India vs Bangladesh: পূজারা-শ্রেয়সের পার্টনারশিপে ভর করে ঘুরে দাঁড়াল ভারত, জোর টক্কর বাংলাদেশের
চট্টগ্রামে ভারত-বাংলাদেশ প্রথম টেস্টে তুল্যমূল্য লড়াই। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ভারত তুলেছে ৬ উইকেটে ২৭৮।
মধ্য়াহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ছিল ২৬ ওভারে ৩ উইকেটে ৮৫। চা বিরতিতে হয় ৪ উইকেটে ১৭৪। দিনের শেষে ৬ উইকেটে ২৭৮-এ ভারত পৌঁছতে পারল চেতেশ্বর পূজারা ও শ্রেয়স আইয়ারের পার্টনারশিপের দৌলতে।

৭ রানের ব্যবধানে তিন উইকেট
ওপেনার লোকেশ রাহুল ২২, শুভমান গিল ২০ ও বিরাট কোহলি ১ রানে আট হন। সাত রানের ব্যবধানে ভারতের তিনটি উইকেট তুলে নেয় বাংলাদেশ। ওপেনিং জুটি ভেঙেছিল ৪১ রানে। ৪৮ রানে পড়ে তৃতীয় উইকেট। আক্রমণাত্মক ব্যাটিং করে প্রত্যাঘাত চালানোর চেষ্টা করেন ঋষভ পন্থ। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে তিনি ৪৫ বলে ব্যক্তিগত ৪৬ রানে আউট হন। ফলে ভারতের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১১২।
|
পূজারা-শ্রেয়স জুটি
এরপর চেতেশ্বর পূজারার সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন শ্রেয়স আইয়ার। ১২৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন চেতেশ্বর পূজারা। শ্রেয়স নেন ৯৩টি বল। চা বিরতির পর তৃতীয় সেশনে ভারত দুটি উইকেট হারায়। পূজারা ও শ্রেয়সের জুটিতে ওঠে ১৪৯ রান। ৮৪.২ ওভারে দলগত ২৬১ রানের মাথায় আউট হন পূজারা। তাঁকে বোল্ড করে দেন তাইজুল ইসলাম। ১১টি চারের সাহায্যে ২০৩ বলে পূজারা করেন ৯০।
|
ভাগ্যের সহায়তা
তবে তার আগে ভাগ্যের দারুণ সহায়তা পান শ্রেয়স আইয়ার। ভারতীয় ইনিংসের ৮৪তম ওভারে বল করতে আসেন ইবাদত হোসেন। দ্বিতীয় বলের পর খেলা কয়েক মিনিট বন্ধ থাকে। একটি জিং বেল ভেঙে যাওয়ায় সেটিকে বদলাতে হয়। এই ওভারের পঞ্চম বলটির মোকাবিলা করছিলেন শ্রেয়স। বল উইকেটে গিয়ে লাগলেও বেল পড়েনি। তখন আউট হলে শ্রেয়স ফিরতেন ৭৭ রানে। নন স্ট্রাইকিং এন্ডে তখন ৯০ রানে ব্যাট করছিলেন পূজারা। তিনি এর পরের ওভারের দ্বিতীয় বলেই আউট হন।
|
দিনের শেষে
দিনের শেষ বলটিতে অক্ষর প্যাটেল আউট হন। মেহেদি হাসান মিরাজের বলে তিনি লেগ বিফোর হন। ২৬ বলে ১৪ রান করেন অক্ষর। ১০টি বাউন্ডারির সাহায্যে ১৬৯ বলে ৮২ রান করে অপরাজিত রয়েছেন শ্রেয়স আইয়ার। তিনি ছয় নম্বরে ব্যাট করতে নেমেছেন। এখনও রবিচন্দ্রন অশ্বিন ছাড়াও ব্যাট করতে নামবেন কুলদীপ যাদব, উমেশ যাদব ও মহম্মদ সিরাজ। ভারত নিশ্চিতভাবেই চাইবে তিনশো পার করে অন্তত সাড়ে তিনশো রান তুলে ফেলে বাংলাদেশকে চাপে রাখতে। বাংলাদেশের বোলারদের মধ্যে সফলতম তাইজুল ইসলাম। ৮টি মেডেন-সহ ৩০ ওভারে ৮৪ রানের বিনিময়ে তিনি শুভমান গিল, বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারাকে আউট করেছেন। চারটি মেডেন-সহ ১৮ ওভারে ৭১ রান দিয়ে ২টি উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। খালিদ আহমেদ পান একটি উইকেট। সম্ভবত চোটের কারণেই ঝুঁকি না নিয়ে ১২ ওভারের বেশি হাত ঘোরাননি অধিনায়ক শাকিব আল হাসান। চারটি মেডেন ওভার, দিয়েছেন ২৬ রান।












Click it and Unblock the Notifications