টি২০ বিশ্বকাপ ম্যাচ প্রিভিউ : বেঙ্গালুরুতে ভারত-বাংলাদেশ টক্কর
বেঙ্গালুরু, ২২ মার্চ : ইডেনে গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলেছে মহেন্দ্র সিং ধোনির ভারত। এবার আরও দুটি ম্যাচ জিতে সেমিফাইনালের রাস্তা পরিষ্কার করতে চাইছে টিম ইন্ডিয়া। [টি২০ বিশ্বকাপ ২০১৬-র সম্পূর্ণ সূচী]
বুধবার বেঙ্গালুরুতে টি২০ বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামছে ভারত। এখন যা অবস্থা তাতে এই ম্যাচ জিতে পরের ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতলেই সরাসরি সেমিফাইনালে পৌঁছে যাবেন বিরাট কোহলিরা।

নাগপুরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ হারার পরই বেশ চাপে পড়ে গিয়েছিল ভারত। তবে পাকিস্তান ম্যাচে জয় খানিক মুক্ত বাতাস বয়ে এনেছে টিমের অন্দরে। বুধবার বাংলাদেশকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের দিকে পা বাড়াতে পয়েন্ট টেবলে উপরের দিকে উঠতে চাইছে ভারত।
নেট রান রেটে এখনও খানিকটা পিছিয়েই রয়েছেন ধোনিরা। এর পরের ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে যা জিততেই হবে। তার আগে বাংলাদেশ ম্যাচ বড় ব্যবধানে জিতে রান রেট শুধরে নিতে মরিয়া টিম ম্যানেজমেন্ট।
এই ম্যাচে ফেভারিট হিসাবেই শুরু করবে ভারত। বাংলাদেশের যা অবস্থা তাতে কার্যত মাশরাফি মোর্তাজারা অঙ্কের বিচারে টুর্নামেন্টের বাইরে চলে গিয়েছেন। ভারতকে হারাতে পারলে অঙ্কের হিসাবে ভেসে থাকবেন। যদিও সম্ভাবনা যথেষ্ট কম।
ভারতের জন্য একমাত্র চিন্তা ওপেনিংয়ে শিখর ধাওয়ান ও রোহিতে ফর্ম। অন্যদিকে ব্যাট হাতে সুরেশ রায়নার ফর্মও নিম্নমুখী। যা চিন্তার কারণ ভারতের। তবে যা খবর, তাতে গত ম্যাচের অপরিবর্তিত দল নিয়েই বাংলাদেশকে মাত দিতে চিন্নস্বামী স্টেডিয়ামে নামবে ভারত। এখন দেখার কতোটা ধ্বংসাত্মকভাবে জিতে এগিয়ে যায় ধোনিবাহিনী।












Click it and Unblock the Notifications