ম্যাচ প্রিভিউ : জামাইকায় বৃষ্টিবিঘ্নিত টেস্ট ড্রয়ের দুঃখ ঝেড়ে ফেলে সেন্ট লুসিয়ায় নামছে টিম কোহলি
সেন্ট লুসিয়া, ৮ অগাস্ট : বৃষ্টিবিঘ্নিত জামাইকা টেস্টে ড্রয়ের শোক ভুলে নতুন উদ্যমে শুরু করতে চাইছে ভারতীয় দল। আর সেজন্যই দ্বিতীয় টেস্টকে পিছনে ফেলে সেন্ট লুসিয়ায় নতুন করে শুরু করতে মরিয়া বিরাট কোহলিরা। মঙ্গলবার শুরু হচ্ছে তৃতীয় টেস্ট।
দ্বিতীয় টেস্টে সুবিধাজনক অবস্থায় থাকার পরও টেস্ট জিততে পারেনি ভারত। চতুর্থ দিনের পুরোটাই প্রায় বৃষ্টিতে ভেস্তে যাওয়াই ম্যাচের অন্যতম কারণ ছিল। এরপরে পঞ্চমদিনে ক্যারিবিয়ান ব্যাটসম্যান রস্টন চেসের দুরন্ত ১৩৭ রানের ইনিংস ম্যাচের টা৪নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। যার উপরে ভর করে জামাইকা টেস্ট ড্র করতে সমর্থ হয় ওয়েস্ট ইন্ডিজ।

অ্যান্টিগা টেস্টে ইনিংস ও ৯২ রানে জেতার ফলে চার টেস্টের সিরিজে আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। সেন্ট লুসিয়া টেস্ট জিতলে সিরিজ জিতে নেবে ভারত। এরপরে শেষ টেস্ট জিতে জেসন হোল্ডার বাহিনীকে হোয়াইটওয়াশ করে টেস্ট ক্রমতালিকায় পয়েন্ট বাড়ানোই আপাতত প্রধান লক্ষ্য ভারতের।
সেন্ট লুসিয়ার এই স্টেডিয়ামটির নামকরণ করা হয়েছে টি-২০ জয়ী ক্যারিবিয়ান অধিনায়ক ড্যারেন স্যামির নামে। এখানে এখনও পর্যন্ত মোট চারটি টেস্ট খেলা হয়েছে। যার মধ্যে একটি ওয়েস্ট ইন্ডিজ জিতেছে, বাকী ৩টে টেস্ট ড্র হয়েছে। রবিবার পর্যন্ত পিচে নামমাত্র সবুজ আভা রয়েছে। রোলিং চলছে। তবে ম্যাচের আগে এইটুকু ঘাসও থাকবে না বলেই মনে করা হচ্ছে। যা দাঁড়িয়েছে, তাতে আদ্যন্ত একটি ব্যাটিং উইকেটই হতে চলেছে সেন্ট লুসিয়ার পিচ।
জামাইকায় শেষদিনে স্পিনার অমিত মিশ্রর পারফরম্যান্স কিছুটা হতাশ করেছে। রান আটকে উইকেট নেওয়ার বদলে তিনি বরং খানিক রান দিয়ে বসছেন। সেভাবে অশ্বিনের উল্টোদিকে কোনও প্রভাবই তৈরি করতে পারেননি মিশ্র। ফলে তৃতীয় টেস্টে তাঁকে বসিয়ে রবীন্দ্র জাদেজাকে খেলাতে পারেন কোহলি। তাছাড়া জাদেজা যেকোনও সময়ে মিশ্রর চেয়ে ভালো ব্যাটসম্যান। এর ফলে ব্যাটিংয়েও খানিক গভীরতা বাড়বে।
তবে সবচেয়ে যেটা স্বস্তি দিয়েছে বিরাটকে তা হল মহম্মদ শামির ফর্মে ফেরা। গত বিশ্বকাপের পর থেকেই চোটের কারণে বহুদিন দলের বাইরে ছিলেন শামি। সেখান থেকে ফিরে ওয়েস্ট ইন্ডিজ উইকেটে যেভাবে বল করছেন তিনি তা বাড়তি আত্মবিশ্বাসী করে তুলেছে বিরাট কোহলিকে। পেস বোলিংয়ে তিনি এবং স্পিনে রবিচন্দ্রণ অশ্বিনের উপরে ভর করে তৃতীয় টেস্টেও তাই বাজিমাত করার লক্ষ্যেই মাঠে নামবে ভারত।












Click it and Unblock the Notifications