দশক পেরিয়েও আইপিএলে খেলার পারিশ্রমিক বকেয়া, বিসিসিআইকে খোঁচা হজের

টি ২০ বিশ্বকাপ ফাইনালে গত বছর রানার-আপ হওয়ার পরও প্রাইজমানির প্রাপ্য অর্থ এখনও পাননি ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। এই নিয়ে বিতর্কের মধ্যেই ফের বিসিসিআইয়ের অস্বস্তি বাড়ালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান ব্র্যাড হজ।

দশক পেরিয়েও আইপিএলে খেলার পারিশ্রমিক বকেয়া, খোঁচা হজের

আইপিএল নিলামে ব্র্যাড হজকে কিনেছিল কেরলের ফ্র্যাঞ্চাইজি কোচি টাস্কার্স কেরালা। ২০১১ সালের আইপিএলে কেটিকে-র হয়ে ১৪টি ম্যাচে ২৮৫ রান করেছিলেন হজ। গড় ছিল ৩৫.৬৩। ব্রিটেনের টেলিগ্রাফ সংবাদপত্রে প্রকাশিত ভারতীয় মহিলা ক্রিকেটারদের প্রাপ্য টাকা বকেয়া থাকার খবর দেখে ব্র্যাড হজ টুইটে বিসিসিআইকে খোঁচা দিয়েছেন। যে প্রাক্তন ক্রিকেটার, আইনজীবী তথা ক্রিকেট-লেখক ওই খবরটি ব্রেক করেছিলেন সেই ইসাবেল ওয়েস্টবারি আবার হজের টুইটটি রিটুইটও করেছেন।


১৫৫০ কোটি টাকায় এই দলটি কিনেছিল কেরলের ফ্র্যাঞ্চাইজি। রাহুল দ্রাবিড়, এস শ্রীসন্থ, মাহেলা জয়বর্ধনে-সমৃদ্ধ কোচি টাস্কার্স ১০ দলের আইপিএল সেবার শেষ করেছিল অষ্টম স্থানে থেকে। ব্র্যাড হজ টেলিগ্রাফের খবরের প্রেক্ষিতে টুইটে লেখেন, ১০ বছর পেরিয়ে গেলেও এখনও কোচি টাস্কার্সে খেলা ক্রিকেটাররা চুক্তির ৩৫ শতাংশ অর্থই পাননি। বিসিসিআই সেই বকেয়া টাকার খোঁজ দিতে পারবে কিনা তা-ও জানতে চেয়েছেন তিনি। হজকে ৪ লক্ষ ২৫ হাজার ডলারের বিনিময়ে দলে নিয়েছিল কোচি। এখনও এই অস্ট্রেলীয়র প্রাপ্য অন্তত ১ লক্ষ ২৭ হাজার মার্কিন ডলার বকেয়া রয়েছে। উল্লেখ্য, ব্যাঙ্ক গ্যারান্টির ১৫৫.৩ কোটি টাকা না মেটানোয় আইপিএলে আর কোচিকে খেলার অনুমতি দেয়নি বিসিসিআই। বহিষ্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ওই ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধার সংস্থা রঁদেভু স্পোর্টস ওয়ার্ল্ড বিসিসিআইকে আদালত অবধি টেনে নিয়ে যায়। বম্বে হাইকোর্ট বিসিসিআইকে নির্দেশ দিয়েছিল কেরলের ফ্র্যাঞ্চাইজিকে ৫৫০ কোটি টাকা ফিরিয়ে দেওয়ার। ২০১২ সালেও জানা গিয়েছিল, অনেক ক্রিকেটারই প্রাপ্য অর্থের ৩০ থেকে ৪০ শতাংশ অর্থ পায়নি কোচি টাস্কার্সে খেলার পরেও।

এদিকে, গতকালই বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছিল, টি ২০ বিশ্বকাপের প্রাইজমানি গত বছরের শেষের দিকে পায় বিসিসিআই। করোনা পরিস্থিতিতে তা দলের মধ্যে ভাগ করে দেওয়া সম্ভব হয়নি। দ্রুত সেই টাকা ক্রিকেটারদের দেওয়া হবে। চলতি সপ্তাহেই সেই টাকা ক্রিকেটাররা পেয়ে যাবেন বলে জানতে পেরেছেন ইসাবেল।

যদিও তিনি টুইটে লেখেন, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি ২০ বিশ্বকাপের প্রাইজমানি ৮ মার্চ ফাইনালের পর এপ্রিলের মধ্যেই চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের দিয়ে দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেমিফাইনালিস্ট ইংল্যান্ডও দুই মাসের মধ্যেই প্রাপ্য অর্থ পেয়ে গিয়েছিল। ফলে বিসিসিআইয়ের দাবি নিয়ে যে সংশয় থাকছেই তা-ই বোঝাতে চেয়েছেন ওই সাংবাদিক। তার মধ্যেই হজের টুইট বিশ্বের ধনীতম ক্রিকেট বোর্ডের অস্বস্তি বাড়াল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+