ভারতের বিরুদ্ধে সেরা দুই অস্ত্র কার্যত হাতছাড়া ইংল্যান্ডের,এক নজরে দুই শিবির সহ আবহাওয়ার খবর ও সম্ভাব্য একাদশ
ভারতের বিরুদ্ধে সেরা দুই অস্ত্র কার্যত হাতছাড়া ইংল্যান্ডের,এক নজরে দুই শিবির সহ আবহাওয়ার খবর ও সম্ভাব্য একাদশ
বৃহস্পতিবার টি ২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং ইংল্যান্ড। এই ম্যাচের গুরুত্ব সম্পর্কে উভয় দলই ওয়াকিবহল এবং সেই মতোই দুই শিবির নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে।

ভারত:
সুপার ১২-এ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জয় নিয়ে গ্রুপ ২-এর শীর্ষ দল হিসেবে ভারত সেমিফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করেছে। চলতি টি ২০ বিশ্বকাপে ভারতের এই সাফল্যের অন্যতম কারণ বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের ছন্দে থাকা। বিরাট এই প্রতিযোগীতার এখনও পর্যন্ত সর্বোচ্চ সংগ্রহকারী, দ্বিতীয় স্থানেই রয়েছেন সূর্যকুমার। ভারতীয় দলে পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই একমাত্র উইকেটরক্ষকের পজিশন ছাড়া। জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে ভারত খেলিয়েছিল ঋষভ পন্থকে কিন্তু তার আগের চার ম্যাচে প্রথম উইকেটরক্ষক হিসেবে দলে খেলেছেন দীনেশ কার্তিক। দীনেশ এবং পন্থের মধ্যে কে দলে সুযোগ পাবে ইংল্যান্ডের বিরুদ্ধে সেটাই দেখার। যদিও ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা জানিয়েছেন ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিকের মধ্যে যে কেউ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেন। দুই জনই রয়েছে চিন্তায় ভাবনায় নির্বাচনের ক্ষেত্রে। ফিনিশার হিসেবে দীনেশ কার্তিকই প্রথম পছন্দ ভারতের। ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে অনুশীলনে রোহিত শর্মা এবং বিরাট কোহলি চোট পেলেও তাঁদের চোট গুরুতর নয়। ব্যাটিং লাইন এবং বোলিং লাইনে পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

ইংল্যান্ড:
গ্রুপ ১-এর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে ইংল্যান্ড। তবে, ভারতের বিরুদ্ধে নামার আগে চোট সমস্যায় জর্জরিত ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ড পাবে না দলের সেরা পেসার মার্ক উডকে পেশির চোটের কারণে ছিটকে গিয়েছেন উড, তাঁর পরিবর্তে এই ম্যাচে খেলার সম্ভাবনা বেশি রয়েছে ক্রিস জর্ডানের। এখনও ডেভিড মালানের চোটের কী অবস্থা তা সম্পর্কে কোনও নির্দিষ্ট খবর নেই। তবে, সমস্ত প্রতিকূলতা সরিয়ে এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না ইংল্যান্ড। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বলেছেন, "দেখুন সত্যি বলতে ভারত বনাম পাকিস্তান ফাইনাল ম্যাচ হোক এটা আমরা চাই না। ফলে আমরা সব রকম ভাবে চেষ্টা করব যাতে এই ম্যাচ হওয়া থেকে আটকানো যায়। ভারত যথেষ্ট শক্তিশালী দল। দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পারফর্ম করে আসছে ভারতীয় দল কারণ দলের সেই গভীরতা এবং সেই ধরনের ক্রিকেটাররা রয়েছে। দারুণ সব ক্রিকেটার রয়েছে লাইনআপে।"

পিচ রিপোর্ট:
অ্যাডিলেডের মাঠ বরাবরই ব্যাটিং সহায়ক। এই ম্যাচের পুরোটাই সুবিধা পাবেন ব্যাটসম্যানরা এই উইকেট থেকে। অস্ট্রেলিয়ার ব্যাটিং সহায়ক পিচগুলির মধ্যে এটিকে অন্যতম মনে করা হয়। তবে, বোলাররা যদি দক্ষতার প্রমাণ দিতে পারেন তা হলে তাঁদের জন্যও এই ম্যাচে প্রাণ রয়েছে। বিশেষ করে ইনিংসের শুরুর দিকে। এর জন্য সঠিক লাইন এবং লেন্থে বোলিং করতে হবে। এই মাঠে সোজাসুজি বাউন্ডারি বড়। অ্যাডিলেডে প্রথম ইনিংসে গড় রান ১৬৫। দ্বিতীয় ব্যাটিং করা দলের উইনিং পার্সেন্টটেজ এই পিচে খুব একটা ভাল নয়। দ্বিতীয় ব্যাটিং করা দল এই পিচে মাত্র ৪০ শতাংশ ক্ষেত্রে জয় পেয়েছে।

আবহাওয়ার খবর:
বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেডে তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রাত্রে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দিনের বেলায় সকালের দিলে আকাশে মেঘ থাকবে দুপুর বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের মুখ দেখা যাবে। দক্ষিণ পশ্চিম দিকে বাতাস বইবে ১৫ কিমি/ঘণ্টা থেকে ২৫ কিমি/ঘণ্টা বেগে। বৃষ্টিপাতের সম্ভাবনা ৮ থেকে ১৮ শতাংশ। বাতাসে আপেক্ষিক আদ্রতা থাকবে ৭৩ থেকে ৮২ শতাংশ।

ভারতের সম্ভাব্য একাদশ:
কে এল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, অর্শদীপ সিং

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:
জস বাটলার (অধিনায়ক এবং উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ফিলিপ সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুকস, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, ক্রিস জর্ডান












Click it and Unblock the Notifications