আইপিএলের অন্যতম দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে আজ চেন্নাইয়ের চিন্তা বোলারদের ফর্ম
ঘরের মাঠে আজ দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে মাঠে নামছে চেন্নাই সুপার কিংস। দিল্লির বিরুদ্ধে দলে বেশ কয়েকটি পরিবর্তন আনতে পারে চেন্নাই। ম্যাচ প্রিভিউতে জেনে নিন কেমন তৈরি দুই দল
সোমবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে দিল্লি ডেয়ারডেভিলসের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। একটি দলগত ম্যাচেই হেরেছে লিগ টেবিলের এক দম নীচে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবং অপর দলটি একাধিক সমস্যা কাটিয়ে জয়ের মুখ দেখেছে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। প্রথম দলটি চেন্নাই সুপার কিংস এবং দ্বিতীয়টি দিল্লি ডেয়ারডেভিলস। চলতি আইপিএলে এই দুই দলের সফর সম্পূর্ণ ভিন্ন।

২০১৮ আইপিএল এখন মাঝ পর্যায়। টুর্নামেন্টের মধ্যগগণে ৭ ম্যাচ থেকে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। জয় পেয়েছে পাঁচটি ম্যাচে এবং হার দু'টি ম্যাচে। দুই বছর নির্বাসন কাটিয়ে আইপিএলের মঞ্চে ফিরলেও একটুও ফিকে হয়নি চেন্নাই সুপার কিংসের ফর্ম।

তবে, দিল্লির বিরুদ্ধে নামার আগে চেন্নাইকে চিন্তায় রাখছে গত ম্যাচের বিপর্যয়। নিজেদের কাজটা গত ম্যাচে নিজেরাই কঠিন করে ফেলে ছিল ধোনি, রায়নার দল। বিশেষ করে বোলাররা মাঝের ওভারে এবং ডেথ ওভারে যে ভাবে ঝুড়ি ঝুড়ি রান খরচ করেছেন সেখানেই শেষ হয়ে যায় চেন্নাইয়ের ম্যাচ জয়ের আশা। আর এতেই বিপর্যয়। হারতে হয় লিগ টেবিলের তলানিতে থাকা মুম্বই ইন্ডিয়ান্সের কাছে সোমবার লিগের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে তাই দলে তিনটি পরিবর্তন করছেন চেন্নাই অধিনায়ক।


অন্য দিকে, চেন্নাইয়ের প্রতিপক্ষ দিল্লি ডেয়ারডেভিলসও তৈরি প্রবলতর প্রতিপক্ষের বিরুদ্ধে সম্মুখ সমরে। এখনও পর্যন্ত চলতি আইপিএলে মোট সাতটি ম্যাচ খেলেছে দিল্লি। সাতটির মধ্যে জয় এসেছে মাত্র দু'টি ম্যাচ। হারতে হয়েছে পাঁচটি ম্যাচে। সাত ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শেষে রয়েছে দিল্লি। তবে ,দিল্লিকে ভরসা জোগাচ্ছে কেকেআর এর বিরুদ্ধে পাওয়া জয়।

নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে গত ম্যাচেই জয়ে ফিরেছে দিল্লি। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সকে তারা হারায় ৫৫ রানে। আর এই একটা জয়ই বদলে দিয়েছে গোটা দিল্লির আত্মবিশ্বাস এবং শরীরী ভাষা। দিল্লি টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, ক্রমাগত হারের পর জয়ের রাস্তায় ফেরা দলে কোনও পরিবর্তন আনতে নারাজ অধিনায়ক শ্রেয়স আইয়ার। একই দল ধরেই চেন্নাই বধ করতে বদ্ধপরিকর তিনি।












Click it and Unblock the Notifications