জনি বেয়ারস্টো কি খেলতে পারবেন আইপিএলে? ইসিবি-র দিকে তাকিয়ে পাঞ্জাব কিংস
পায়ের অস্ত্রোপচারের পর ট্রেনিং শুরু করেছেন জনি বেয়ারস্টো। যদিও ইংল্যান্ডের তারকা আইপিএলে খেলতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশায় পাঞ্জাব কিংস।
জনি বেয়ারস্টো কি পুরো আইপিএলে খেলতে পারবেন? নাকি পরের দিকে কয়েকটি ম্যাচে খেলবেন? ইংল্যান্ডের তারকা উইকেটকিপার তথা ওপেনিং ব্যাটারকে নিয়ে এইসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সবুজ সঙ্কেতের দিকে অধীর আগ্রহে তাকিয়ে পাঞ্জাব কিংস।

আইপিএলে খেলবেন বেয়ারস্টো?
আইপিএল শুরু হবে ৩১ মার্চ। অর্থাৎ আর সপ্তাহ তিনেক দেরি। কিন্তু বেয়ারস্টোকে নিয়ে ধোঁয়াশা কাটছে না। গত ২ সেপ্টেম্বর বাঁ পা ভেঙেছিল বেয়ারস্টোর। গোড়ালি ডিসলোকেট হয়েছিল। খন ইংল্যান্ড টেস্ট সিরিজ খেলছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তৃতীয় তথা শেষ টেস্টের আগে বেয়ারস্টো পা ভেঙে ছিটকে যান। খেলতে পারেননি টি ২০ বিশ্বকাপেও। ইয়র্কশায়ারে বন্ধুদের সঙ্গে গল্ফ খেলতে গিয়ে পা পিছলেই বিপত্তি! ফিবুলায় একাধিক ফ্র্যাকচার ধরা পড়ে। ভালোরকম চোট লেগেছিল লিগামেন্টেও। কয়েকদিন পর অস্ত্রোপচারের মাধ্যমে একটি প্লেট বসাতে হয়েছে। এখন বেয়ারস্টো আরোগ্যলাভের পথে। ট্রেনিংও শুরু করেছেন। যদিও কতদিনে মাঠে ফিরতে পারবেন তা স্পষ্ট নয়।

সেপ্টেম্বর থেকে মাঠের বাইরে
ইংল্যান্ডের টি ২০ দলে জস বাটলারের ওপেনিং পার্টনার টি ২০ বিশ্বকাপ ছাড়াও খেলতে পারেননি পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও বাংলাদেশ সফরে। আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে আইএল টি ২০-তেও মাঠে নামতে পারেননি বেয়ারস্টো। ইসিবি যদিও জানিয়েছিল, বেয়ারস্টো আইপিএলে খেলতে পারবেন। পাঞ্জাব কিংসের মেডিক্যাল স্টাফদের সঙ্গে নিয়মিত যোগাযোগও রেখেছেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। পাঞ্জাব কিংস শিবির অবশ্য এখনও বেয়ারস্টোকে পাওয়ার বিষয়ে আশাবাদী। তবে ইসিবির তরফে সরকারিভাবে কোনও বার্তা দেওয়া হয়নি। তাতে স্পষ্ট হবে তিনি আইপিএলে খেলতে পারবেন কিনা, তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কোন পদ্ধতিতে চলবে।

পায়ের অস্ত্রোপচারের পর ট্রেনিং শুরু
বেয়ারস্টো যদি খেলতে না পারেন তাহলে পরিবর্ত ক্রিকেটারদের সম্ভাব্য তালিকায় তৈরি রেখেছে পাঞ্জাব কিংস। কিন্তু যেহেতু ইসিবির তরফে কোনও বার্তা মেলেনি, ফলে কাউকে নিতেও পারছে না। রানিং ট্র্যাকে দৌড়ানোর ভিডিও গত ২৭ ফেব্রুয়ারি সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন বেয়ারস্টো। প্রত্যাশিতভাবেই তিনি ফিট হওয়ার দিকে এগিয়ে চলেছেন বলে জানা যাচ্ছে। জুনে অ্যাশেজ সিরিজে তাঁর খেলা নিয়ে সংশয় নেই। তবে অ্যাশেজের কথা মাথায় রেখেই বেয়ারস্টো আইপিএলে খেললেও সব ম্যাচে খেলবেন কিনা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ইসিবির দিকে তাকিয়ে পাঞ্জাব কিংস
বেয়ারস্টো চোট পাওয়ার আগে দুরন্ত ফর্মে ছিলেন। ২০২২ সালে তিনি ১০টি টেস্টে ১০৬১ রান করেছেন। সেই সময় তিনিই ছিলেন ওই বছর ইংল্যান্ডের সর্বাধিক রান সংগ্রহকারী। বছর শেষ করেন তালিকার চতুর্থ স্থানে থেকে। তবে টেস্টে ৬টি শতরান করেছিলেন, যা ওই বছরে সর্বাধিক। ২০২২ সালের মেগা নিলাম থেকে ৬.৭৫ কোটি টাকায় বেয়ারস্টোকে কেনে পাঞ্জাব কিংস। তিনি ১১টি ইনিংসে ২৫৩ রান করেন। গড় ২৩, স্ট্রাইক রেট ১৪৪.৫৭। দুটি অর্ধশতরানও করেন। পাঞ্জাব কিংস অপেক্ষায় ইসিবির তরফে সবুজ সঙ্কেতের। এই দলে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন ও স্যাম কারানও আছেন। লিভিংস্টোন হাঁটুর চোট সারিয়ে আইপিএলে নামার জন্য প্রস্তুত। গত ডিসেম্বরে নিলাম থেকে ১৮.৫০ কোটি টাকায় স্যাম কারানকে কিনেছে পাঞ্জাব কিংস। কারান আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার।












Click it and Unblock the Notifications