দলের সেরা অস্ত্রকে ছাড়াই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ
পরের পর ম্যাচ হেরে বিধ্বস্ত মুম্বই ইন্ডিয়ান্স মঙ্গলবার ঘরের মাঠে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ঘরের মাঠে জয়ের ছন্দে ফিরতে চাইছে মুম্বই। অন্য দিকে, জয়ের ছন্দে ফিরতে মরিয়া সানরাইজার্সও।
পরের পর ম্যাচ হেরে বিধ্বস্ত মুম্বই ইন্ডিয়ান্স মঙ্গলবার ঘরের মাঠে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। দু'টি দলই নিজেদের শেষ ম্যাচে হারের মুখ দেখেছে। শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। অন্য দিকে, চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে।

এখনও পর্যন্ত চলতি আইপিএলে পাঁচটি ম্যাচ খেলেছে মম্বইয়ের দলটি। যার মধ্যে চারটি ম্যাচেই হারতে হয়েছে গত বারের চ্যাম্পিয়নদের। জয় এসেছে মাত্র একটি ম্যাচে। গত ম্যাচে জেতার জায়গা থেকেও বোলারদের ব্যর্থতায় ম্যাচ হারতে হয়েছে মুম্বইকে। এই পরিস্থিতিতে সানরাইজার্স হায়দরাবাদের সামনে মুম্বইকে যে কঠিন লড়াইয়ে পড়তে হবে তা আর বলার অপেক্ষা রাখে না।
তবে গত ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হারতে হলেও দলে পরিবর্তন আনতে নারাজ মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্ট। একই দল ধরেই কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধে মাঠে নামতে তৈরি বাণিজ্য নগরীর দলটি।
অন্য দিকে, শুরুতে ছন্দে থাকা সানরাইজার্স হায়দরাবাদ হঠাৎই ছন্দ হারিয়েছে শেষ দু'টি ম্যাচে। প্রথম তিনটি ম্যাচে দাপোট দেখানো হায়দরাবাদকে চলতি আইপিএলে প্রথম হারের মুখ দেখতে হয় কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে। পরের ম্যাচে হায়দরাবাদের দলটি হারে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে হারতে হলেও সমর্থকদের মন জিতে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদের খেলা।
সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, পিঠের চোটের কারণে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দলের প্রধান পেসার ভুবনেশ্বর কুমারের সার্ভিস পাবে না উইলিয়ামসনের দল। শুধু ভুবিই নন, পুরনো চোট বাধা হতে পারে শিখর ধবনের সার্ভিস পাওয়ার ক্ষেত্রেও। গত ম্যাচে কনুইয়ের চোটে খেলতে পারেননি শিখর। তাঁর জায়গায় সুযোগ পাওয়া রিকি ভুই রানের খাতা না খুলেই ফিরে যান প্যাভিলিয়নে।
ফলে মুম্বইয়ের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে শিখরকে খেলানোর চেষ্টা চলছে পুরো দমে। কিন্তু কতটা সেই চেষ্টায় সফলতা পান সানরাইজার্স ফিজিওরা সেটাই এখন দেখার। একান্তই যদি শিখর খেলতে না পারেন সেক্ষেত্রে তাঁর জায়গায় শুরু করতে পারেন বাংলার শ্রীবৎস গোস্বামী।












Click it and Unblock the Notifications