বিরাট-রোহিত দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন ভারতের হেড কোচ, রবি শাস্ত্রী কাঁপিয়েছিলেন কোহলিকে!
ওভাল টেস্ট শুরুর আগে হাল্কা মেজাজে পাওয়া গেল ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলিকে। লন্ডনের এক অনুষ্ঠানে। স্টারগেজিং: দ্য প্লেয়ার্স ইন মাই লাইফ- রবি শাস্ত্রীর এই নতুন বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিল গোটা ভারতীয় দল। বিরাট-শাস্ত্রীর যুগলবন্দির মধ্যেই কথা উঠল ভারত অধিনায়কের সঙ্গে রোহিত শর্মার দ্বন্দ্বের জল্পনার প্রসঙ্গ। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে উত্তর দিতে গিয়ে সেই জল্পনাকে অবশ্য উড়িয়ে দিলেন শাস্ত্রী।

বিরাটের শাস্ত্রী-বন্দনা
বিরাট কোহলির সঙ্গে রবি শাস্ত্রীর রসায়ন যে খুব ভালো তা অজানা নয়। লন্ডনের অনুষ্ঠানে নিজেদের সম্পর্কের কথা বলতে গিয়ে বিরাট বলেন, মাঠ ও মাঠের বাইরে আমাদের পারস্পরিক শ্রদ্ধা ও অগাধ বিশ্বাস গড়ে উঠেছে। আমাদের দুজনের ভিশনই এক এবং তা হল ভারতীয় ক্রিকেটকে আরও উন্নত ও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। শুরু থেকেই এই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি। আমাদের দল যে অসাধারণ খেলছে, দলে দারুণ সব ক্রিকেটার রয়েছেন তা এক কথায় আশীর্বাদের মতো। এর ফলে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌছাতে পারব। আমরা এমন একটি দল বিশ্বের যেখানেই খেলি না কেন আমাদের সকলে হারাতে যেভাবে মুখিয়ে থাকে তা অত্যন্ত গৌরবের। শাস্ত্রীর প্রথম বইয়ে অনেক অজানা কথা সকলে জানতে পারবেন বলেও নিশ্চিত বিরাট।

কেঁপেছিলেন কোহলি
বিরাট কোহলি নিজে এক দারুণ অভিজ্ঞতার কথা শেয়ার করেন এই অনুষ্ঠানে। জানালেন, রবি শাস্ত্রীর পেপ টকে কেঁপে গিয়েছিলেন। বিরাট বলেন, ২০১৪ সালের কথা। সেবারই প্রথম রবি শাস্ত্রী আমাদের পেপ টক দিতে এসেছিলেন। তা সত্ত্বেও প্রত্যাশিতভাবে সব কিছু ঠিকঠাক চলছিল না। তাই তাঁকে দ্বিতীয়বার দলকে পরামর্শ দেওয়া জন্য আমন্ত্রণ জানানো হয়। শাস্ত্রী শুরুটাই করেছিলেন তাঁর গুরুগম্ভীর গলায় বয়েজ শব্দটি উচ্চারণ করে। এই শব্দটি অমনভাবে রবি শাস্ত্রী ছাড়া কেউ বলতে পারেন না। আমি নীচে বসেছিলাম। আমার সারা শরীর কেঁপে গিয়েছিল। দৃঢ়চেতা ও ইতিবাচক মনোভাব নিয়ে তিনি যে কথাগুলি সেদিন বলেছিলেন তা আর কারও কাছ থেকে কখনও শুনিনি। তাঁর অভিজ্ঞতা আমাদের কাছে অমূল্য সম্পদ হয়ে থাকবে। ২০১৪ সাল থেকে তাঁর সঙ্গে আমার ওয়ার্কিং রিলেশনশিপ, বন্ধন মজবুত হতে শুরু করেছিল। ভারত তথা বিশ্বে জনপ্রিয় ধারাভাষ্যকারদের মধ্যে তিনি অন্যতম ছিলেন, তাঁর সঙ্গে আগেও তাই অনেকবার সাক্ষাত হয়েছে। আমরা তাঁর ধারাভাষ্য, বিশ্লেষণ মন দিয়ে শুনতাম। তবে ২০১৪ সাল থেকেই পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হতে থাকে। উল্লেখ্য, টি ২০ বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের হেড কোচ হিসেবে চুক্তিবদ্ধ শাস্ত্রী। তিনি এরপর সরেও দাঁড়াতে পারেন। ফলে বিরাট-শাস্ত্রী যুগলবন্দির মেয়াদ আর কতদিন তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।

বিরাট-রোহিত দ্বন্দ্ব
এরই মধ্যে রবি শাস্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মার যে দ্বন্দ্বের কথা শোনা যায় সে ব্যাপারে। যদিও ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে হারের পরও এমন কথা সপাটে উড়িয়েছিলেন বিরাট। এবার শাস্ত্রীও সে পথে হেঁটেছেন। রবি শাস্ত্রী বলেন, এমন কোনও কিছু আমি অন্তত দেখিনি। তাই আমাকে যখনই কেউ এ ব্যাপারে প্রশ্ন করেন আমি বলি আপনি কি কিছু দেখেছেন যা আমি দেখতে পাইনি? তবে একটা কথা বলতে পারি, দুজনের পারস্পরিক বোঝাপড়ায় কোনও সমস্যা দেখিনি। দলের উপরও কোনও প্রভাব পড়তে দেখিনি। যদি আমি কোনও কিছু দেখতাম বিরাট বা রোহিতকে মুখের উপর বলে দিতাম এটা ঠিক হচ্ছে না। কী করা উচিত সে ব্যাপারেও পরামর্শ দিতাম। আমি এমন একজন যে সোজাসুজি জানিয়ে দিই আমি কী চাইছি। তবে বিরাট ও রোহিতের মধ্যে প্রথম দিন থেকে কোনও সমস্যা দেখিনি।
|
মশলাদার সিরিজ
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজ এখন ১-১। দুটি টেস্ট বাকি। সিরিজের জমজমাট পরিসমাপ্তির ইঙ্গিত দিয়ে রবি শাস্ত্রী বলছেন, এই সিরিজে আরও মশলা অপেক্ষা করে রয়েছে। আমরা জেতার লক্ষ্যেই মাঠে নামব। ইতিবাচক ক্রিকেট খেলে জয় ছিনিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য। সিরিজ খুবই মশলাদার হয়ে এগোচ্ছে। এটাই প্রত্যাশিত। আগামী কয়েক দিনে তা আরও বেশি মশলাদার হয়ে উপস্থাপিত হতে চলেছে।












Click it and Unblock the Notifications