লিডস টেস্টে অবিশ্বাস্যভাবে ইংল্যান্ডকে বেকায়দায় ফেলার বিরাট রণকৌশল পূজারার
লিডস টেস্টে প্রথম ইনিংসে ভারত পিছিয়ে পড়েছিল ৩৫৪ রানে। তাও আবার টস জিতে প্রথম ইনিংসে ৭৮ রানে অল আউট হয়ে। কাল টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন নতুন বলে শুরু করবেন ইংল্যান্ডের পেসাররা। কিন্তু আজকের মতো যদি ভারতীয় ব্যাটসম্যানরা খেলতে পারেন তাহলে ফ্ল্যাট উইকেটেও জো রুটদের বেকায়দায় ফেলতে পারে ভারত। অন্তত তৃতীয় দিনের শেষে বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা অপরাজিত থেকে ইংল্যান্ডের স্বস্তির ঘুম নষ্ট করে দিলেন।

তৃতীয় দিনে লড়াইয়ে ভারত
৩৫৪ রানে প্রথম ইনিংসে পিছিয়ে পড়ার পর ঠিক যেরকম ব্যাটিং দরকার ছিল সেটাই এদিন করল ভারত। যার জেরে দ্বিতীয় ও তৃতীয় সেশন পুরোপুরিভাবে দাপট দেখাল বিরাট কোহলির দল। দিনের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ২১৫। ১৮০ বল খেলে ১৫টি চারের সাহায্যে ৯১ রানে অপরাজিত আছেন চেতেশ্বর পূজারা। অধিনায়ক বিরাট কোহলিও বড় রানের আশা জাগাচ্ছেন। ৬টি চারের সাহায্যে ৯৪ বলে ৪৫ রানে অপরাজিত আছেন ভারত অধিনায়ক। ইতিমধ্যেই বিরাট ও পূজারা তৃতীয় উইকেট জুটিতে ৯৯ রান যোগ করেছেন।

পূজারা শতরানের দোরগোড়ায়
২০১৯ সালের জানুয়ারিতে শেষবার টেস্ট শতরান করেছিলেন চেতেশ্বর পূজারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি টেস্টে। দুই বছর পর ফের টেস্টে শতরান পেতে তাঁর আর দরকার ৯ রান। লিডসে শতরান সম্পূর্ণ করলে সেটি হবে ওই শতরানের পর ৩৬তম ইনিংসে। পূজারার ১৮টি শতরানের মধ্যে পাঁচটি করে শতরান ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কাল শতরান পূর্ণ করলে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর ষষ্ঠ শতরান হবে, কেরিয়ারের ১৯তম টেস্ট শতরান পাবেন দীর্ঘ প্রতীক্ষার পর। শ্রীলঙ্কার বিরুদ্ধে চারটি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি এবং একটি করে শতরান রয়েছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ইংল্যান্ডের মাটিতে তিনি দ্বিতীয় শতরানের দোরগোড়ায়। আজকের খেলা শেষ হওয়া অবধি পূজারার স্ট্রাইক রেট ৫০.৫৫। রোহিত শর্মা বা বিরাট কোহলির চেয়েও বেশি! ২০২০-২১ মরশুমে আট টেস্টে ৪০৪ রান করেছিলেন পূজারা। সর্বাধিক ছিল ৭৭। গড় ২৮.৮৫। স্ট্রাইক রেট ছিল ৩২। চারটি অর্ধশতরান করেছিলেন, দুবার শূন্যে আউট হন। কিন্তু ইংল্যান্ড সফরে গিয়ে চার টেস্টে এদিনের ইনিংসের পর পূজারার রান হল ১৮৫, সর্বাধিক এদিনের অপরাজিত ৯১। গড় ৩০.৮৩। স্ট্রাইক রেট ৩১.৮৪।

ছন্দে বিরাট
পূজারার মতো বিরাট কোহলিও শতরানের আশা জাগাচ্ছেন। আজ যেভাবে তিনি মাঠজুড়ে শট খেলেছেন তাতে ছন্দে ফেরার ইঙ্গিত মিলেছে। বিরাট কোহলি গত ফেব্রুয়ারি মাসে টেস্টে শেষ অর্ধশতরান করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধেই। কাল অর্ধশতরান করলে সেটি আসবে আগের হাফ সেঞ্চুরির পর নবম ইনিংসে। শেষ শতরান করেছিলেন ২০১৯ সালের নভেম্বরে কলকাতায় বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্টে। তারপর ১৮টি টেস্ট ইনিংসে ব্যাট করলেও শতরানের মুখ দেখেননি। আর ৫৫ রান করলে বিরাট পেয়ে যাবেন টেস্ট কেরিয়ারের ২৮তম শতরান।

ভারতের জয়ের সম্ভাবনা!
সুনীল গাভাসকর-সহ ক্রিকেট ধারাভাষ্যকাররা এই টেস্টেও ভারতের জয়ের আশা দেখতে পাচ্ছেন। তাঁদের কথায় সব কিছুই সম্ভব। ভারত প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসে যে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছে তাতে দেড়শো থেকে ১৮০ রানের লিড নিলে ইংল্যান্ডের কাজ সহজ হবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। যদিও কালকের প্রথম কিংবা দ্বিতীয় সেশনই স্পষ্ট করে দিতে পারে ম্যাচ কোন দিকে গড়াবে। উইকেটে এখনও ব্যাটিং সহায়ক। ফলে নতুন বল সামলে নিতে পারলেই কাজ সহজ হয়ে যাবে ভারতের। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নিয়েছেন অলি রবিনসন ও ক্রেগ ওভার্টন। লোকেশ রাহুল ৮ রানে ওভার্টনের শিকার হন লাঞ্চের আগে। চা বিরতির পর রোহিত শর্মাকে ৫৯ রানে ফেরান রবিনসন। স্যাম কারান ৯ ওভারে ৪০ রান এবং জেমস অ্যান্ডারসন ১৯ ওভারে ৫১ রান খরচ করে কোনও উইকেট পাননি। মঈন আলি ও জো রুট মিলে ১৭ ওভার করেও বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারার জুটি ভাঙতে পারেননি।
After rather two difficult days, a very good day for India at Leeds today.
— VVS Laxman (@VVSLaxman281) August 27, 2021
A valiant display of mental strength and grit from @cheteshwar1 Pujara , a solid start from @ImRo45 and @imVkohli looking very very good as well. Looking forward to an exciting day tomorrow.#IndvsEng pic.twitter.com/PnMex5VcpR












Click it and Unblock the Notifications