সম্মুখ সমরে দিল্লি-ব্যাঙ্গালোর, জেনে নিন কেমন তৈরি দুই দল
ফিরোজ শাহ কোটলায় মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ডেয়ারডেভিলস। জেনে নিন কেমন তৈরি দুই শিবির।
শনিবার আইপিএলের দ্বিতীয় ম্য়াচে ফিরোজ শাহ কোটলায় মুখোমুখি লিগ টেবিলের নীচের দিকে থাকা দুই দল দিল্লি ডেয়ারডেভিলস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

দু'টি দলই ছিটকে গিয়েছে প্লে-অফের লড়াই থেকে। অঙ্কের বিচারে অনেক যদি-কিন্তুর হিসেব থাকলেও, তা আর না ধরাই ভাল। কারণ অলৌকিক কোনও কিছু ছাড়া এই দুই দলের এই বছরের আইপিএলে আর প্লে-অফে খেলা হচ্ছে না।
চলতি আইপিএলে এগারোটি ম্যাচ খেলে দিল্লি ডেয়ারডেভিলসয়ের জয় মাত্র তিনটি ম্যাচে। আটটি ম্যাচই হারতে হয়েছে তাঁদের।
এগারো ম্যাচ থেকে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টমস্থানে অর্থাৎ শেষে রয়েছে দিল্লি।
আরসিবির অবস্থাও খুব একটা ভাল নয়। এই আইপিএলের অন্যতম তারকাখচিত দল আরসিবি। কিন্তু তাতেও প্লে-ফের রাস্তা পাকা করতে ব্যর্থ তারা। দশ ম্যাচ খেলে বিরাট কোহলির দল জিতেছে তিনটি ম্যাচে, হার সাতটিতে। দিল্লির মত সমান পয়েন্ট থাকলেও রান রেটের বিচারে সপ্তমস্থানে রয়েছে আরসিবি।
তবে, লিগ টেবিলের সাত এবং আট নম্বর দলের মধ্যে লড়াই হলেও সমর্থকদের মধ্য উত্তেজনার বিন্দুমাত্র অভাব নেই।
অন্য দিকে, অপেক্ষাকৃত গুরুত্বহীন ম্যাচ হলেও এই ম্যাচ জিতে যেটুকু অল্প আশা বেঁচে থাকে, সেটাকেই বাঁচিয়ে রাখতে চাইছেন দুই দলের ক্রিকেটারেরা।
দিল্লি ডেয়ারডেভিলসের টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, গত ম্যাচে হারলেও প্রথম একাদশ পরিবর্তন আনতে চান না তরুণ অধিনায়ক শ্রেয়স আইয়ার। একই দল রেখে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নামতে চায় তারা।
অন্য দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সূত্রে খবর, অ্যাওয়ে ম্যাচে দলে বেশ কিছু পরিবর্তন আনতে চলেছেন অধিনায়ক বিরাট কোহলি।
তবে, কোটলার মাঠে নামার আগে আরসিবিকে কিছুটা হলেও চিন্তা মুক্ত রাখছে তাদের পরিসংখ্যান। মোট ১৯ বার মুখোমুখি সাক্ষাৎ হয়েছে এই দুই দলের। যার মধ্যে ১৩টি ম্য়াচেই জিতেছে আরসিবি। মাত্র ছ'টি ম্যাচ জয় পেয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।












Click it and Unblock the Notifications