নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে নিয়ে দেখবেন আমেদাবাদ টেস্ট, মোতেরায় থাকছে কোন চমক?
আমেদাবাদ টেস্টের প্রথম দিন একসঙ্গে খেলা দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। এই প্রথম নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে খেলা দেখবেন মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রথম নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে বসে দেখবেন ভারতের ম্যাচ। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কাল থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট। মোদীর সঙ্গে প্রথম দিনের খেলা উপভোগ করতে আজই আমেদাবাদে পৌঁছে গিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ (Anthony Albanese)।

খেলা দেখবেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
মোতেরায় স্টেডিয়ামের প্রবেশদ্বারে দুই দেশের প্রধানমন্ত্রীকে স্বাগজ জানাতে বিশাল ব্যানার টাঙানো হয়েছে। যা নিয়ে আবার ক্রিকেটপ্রেমীদের মধ্যে অসন্তোষও জন্মেছে। ব্যানারের ডিজাইনে মোদী ও অ্যালবানিজের বড় ছবি রাখা হলেও ক্রিকেটারদের মুখের ছবি তুলনায় বেশ ছোট। এতে দুই দেশের ক্রিকেটারদের অসম্মান করা হচ্ছে বলেও অভিমত অনেকের। সুরক্ষার কারণে বেশ কিছু আসন খালি রাখা হচ্ছে। দর্শকদের গতিবিধিও নিয়ন্ত্রিত হবে। নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে টিকিট পেতে অনেকেরই কালঘাম ছুটছে বলেও অভিযোগ।

সবরমতী আশ্রমে অ্যালবানিজ
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যাথনি অ্যালবানিজ আজ আমেদাবাদে পৌঁছনোর পর সবরমতী আশ্রম ঘুরে দেখেন। গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রত ও মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে তিনি হোলির উৎসবেও মেতে ওঠেন। নরেন্দ্র মোদীর রাতে আমেদাবাদে পৌঁছনোর কথা। কাল সকাল ৯টার সময় টস হবে। ভারতে আসার আগে নোভা ৯৩.৭ পারথ রেডিওকে সাক্ষাৎকার দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। যেখানে তিনি বলেছেন, নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি টসের সময় উপস্থিত থাকবেন। তাঁর কথায়, দুই দেশের প্রধানমন্ত্রীকে টসের কয়েন তোলার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে। তখন সঞ্চালকরা জানতে চান, দুজন কী করে টস করতে পারেন? তার উত্তরে অ্যালবানিজ জানান, এ ব্যাপারে আমার ধারণা নেই। হয়তো টেস্ট ম্যাচের আয়োজক দেশের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীই টস করতে পারেন।

টস নিয়ে জল্পনা
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বক্তব্য সামনে আসার পরই নানা জল্পনা তৈরি হয়েছে। তবে টস কীভাবে হবে তা নিয়ে বিসিসিআই বা আইসিসি কিছুই সরকারিভাবে জানায়নি। নিয়ম অনুযায়ী, টসের সময় ম্যাচ রেফারি ও দুই অধিনায়কের সঙ্গে সেখানে থাকেন সম্প্রচারকারী সংস্থার সঞ্চালক ও ক্যামেরাম্যান। দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে আয়োজক দেশের অধিনায়ক কয়েন উপরে তোলেন, কল করেন সফররত দলের অধিনায়ক। এ ক্ষেত্রে মোদী বা অ্যালবানিজ যদি টসের কয়েন তোলেন তবে তা হবে নজিরবিহীন ঘটনা। অ্যালবানিজের সাক্ষাৎকারটিকে কেন্দ্র করেই নানাবিধ জল্পনা শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার হাই কমিশনার ব্যারি ও'ফ্যারেল জানিয়েছেন, ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ক্রিকেটীয় বন্ধন সুদৃঢ়। দুই দেশের প্রধানমন্ত্রী আমেদাবাদে একসঙ্গে বসে ভারত-অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনের খেলা দেখবেন, এটা দারুণ ব্যাপার।

মোদী ধারাভাষ্য দেবেন?
টেস্ট ম্যাচের প্রথম দিনে দর্শকসংখ্যার নিরিখে মেলবোর্নের রেকর্ড ভেঙে দিতে পারে আমেদাবাদের মোতেরা। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লক্ষাধিক দর্শক থাকবেন বলে জানা যাচ্ছে। টসের পর দুই দেশের প্রধানমন্ত্রী মাঠ প্রদক্ষিণ করবেন। মিলিত হবেন দুই দেশের ক্রিকেটারদের সঙ্গে। এই স্টেডিয়ামেই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। কাল নরেন্দ্র মোদী কিছুক্ষণ ধারাভাষ্য দিতে পারেন বলেও বিভিন্ন সংবাদমাধ্যমে জল্পনা চলছে।
(ছবি- এএনআই টুইটার)












Click it and Unblock the Notifications