্রথম একাদশে থাকছেনই। জোরে বোলারদের মধ্যে রয়েছেন ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং ও উমরান মালিক। হর্ষল প্যাটেল আইপিএলেও ভালো ইকনমি রেখেছেন, উইকেটও পেয়েছেন। উমরান গতির মাধ্যমে ব্যাটারদের বিব্রত রেখে ২২টি উইকেট পেয়েছেন। তবে উমরান ও আবেশের ইকনমি রেট আইপিএলে মোটেই ভালো ছিল না, তাঁরা উইকেট পেলেও প্রচুর রান দিয়েছেন। ভুবনেশ্বর কুমার ও অর্শদীপ সিং ডেথ ওভার-সহ বিভিন্ন ম্যাচে নিয়ন্ত্রিত বোলিং করেছেন। এই পরিস্থিতিতে কোন দুই পেসার ভারতীয় একাদশে ঠাঁই পান সে ব্যাপারেও বিরাট সিদ্ধান্ত নিতে হবে কোচ-অধিনায়ক তথা রা-রা জুটিকে।












Click it and Unblock the Notifications