Cheteshwar Pujara: রঞ্জিতে সর্বাধিক দ্বিশতরানের রেকর্ড স্পর্শ পূজারার, পিছনে ফেলে দিলেন লারার কীর্তি
Cheteshwar Pujara: বেঙ্গালুরু টেস্টে ধরাশায়ী হয়েছে ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দুটি টেস্ট বাকি। তারপর অস্ট্রেলিয়ায় রয়েছে পাঁচটি টেস্ট।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সঙ্গে ইল্যান্ডে পাঁচটি টেস্ট ধরলে আগামী এক বছরে ভারতকে অনেকগুলি টেস্ট খেলতে হবে। ভারতীয় টেস্ট দলে প্রত্যাবর্তনের স্বপ্ন নিয়ে ফের জ্বলে উঠল চেতেশ্বর পূজারার ব্যাট।

পূজারা রাজকোটে হাঁকালেন দুরন্ত দ্বিশতরান। ছত্তিশগড়ের সঙ্গে সৌরাষ্ট্রের ম্যাচটি ড্র হয়ে গিয়েছে। সৌরাষ্ট্র অল আউট হয়নি। ফলে দুই দলই এক পয়েন্ট করে পেল। ছত্তিশগড় ৭ উইকেটে ৫৭৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছিল। জবাবে খেলা শেষের আগে সৌরাষ্ট্র ৮ উইকেটে ৪৭৮ রান তোলে।
ছত্তিশগড়ের হয়ে ২০৩ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক আমনদীপ খাড়ে। সঞ্জিত দেশাই করেছিলেন ১৪৬। সৌরাষ্ট্রের হয়ে ডাবল সেঞ্চুরি পূজারার। অর্পিত ভাসাভড়া ৭৩ ও শেল্ডন জ্যাকলন ৬২ করেন। পূজারা একাই করেন ২৩৪। তিনে নেমে খেলেন ৩৮৩টি বল, ২৫টি চার ও ১টি ছয় মেরেছেন।
রঞ্জিতে প্রথম ম্যাচে পূজারা সাফল্য পাননি। তামিলনাড়ুর বিরুদ্ধে ১৬ ও ০ রানে আউট হয়েছিলেন। কিন্তু ছত্তিশগড় ম্যাচের দ্বিশতরান নিশ্চিতভাবেই তাঁর আত্মবিশ্বাস বাড়াল। এই নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে পূজারা ১৮তম তথা রঞ্জিতে নবম দ্বিশতরান পেলেন।
রঞ্জি ট্রফিতে পরশ ডোগরারও ৯টি ডাবল সেঞ্চুরি রয়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বাধিক দ্বিশতরানের রেকর্ডটিও নিজের দখলে নিলেন পূজারা। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর তিনটি দ্বিশতরান আছে। প্রথম শ্রেণির ক্রিকেটে পূজারা ১৮তম দ্বিশতরান হাঁকিয়ে পিছনে ফেলে দিলেন হার্বার্ট সাটক্লিফ ও মার্ক রামপ্রকাশকে। দুজনেরই ১৭ করে দ্বিশতরান রয়েছে।
প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বাধিক দ্বিশতরান রয়েছে ডন ব্র্যাডম্য়ানের, ৩৭টি। ওয়ালি হ্যামন্ড ৩৬টি ও এলিয়াস হেনরি হেন্ড্রেন ২২টি দ্বিশতরানের মালিক। পূজারা চলে এলেন চার নম্বরে। এই ম্যাচেই তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে ২১ হাজার রান পূর্ণ করে ফেললেন।
এদিনের শতরানের সৌজন্যে পূজারা পিছনে ফেলে দিলেন ব্রায়ান লারাকেও। এই নিয়ে পূজারা প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৬তম শতরানটি পেয়ে গেলেন। ব্রায়ান লারার প্রথম শ্রেণির ক্রিকেটে ৬৫টি শতরান রয়েছে। ভারতীয়দের মধ্যে সচিন তেন্ডুলকর ও সুনীল গাভাসকরের রয়েছে সর্বাধিক ৮১টি করে শতরান। প্রথম শ্রেণির ক্রিকেটে শতরানের নিরিখে পূজারার সামনে দ্বিতীয় স্থানে রাহুল দ্রাবিড় ৬৮টি)। বিজয় হাজারের ৬০ ও ওয়াসিম জাফরের ৫৭টি শতরান আছে প্রথম শ্রেণির ক্রিকেটে।












Click it and Unblock the Notifications