(প্রিভিউ) ধর্মশালায় সিরিজ জয়ের লক্ষ্যে নামছে ভারত-অস্ট্রেলিয়া
এই সিরিজে ব্যাটসম্যান হিসাবে কোহলি সবচেয়ে খারাপ খেলেছেন। নিজের কেরিয়ারের সবচেয়ে খারাপ সিরিজ এটা বিরাটের। তবুও তিনি মাঠে থাকা না থাকা বড় ফ্যাক্টর হতে পারে।
ধর্মশালা, ২৪ মার্চ : ভারতীয় দল রহস্যের মোড়কে চতুর্থ তথা শেষ টেস্ট খেলতে নামছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধর্মশালায়। আপাতত তিন টেস্ট খেলার পরে ১-১ অবস্থায় রয়েছে দুটি দল। শেষ টেস্টে যে জিতবে সিরিজ হবে তাদেরই। তবে ভারতীয় অধিনায়ক কাঁধের চোটে ভুগছেন। তিনি খেলবেন কিনা নিশ্চিত নয়। এদিকে পেসার মহম্মদ শামিরও চোট কাটিয়ে দলে ফেরা প্রায় অনিশ্চিত হয়ে গিয়েছে।
এই অবস্থায় কোহলি জানিয়ে দিয়েছেন, একশো শতাংশ ফিট না হলে তিনি শেষ টেস্টে মাঠে নামবেন না। যদিও এই বিবৃতিকে কৌশলী বলেই মনে করা হচ্ছে। অনেকে বলছেন, শেষ মুহূর্ত পর্যন্ত অস্ট্রেলিয়াকে ধোঁয়াশায় রাখতেই এই কৌশলী পদক্ষেপ করেছে টিম ইন্ডিয়া। সেজন্যই নিজে খেলতে পারবেন কি পারবেন না তা নিয়ে অনিশ্চয়তা দেখেও শেষদিনের প্রেস কনফারেন্সে কোহলিই এসেছেন।

এই সিরিজে ব্যাটসম্যান হিসাবে কোহলি সবচেয়ে খারাপ খেলেছেন। নিজের কেরিয়ারের সবচেয়ে খারাপ সিরিজ এটা বিরাটের। তবুও তিনি মাঠে থাকা না থাকা বড় ফ্যাক্টর হতে পারে। ফিজিও প্যাট্রিক ফারহার্ট কী সিদ্ধান্ত নেন তার উপরে অনেককিছু নির্ভর করছে। একান্তই তিনি খেলতে না পারলে শ্রেয়স আইয়ার দলে জায়গা পাবেন।
তাঁকে তড়িঘড়ি দলে ডেকে আনা হয়েছে। এদিন সকালে নেটে শ্রেয়স ব্যাটও করেছেন। নেটে ব্যাট করার সময়ে কোচ কুম্বলে ও অধিনায়ক কোহলির কড়া নজর ছিল তাঁর উপরে। প্রস্তুতি ম্যাচে শ্রেয়স অজিদের বিরুদ্ধে দ্বিশতরান করেছেন। সেটা তাঁকে মানসিকভাবে এগিয়ে রাখবে। এদিকে কোহলি এই টেস্টে ছিটকে গেলে তাঁর জায়গায় অধিনায়কের দায়িত্ব সামলাবেন অজিঙ্ক রাহানে।
অস্ট্রেলিয়ার তরফে মিচেল স্টার্ক, জোস হ্যাজেলউড এই টেস্টে চোটের কারঁণে খেলছেন না। মিচেল মার্শও ছিটকে গিয়েছেন। তবে রাঁচি টেস্টে শেষদিকে অস্ট্রেলিয়ার অনবদ্য ব্যাটিং টেস্ট বাঁচিয়ে দিয়েছে। রেনশ, স্টিভ স্মিথরা ভালো ফর্মে রয়েছেন। শেষদিকে পিটার হ্যান্ডসকম্ব লড়াকু ব্যাটিং করছেন। ফলে শেষ টেস্টে নামার আগে অজিরা কিছুটা অ্যাডভান্টেজ নিয়ে নামবে।
ভারতের তরফে কোহলি ব্যর্থ হলেও মুরলী বিজয় ও কেএল রাহুল ভালো ব্যাটিং করছেন। চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে ও শেষদিকে ঋদ্ধিমান সাহা ব্যাট হাতে দলকে ভরসা দিচ্ছেন। ধর্মশালার বাউন্সি পিচে উমেশ যাদব, ইশান্ত শর্মারা কেমন বোলিং করেন তার উপরে ম্যাচের ভাগ্য নির্ভর করছে।
ভারতীয় দল
বিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল, মুরলী বিজয়, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, করুণ নায়ার, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা, উমেশ যাদব, অভিনব মুকুন্দ, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, শ্রেয়স আইয়ার, জয়ন্ত যাদব












Click it and Unblock the Notifications