Champions Trophy: পাক ক্রিকেট দলের ব্যর্থতায় চাপে শাহবাজ শরিফ সরকার? উত্তাল হতে পারে পার্লামেন্টও!
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্স করেছে পাকিস্তান দল। একটি ম্যাচ না জিতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাক দল। রিজওয়ানের দলের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে সমালোচনা শুরু হয়েছে প্রবল। এবার এই ইস্যুতে উত্তাল হতে চলেছে পাকিস্তানের পার্লামেন্টও!
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লা পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে সংসদে আলোচনার দাবি তুলেছে। এমনকি কেন পাকিস্তান দলের এমন বেহাল দশা হল তা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনা করার দাবি তুলেছেন তিনি। ২৯ বছর পর পাকিস্তান কোনও আইসিসি ইভেন্টের আয়োজন করেছিল. কিন্তু সেই টুর্নামেন্ট থেকে পাঁচ দিনেই বিদায় নেয় আয়োজক দেশ। ১৯ ফেব্রুয়ারি অভিযান শুরু করেছিল পাক দল। ২৪ ফেব্রুয়ারি বিদায় নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লা দাবি করেছেন বর্তমান পরিস্থিতিতে সরকারের উচিৎ পদক্ষেপ করা। তিনি মনে করে শেষ কয়েক বছর ধরেই পাকিস্তান ক্রিকেট দলে অবক্ষয় চলছে। তিনি নিশানা করেছেন মেন্টরকেও। রানা সানাউল্লা দাবি করেছেন, ৫০ লক্ষ টাকা দিয়ে মেন্টর রাখা হয়েছে, কাজ না করেই তাঁরা বিপুল অর্থ নিচ্ছেন।
শুধু মেন্টর নন একই সঙ্গে পাক প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিশানা করেছেন পিসিবিকে। তাঁর কথায়, নিজের খুশিমতো কয়েকজন ব্যক্তি পিসিবির পদে বসে পড়ছেন। এর জন্যই পাকিস্তান ক্রিকেট বোর্ডে এমন বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এই বিষয়গুলির দিকে নজর দেওয়া প্রয়োজন প্রধানমন্ত্রীর। রানা সানাউল্লা জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট দলের সাপোর্ট স্টাফদের যে বেতন দেওয়া হয় তা উন্নত বিশ্বের দেশগুলির সমান। তার পরেও দল প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারছে না। এরজজন্য সংসদে এবং কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনা প্রয়োজন।
বরিবার ভারতের কাছে হারের পরই বিদায় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল পাকিস্তানের। অঙ্কের জটিল হিসেবে একটা ক্ষীণতম সম্ভাবনা ছিল রিজওয়ানদের। কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ডের কাছে হারার পরই রিজওয়ানদের বিদায় নিশ্চিত হয়। বাংলাদেশের সঙ্গে তাদের ম্যাচ ভেস্তে যাওয়ায় শেষ ম্যাচে জয়ের আশাটুকু বিলীন হয়ে গিয়েছে।
রিজওয়ানদের পারফরম্যান্সের জন্য বিপদ অপেক্ষা করছে পিসিবির। আইসিসি ইভেন্টগুলির টানা ব্যর্থতায় হতাশ পাকিস্তান ক্রিকেটের সঙ্গে যুক্ত বাণিজ্যিক সংস্থাগুলিও। এই পরিস্থিতিতে পিসিবি কর্তারা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর স্পনসর হারানোর আশঙ্কা করছেন।
এই প্রেক্ষাপটে পাক টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধেই সমালোচনায় সরব হয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটাররা। শোয়েব আখতার থেকে ওয়াসিম আক্রম ভারতের বিরুদ্ধে হারের পর পাকিস্তানের টিম ম্যানেজমেন্টকেই নিশানা করেছেন উভয়েই।












Click it and Unblock the Notifications