ইংল্যান্ড সিরিজ থেকে তিন ক্রিকেটার ছিটকে যেতেই ডাক পড়ল পৃথ্বী-সূর্যকুমারের, টেস্ট দলে অভিমন্যু
চোটের কারণে ইংল্যান্ড সিরিজ থেকে শুভমান গিল, ওয়াশিংটন সুন্দর ও আবেশ খানের ছিটকে যাওয়ার কথা অবশেষে জানাল বিসিসিআই। পরিবর্ত ক্রিকেটার হিসেবে পাঠানো হচ্ছে পৃথ্বী শ ও সূর্যকুমার যাদবকে। স্ট্যান্ডবাই হিসেবে দলের সঙ্গে থাকা বাংলার অভিমন্যু ঈশ্বরনকে টেস্ট দলে নেওয়া হয়েছে। ফলে এই প্রথম বাংলা থেকে ভারতীয় টেস্ট দলে তিন ক্রিকেটার।

ডাক পেলেন পৃথ্বী-সূর্যকুমার
আজই বোর্ডের তরফে মেল করে এ কথা জানানো হয়েছে। ২৯ জুলাই ইংল্যান্ডে যাওয়ার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। ওইদিনই শ্রীলঙ্কায় ভারতের শেষ টি ২০ ম্যাচ রয়েছে। সেই ম্যাচ খেলে পৃথ্বী ও সূর্য ইংল্যান্ডে যাবেন কিনা তা এখনও পরিষ্কার নয়। ট্রেন্টব্রিজে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট ৪ অগাস্ট থেকে। পৃথ্বী শ শেষ টেস্টটি খেলেছিলেন গত বছর অ্যাডিলেডে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বলে। আইপিএলে ভালো খেলার পর একদিনের সিরিজেও হতাশ করেননি। তবে গতকাল টি ২০ অভিষেকে প্রথম বলেই বোল্ড হন। গোল্ডেন ডাক-এর সাক্ষী থাকার পরদিনই ফের টেস্ট দলে ডাক পেলেন পৃথ্বী।

নজরে সূর্য
৩০ বছরের সূর্যকুমার যাদব অবশ্য দেশের হয়ে টেস্ট খেলেননি। গত বছর আইপিএলের পর থেকেই তিনি জাতীয় দলের ঢোকার দাবি জোরালো করেন। গত মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে টি ২০ অভিষেকের পর চলতি শ্রীলঙ্কা সফরে একদিনের সিরিজে তাঁর ওয়ান ডে অভিষেক হয় এবং সিরিজ সেরার পুরস্কারটিও পান। ২০২০ সালের আইপিএলের পর থেকে মোট ৩৮টি ইনিংসে তিনি ১৩২৩ রান করেছেন। একটি শতরান ও ১০টি অর্ধশতরান করেছেন। গতকাল টি ২০ ম্যাচেও তিনি ঝোড়ো হাফ সেঞ্চুরি করেন। মুম্বইয়ের হয়ে মিডল অর্ডারে ঘরোয়া ক্রিকেটেও সফল সূর্য। ২০১৯-২০ মরশুমে ১০টি ইনিংসে ৫০৮ করেছিলেন, ৫৬.৪৪ গড় রেখে। দুটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিও করেছিলেন। সূর্য ৭৭টি প্রথম শ্রেণির ম্যাচের মধ্যে ৭১টিই খেলেছেন রঞ্জি ট্রফিতে। ২০১১-১২ মরশুমে ভারতীয় এ দলের হয়ে খেলেছিলেন। শিখর ধাওয়ান সম্প্রতি বলেন, দারুণ টেকনিকের অধিকারী হওয়ায় সূর্য লাল বলের ক্রিকেটে সুযোগ পেলেও সফলই হবেন। ইংল্যান্ডে ভারতকে মিডল অর্ডার ভোগাচ্ছে। প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা তা পরিষ্কার হবে পরে। কিন্তু নেটে নিজেকে আরও উন্নত করার সুযোগ পেতে চলেছেন সূর্য।

চোট নিয়ে
ভারতীয় দলের যাঁরা টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন তাঁদের বিষয়ে বোর্ড জানিয়েছে, শুভমান গিলের বাঁ পায়ের নীচের দিকে শিনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলাকালীন চোট লাগে। স্ক্যানে তা ধরা পড়ার পর দেশে ফিরে এসেছেন গিল। ভারতের সঙ্গে কাউন্টি সিলেক্ট একাদশের হয়ে খেলতে নামা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর সিরাজের বলে চোট পান। ইঞ্জেকশন নিয়েও ব্যথা না কমায় তিনি বোলিং করতে পারছেন না। তাই তিনিও খেলতে পারবেন ইংল্যান্ড সিরিজে। ওই প্রস্তুতি ম্যাচেরই প্রথম দিন হনুমা বিহারীর শট রুখতে গিয়ে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান আবেশ খান। এক্স-রে করার পর ফ্র্যাকচার নিশ্চিত হতেই তিনিও ছিটকে গিয়েছেন সিরিজ থেকে। আবেশ স্ট্যান্ডবাই হিসেবে দলের সঙ্গে ছিলেন।

বাংলার ৩
করোনা জয় করে এসে ঋষভ পন্থ ভারতীয় দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন। আইসোলেশনে থাকার পর দলের সঙ্গে যোগ দিয়েছেন ঋদ্ধিমান সাহা, অভিমন্যু ঈশ্বরন ও বোলিং কোচ ভরত অরুণ। তিন ক্রিকেটারের পরিবর্ত হিসেবে মূল দলে নেওয়া হয়েছে পৃথ্বী, সূর্য ও ঈশ্বরনকে। অভিমন্যু ঋদ্ধি ও শামির সঙ্গে দলে যোগ দেওয়ায় টেস্ট ক্রিকেটে এই প্রথম একসঙ্গে বাংলার তিন ক্রিকেটার।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট দল- রোহিত শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্ক রাহানে (সহ অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লোকেশ রাহুল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), অভিমন্যু ঈশ্বরন, পৃথ্বী শ, সূর্যকুমার যাদব।
স্ট্যান্ডবাই ক্রিকেটার- প্রসিদ্ধ কৃষ্ণ, অর্জন নাগওয়াসওয়ালা
(ছবি- অভিমন্যু ঈশ্বরনের ফেসবুক)












Click it and Unblock the Notifications