Prithvi Shaw: কাউন্টি অভিষেকে প্রত্যাশা পূরণে ব্যর্থ পৃথ্বী, আউট হলেন অদ্ভুতভাবে, দেখুন ভিডিও
Prithvi Shaw: পৃথ্বী শ-র সময়টা মোটেই ভালো যাচ্ছে না। ভারতীয় দলে কামব্যাকের লক্ষ্যে কাউন্টি খেলতে গিয়েছেন। ভিসা সমস্যার কারণে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুটি চারদিনের ম্যাচে নামতে পারেননি। যদিও খেললেন গতকাল ওয়ান ডে কাপের ম্যাচ।
গ্লুচেস্টারশায়ারের বিরুদ্ধে নর্দাম্পটনশায়ারের হয়ে ৩৪ রান করেই সাজঘরে ফিরলেন। আউট হওয়ার ধরনটাও অদ্ভুত। সে কারণে সেই ভিডিও ভাইরালও হয়েছে।

নর্দাম্পটনশায়ারের সামনে জয়ের জন্য টার্গেট ছিল ৫০ ওভারে ২৭৯ রানের। পৃথ্বী শ ওপেন করতে নামেন। ৯.৩ ওভারে ৩০ রানে পাঁচ উইকেট পড়ে যায়। উইকেটের একটা প্রান্ত আগলেই রেখেছিলেন পৃথ্বী। ষোড়শ ওভারটি করতে যান পল ভ্যান মিকেরেন। এই ওভারের শেষ বলটি ছিল বাউন্সার।
সেই বাউন্সারে পুল মারতে গিয়েছিলেন পৃথ্বী। তবে ব্যাটে-বলে সংযোগ ঘটেনি। শরীরের ভারসাম্য বজায় রাখতে না পেরে পড়ে যান। উইকেটের বেলও পড়ে যায়। ফলে ২টি চার ও একটি ছয়ের সাহায্যে ৩৫ বলে ৩৪ রানের ইনিংস খেলেই প্যাভিলিয়নে ফিরতে হয় পৃথ্বীকে। নর্দাম্পটনশায়ারের ষষ্ঠ উইকেটের পতন ঘটে ৫৪ রানে। ৪৮.১ ওভারে ২৫৫ রানে অল আউট হয়ে যায় তারা।
HIT WICKET!!!! 🚀
— Gloucestershire Cricket (@Gloscricket) August 4, 2023
Paul van Meekeren with a fierce bumper that wipes out Prithvi Shaw who kicks his stumps on the way down. What a delivery! Shaw goes for 34.
Northants 54/6.#GoGlos 💛🖤 pic.twitter.com/EMYD30j3vy
আটে নামা টম টেলরের ১১২ ও সাতে ব্যাট করতে নামা লুইস ম্যাকমানাসের ৫৪ রান সত্ত্বেও ২৩ রানে হারে নর্দাম্পটনশায়ার। পৃথ্বী ২০২১ সালের পর কোনও ম্যাচেই ভারতের একাদশে জায়গা করতে পারেননি। শ্রীলঙ্কা সফরে খেলেছেন শেষবার। এরপর জাতীয় দলে ডাক পেলেও একাদশে ঠাঁই হয়নি। ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড বা এশিয়ান গেমসের দলেও স্থান পাননি পৃথ্বী।

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়েও ব্যর্থ হন। দলীপ ট্রফিতে চারটি ইনিংসে একটিতে অর্ধশতরান করেছেন। ইংল্যান্ডে খেলার জন্য দেওধর ট্রফিতে নামেননি। চলতি বছর চেতেশ্বর পূজারা (সাসেক্স), অজিঙ্ক রাহানে (লেস্টারশায়ার), অর্শদীপ সিং (কেন্ট) ও নভদীপ সাইনি (ওরচেস্টারশায়ার)-র পর পঞ্চম ভারতীয় হিসেবে কাউন্টি খেলছেন পৃথ্বী। কেন্টের হয়ে খেলতে দেখা যেতে পারে বিজয় শঙ্করকেও।












Click it and Unblock the Notifications