Champions Trophy: ওডিআইতে দুই পেসারের প্রত্যাবর্তন, বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা দলে সুযোগ পেলেন কারা?
অস্ট্রেলিয়ার পর এবার দক্ষিণ আফ্রিকা। সোমবার সকালে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্যাট কামিন্সের নেতৃত্বে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে অজিরা। কয়েক ঘণ্টার মধ্যেই প্রোটিয়া ব্রিগেডও আইসিসির মেগা ইভেন্টের জন্য প্রাথমিক দল ঘোষণা করে দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
১৫ সদস্যের দক্ষিণ আফ্রিকার দলকে নেতৃত্ব দেবেন তেম্বা বাভুমা। প্রোটিয়া দলের ১৫ জন সদস্যের মধ্যে ১০ জন গত একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনালিস্ট দলের সদস্য ছিলেন। ভিয়ান মুল্ডার, টনি ডি জর্জি ও রায়ান রিকেলটন প্রথমবার বড়দের আইসিসি ইভেন্টে অংশ নেবেন। প্রোটিয়া একদিমের দলে দুই পেসারের প্রত্যাবর্তন হয়েছে। আনরিখ নরকিয়া এবং লুঙ্গি এনগিদি। দলের ভারসাম্য বৃদ্ধি করতে নেওয়া হয়েছে কয়েক জন তরুণ ক্রিকেটারকে।

আনরিখ নরকিয়ার মতোই চোট কাটিয়ে দলে ফিরেছেন এনগিডিও। ৬২ একদিনের ম্যাচে ৯৬ উইকেট পাওয়া এই পেসার সর্বশেষ একদিনের ম্যাচ খেলেছেন ২০২৪ অক্টোবরে আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর চোটের কারণে পাকিস্তান সিরিজে খেলতে পারেননি। কিন্ত চোট কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা করে নিলেন প্রোটিয়া পেসার। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত দক্ষিণ আফ্রিকা দল থেকে বাদ পড়়েছেন জেরাল্ড কোয়েটজি। ২০২৩ সালে তিনি ওডিআই বিশ্বকাপে দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন।
চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে। গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকা দল ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে সেমিফাইনালে উঠে। ২০২৪ সালের টি২০ বিশ্বকাপে রানার্স হয়েছিল। সম্প্রতি প্রোটিয়ারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠেছে। ফলে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা ফেভারিটের তকমা নিয়েই নামবে। তবে আইসিসি ইভেন্টে চোকার্স তকমা রয়েছে প্রোটিয়াদের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকারক স্কোয়াড- তেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, হেইরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, আনরিখ নরকিয়া , কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, শামসি, ত্রিস্টান স্টাবস ও রসি ফন ডার ডুসেন।












Click it and Unblock the Notifications