উইনিং কম্বিনেশন ভাঙার কোনও পরিকল্পনা নেই ভারতের, রাহুল ফিরলে কোপ পড়তে পারে হুডা বা কিষাণের উপর
উইনিং কম্বিনেশন ভাঙার কোনও পরিকল্পনা নেই ভারতের, রাহুল ফিরলে কোপ পড়তে পারে হুডা বা কিষাণের উপর
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোয়াইটওয়াশের ধাক্কা কাটিয়ে উঠেছে ভারতীয় দল। রোহতি শর্মার দক্ষ অধিনায়কত্বে ঘরের মাঠে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ছয় উইকেটে হারিয়েছে ভারত। যুজবেন্দ্র চহাল এবং ওয়াশিংটন সুন্দর-এই দুই স্পিনারের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে ধস নামাতে কোনও সমস্যাই হয়নি ভারতের। সহজেই এসেছে জয়। দুই স্পিনার ছাড়াও ফর্মে রয়েছেন বোলিং লাইনের অন্যান্যরাও। ব্যাট হাতে বিরাট কোহলি বাদে মোটমুটি রান পেয়েছেন প্রত্যেকেই। সিরিজের দ্বিতীয় এক দিনের ম্যাচে সাফল্যের সেই ধারাই বজায় রাখতে বদ্ধপরিকর ভারতী দল।

মোটামুটি যা খবর তাতে উইনিং কম্বিনেশন ভাঙতে নারাজ রোহিত শর্মা। দ্বিতীয় ওডিআই ম্যাচে তাঁর সঙ্গে ওপেন করার কথা ঈশান কিষানের। প্রথম ম্যাচে ২৮ রান করেছিলেন এই বামহাতি ব্যাটসম্যান। দ্বিতীয় ওডিআই-তে খেলার জন্য প্রস্তুত কে এল রাহুল। ফলে দেখার বিষয় হবে যে কর্নাটকের এই ব্যাটসম্যান অধিনায়ক রোহিতের সঙ্গে ওপেন করে নাকি তুলনামূলক স্লো উইকেটে মিডল অর্ডারে খেলেন। ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচে অংশ নিতে পারেননি রাহুল। রাহুল যদি ওপেন করেন তা হলে ঝাড়খন্ডের কিষাণকে অগ্রজর জন্য জায়গা ছেড়ে দিতে হবে। তবে, রাহুল যদি মিডল অর্ডারে খেলেন তা হলে প্রথম ম্যাচে দেশের জার্সিতে অভিষেক করা দীপক হুডা যিনি ২৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তাঁকে দলের বাইরে বসতে হবে। কারণ সেট মিডল অর্ডারে বিরাট কোহলি, ঋষভ পন্থ এবং সূর্যকুমার যাদবকে নিয়ে পরীক্ষানীরিক্ষার পথে হাঁটবে না টিম ম্যানেজমেন্ট।
প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্যও গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ম্যাচ। দুই বছরের বেশি শতরানের দেখা না পাওয়া বিরাট দীর্ঘ দিন খারাপ ছন্দের মধ্যে দিয়ে যাচ্ছেন, প্রথম ম্যাচে কম রান তাড়া করতে নেমে ব্যক্তিগত ৮ রানে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন তিনি। তাঁর পারফরম্যান্সের উপর সজাগ নজর থাকবে নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টের। বিশ্বকাপের জন্য আর বেশি দিন বাকি নেই। এর মধ্যে খুব বেশি ওডিআই সিরিজও খেলবে না ভারত, তাই ২০২৩ বিশ্বকাপকে মাথায় রেখে দল গঠনের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নজর রাখছেন নির্বাচকরা।
বোলিং ইউনিটে পরিবর্তনের কোনও জায়গা নেই। বিশেষ করে যুজবেন্দ্র চহাল এবং ওয়াশিংটন সুন্দর যে ভাবে বোলিং করেছেন তাতে এই দুই বোলার এই ম্যাচেও থাকবেন তা নিশ্চিত। মোট ৭ উইকেট সংগ্রহ করেছিলেন এই দুই বোলার। তবে দেখার বিষয় হবে দুই পেসারের মধ্যে এক জনকে ড্রপ করে কুলদীপ যাদবকে দলে সুযোগ দেওয়া হয় কি না। কারণ মোতেরার স্লো উইকেট স্পিন সহায়ক, তার উপর ব্যবহার করা উইকেটে খেলা হলে অনেক বেশি সুবিধা পাবেন স্পিনাররা। সেক্ষেত্রে দীর্ঘদিন পর তিন স্পিনার এবং এক পেসার নিয়ে দল নামাতে দেখা যেতে ভারতকে।
অপর দিকে, ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য থাকবে প্রথম ম্যাচের ধরাশায়ী পারফরম্যান্সের স্মৃতি ভুলে সিরিজে সমতা ফিরিয়ে আনা কারণ এই ম্যাচ জিততে না পারলে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া করবে সফররত দল। ওয়েস্ট ইন্ডিজকে সব বিভাগেই উন্নতির প্রয়োজন, তবে বিশেষ নজর প্রয়োজন ব্যাটসম্যানদের পারফরম্যান্সের উপর। একের পর এক তারকাকে নিয়ে তৈরি ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপ কিন্তু প্রথম ম্যাচে জেসন হোল্ডার বাদে এক জনকেও খুঁজে পাওয়া যানি। রবিবারের হার নিয়ে শেষ ১৬ ম্যাচে দশ বার এমন হল যেখানে পুরো পঞ্চাশ ওভার ব্যাটিং করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। ম্যাচের আগে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক জেসন হোল্ডার বলেছেন, "আমাদের গভীর পর্যন্ত যেতে হবে। টপ অর্ডারের প্রয়োজন নিজেদের উইকেটের সঠিক মূল্যায়ন করা এবং নিজেদের (রান করার) সুযোগ দেওয়া।" এই দলের অধিনায়ক কিরণ পোলার্ড, দলে রয়েছে নিকোলাস পুরানের মতো বিধ্বংসী ব্যাটসম্যান যাঁরা যে কোনও স্টেডিয়ামের বাইরে বল ফেলার ক্ষমতা রাখেন। গোটা ওয়েস্ট ইন্ডিজ টিম ম্যানেজমেন্ট আশা বুধবারই যে নিজেদের চেনা ছন্দে ফেরে তারকা সমৃদ্ধ ওয়েস্ট ইন্ডিজ।
বোলিং লাইনে আলজারি জোসেফ শেষ ম্যাচে বেশ ভাল পারফর্ম করেছেন। ভারতের চার উইকেটের মধ্যে তিনটিই তাঁর শিকার। তবে, দ্বিতীয় ওডিআই ম্যাচে কেমার রোচের পরিবর্তে একজন অতিরিক্ত স্পিনার খেলাতে পারে ওয়েস্ট ইন্ডিজ।












Click it and Unblock the Notifications