দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে কোহলির দলে থাকার সম্ভাবনা কম, এক নজরে সম্ভাব্য একাদশ, পিচ-আবহাওয়ার খবর
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ম্যাচে কোহলির দলে থাকার সম্ভাবনা কম, এক নজরে সম্ভাব্য একাদশ, পিচ-আবহাওয়ার খবর
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের শেষ ম্যাচটি ভারত খেলবে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। এই ম্যাচে ভারতীয় দলের লক্ষ্য থাকবে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করা। এক নজরে দেখে নিন এই ম্যাচে সম্ভাব্য একাদশ, পিচ রিপোর্ট, আবহাওয়ার খবর এবং দুই দলের হাল হকিকত।

বিরাট কোহলিকে বিশ্রাম দিতে পারে ভারত:
বিভিন্ন রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে বিরাট কোহলিকে তৃতীয় টি-২০ ম্যাচে বিশ্রাম দিতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সোমবার সকালে গুয়াহাটি থেকে মুম্বই উড়ে গিয়েছেন বিরাট কোহলি। বিসিসিআই-এর এক আধিকারিকের কথা অনুযায়ী, তৃতীয় টি-২০ ম্যাচে খেলবেন না বিরাট। রবিবার সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ২৮ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন বিরাট কোহলি। শেষ বার কোহলি বিশ্রাম নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই এবং টি-২০ সিরিজে। শুধু কোহলি একাই নন, একাধিক পরিবর্তন হতে পারে ভারতের দলে।

দক্ষিণ আফ্রিকা:
ভারতের বিরুদ্ধে ইতিমধ্যেই টি-২০ সিরিজ পরাজিত হয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে, বিশ্বকাপের আগে কখনওই ভারতীয় দলের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা নিতে চাইবে না প্রোটিয়ারা। তেম্বা বাভুমার দল তৃতীয় টি-২০ ম্যাচ জেতার জন্য মরিয়া হয়ে থাকবে এবং সেরা একাদশকেই নামাবে এমনটাই প্রত্যাশিত। পাশাপাশি বিশ্বকাপের আগে চপ অর্জার কেমন খেলে সেই দিকেও নজর থাকবে প্রোটিয়া টিম ম্যানেজমেন্টের।

আবহাওয়া:
ইন্দোরে মঙ্গলবার (৩ অক্টোবর) সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে ৫১ শতাংশ। ১৮ কিমি/ঘণ্টা বেগে বাতাস বইবে, বৃষ্টির সম্ভাবনা ১৩ শতাংশ। এক কথায় আবহাওয়া গুমট থাকবে।

পিচ রিপোর্ট:
হোলকার স্টেডিয়ামের মাঠ সব সময়েই ব্যাটিং সহায়ক উইকেট উপহার দিয়ে এসেছে। ভারতের অন্যতম ছোট মাঠগুলির মধ্যে এটি একটি। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই মাঠে সর্বোচ্চ রান ২৬০/৫। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই রান তুলে ছিল ভারত, এই ম্যাচে ৪৩ বলে ১১৮ রান করেছিলেন রোহিত শর্মা। এখনও পর্যন্ত দু'টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ এই স্টেডিয়ামে খেলা হয়েছে যার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল জিতেছে একটি এবং দ্বিতীয় ব্যাটিং করা দল জিতেছে একটি। প্রথম ইনিংসে গড় রান ২০১ এবং দ্বিতীয় ইনিংসে গড় রান ১৫৮।

ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক, শাহবাজ আহমেদ, হর্ষল প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, দীপক চাহার, মহম্মদ সিরাজ

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ:
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), তেম্বা বাভুমা (অধিনায়ক), রেজা হেনড্রিক্স, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েন পারনেল, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, আনরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি












Click it and Unblock the Notifications