(প্রিভিউ) দ্বিতীয় টেস্ট : কিউয়িদের বিরুদ্ধে ইডেনে নামছে 'টিম কোহলি'
কলকাতা, ২৯ সেপ্টেম্বর : শুক্রবার ইডেন গার্ডেন্সে দেশের মাটিতে ২৫০তম ম্যাচ খেলতে নামছে বিরাট কোহলির দল। ঘরের মাঠে ১২টি ম্যাচ ধরে অপরাজিত টিম ইন্ডিয়া চাইছে এই ম্যাচে জিতে এককভাবে টেস্টে এক নম্বর জায়গা দখল করতে। তাহলে তিন টেস্টের সিরিজও একইসঙ্গে দখলে চলে আসবে। ফলে দ্বিতীয় টেস্টে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে জেতার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন কোহলি, অশ্বিনরা।
দেশের মাঠে গত ১২টি ম্যাচে ১০টিতে জিতেছে ভারতীয় দল, ২টি টেস্ট ড্র হয়েছে। তার আগে ইংল্যান্ডের কাছে দেশের মাঠে ১-২ ব্যবধানে সিরিজ হারতে হয়েছিল ভারতকে। তখন অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

দেশের মাঠে মোট ১৩টি টেস্ট ম্যাচ খেলার কথা ভারতের। ফলে ইডেন টেস্টে এক নম্বরে চলে এলে এবং পারফরম্যান্স ধরে রাখতে পারলে আগামী বহুদিন টেস্টে একনম্বরেই থাকবে বিরাট কোহলির দল।
এই সিরিজের শুরুতে পাকিস্তানের থেকে টেস্ট ক্রমতালিকায় পিছিয়ে ছিল ভারত। কানপুরে টেস্ট জিতে যুগ্মভাবে ক্রমতালিকায় একনম্বরে রয়েছে ভারতীয় দল। অধিনায়ক কোহলি চাইবেন কলকাতা টেস্ট জিতে এককভাবে শীর্ষে পৌঁছতে।
ইডেনের উইকেট কানপুরের থেকে আলাদা হবে। কানপুরে যেভাবে স্পিনাররা সাহায্য পেয়েছে, ইডেনে সেটা হবে না। পিচে আর্দ্রতা রয়েছে। তার উপরে এই ম্যাচ দিয়েই মরশুম শুরু হচ্ছে। ফলে পিচে বল বেশি ঘুরবে না। সেক্ষেত্রে কানপুর টেস্টের মতো কোহলি চার বোলার নিয়ে মাঠে নামলে বেশি ঝুঁকি হয়ে যেতে পারে।
সেক্ষেত্রে পেস বোলার নয়, চতুর্থ ও পঞ্চম দিনের কথা ভেবে একজন বাড়তি স্পিনার ভারত খেলাতে পারে। দলে ঢুকতে পারেন অমিত মিশ্র। তবে কাকে বসাবেন কোহলি সেটা লাখ টাকার প্রশ্ন। এদিকে ওপেনিংয়ে যেমন কেএল রাহুলের চোটের কারণে দলে এসেছেন গৌতম গম্ভীর। ফলে শিখর ধাওয়ানকে বসিয়ে কোহলি গম্ভীরকে খেলান কিনা সেটাও দেখার বিষয়।
এদিকে ভারতের একনম্বর স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনের হাতের মাঝের আঙুলে চোট রয়েছে। যা চিন্তার কারণ হতে পারে কোহলির জন্য। এই টেস্টেও ভালো ফল করতে হলে অশ্বিনের ফিট থাকা জরুরি। বোলিংয়ের নেতৃত্ব তাঁরই হাতে রয়েছে।
সবমিলিয়ে ম্যাচের সকালবেলায় চূড়ান্ত একাদশ নিয়ে সিদ্ধান্ত নেবেন কোচ অনিল কুম্বলে ও অধিনায়ক কোহলি। মহালয়ার সকালে ইডেনে টিম ইন্ডিয়া নিউ ডিল্যান্ড বধ করতে কোন একাদশ নিয়ে নামে এখন সেটাই দেখার।
ভারতীয় দল
বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, মুরলী বিজয়, গৌতম গম্ভীর, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, অমিত মিশ্র, রবিচন্দ্রণ অশ্বিন, উমেশ যাদব
নিউ জিল্যান্ড দল
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডাগ ব্রেসওয়েল, মার্ক ক্রেগ, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাটহ্যাম, জেমস নিশম, হেনরি নিকোলস, লিউক রঞ্চি, মিচেল স্য়ান্টনার, ইশ সোধি, রস টেলর, নিল ওয়াগনার, বিজে ওয়াল্টিং












Click it and Unblock the Notifications