শেষ মুহুর্তে পদক বির্সজনের সিদ্ধান্ত বদল, কেন্দ্রকে চূড়ান্ত সময়সীমা কুস্তিগীরদের
দিন ভর টান টান উত্তেজনা। গঙ্গাপুজোর দিনই গঙ্গায় পদক বির্সজনের ঘোষণা করেছিলেন আন্দোলনকারী কুস্তিগীররা। সন্ধ্যায় ঘোষিত কর্মসূচি পালনের লক্ষ্যে হরিদ্বার পৌঁছে গিয়েও আপাতত সিদ্ধান্ত স্থগিদ রাখলেন বজরং পুনিয়া-সাক্ষী মালিকরা। কেন্দ্রকে পাঁচ দিনের চূড়ান্ত সময়সীমা বেধে দিলেন আন্দোলনকারীরা।
মঙ্গলবার সন্ধ্যায় হরিদ্বারের গঙ্গার ঘাটে পদক নিয়ে পৌঁছে যান কুস্তিগীররা। বার বার কান্নায় ভেঙে পড়েন পদকজয়ীরা। শেষ পর্যন্ত আসরে নামেন কিষান মোর্চা। মঙ্গলবার কুস্তিগিরদের সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন কৃষক আন্দোলনের নেতা নরেশ টিকায়েত। তারপরেই এই সিদ্ধান্ত নেন সাক্ষীরা। এমনকি, তাঁদের সমস্ত পদক আপাতত নিজের কাছেই রেখেছেন কৃষক নেতা।

VIDEO | Sakshi Malik, Vinesh Phogat, Sangeeta Phogat and other wrestlers reach Haridwar to immerse their medals in Ganga river. pic.twitter.com/Pf7h2WMbJ7
— Press Trust of India (@PTI_News) May 30, 2023
শেষ পর্যন্ত আগামী পাঁচ দিন তাঁরা সরকারকে সময় দিয়েছেন।এরমধ্যে গ্রেফতার করতে হবে অভিযুক্ত ব্রিজ ভূষণ শরণ সিংকে। কেন্দ্রীয় সরকার কোনও পদক্ষেপ গ্রহণ না করলে বড় আকারে যে আন্দোলনে যাবেন কুস্তিগীররা তাও এক প্রকার স্পষ্ট।

মঙ্গলবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনীল কুম্বলেও বিক্ষোভকারীদের পাশে দাঁড়ালেন। ভারতীয় দলের প্রাক্তন কোচ, "২৮ মে আমাদের কুস্তিগীরদের সঙ্গে যা ঘটেছিল তাতে বেশ হতাশ হয়েছি। আলোচনার মাধ্যমে যে কোনো কিছুর সমাধান হতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের আশা করছি।"
এর আগে ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান দেশের আন্দোলনরত কুস্তিগিরদের সমর্থন জানিয়েছেন। সৌরভ গঙ্গোপাধ্যায় সাক্ষীদের বিষয়টি নিয়ে মুখ খুললেও সাবধানী মন্তব্য করেছেন। দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে পদক আনা কুস্তিগিরদের পুলিশ মারলেও সচিন তেন্ডুলকর থেকে রাহুল দ্রাবিড়রা এই বিষয়ে মুখ খোলেননি।

মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলনে কুস্তিগীরদের আন্দোলনের প্রতি সমর্থনের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা কুস্তিগীরদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছি। আগামীকাল ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে একটি মিছিল করা হবে। যাতে অংশ নেবেন বাংলার ক্রীড়াবিদরা। হাজরা মোড় থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত হবে এই মিছিল। মিছিলের সময় অরূপ বিশ্বাস জানিয়ে দেবেন।'












Click it and Unblock the Notifications