Ranji Trophy: শুধু টাকা নয়, রঞ্জিতে ম্যাচের সেরা ক্রিকেটার পাবেন বিরাট-রোহিতদের মতোই পুরস্কার!
Ranji Trophy: সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমলেই ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি-র অঙ্ক অনেকটাই বাড়ানো হয়েছিল। ক্রিকেটাদের বেতন সহ অন্য সুযোগও সুবিধাও চালু করেছিল বোর্ড। এবার রঞ্জি ট্রফির ম্যাচে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল বিসিসিআই। বিরাট-রোহিতদের সাজঘরের পুরষ্কার এবার পেতে পারেন রঞ্জি ক্রিকেটাররাও। অবাক করার মতো হলেও এটাই সত্যি।
বিশ্বকাপের সময় থেকেই প্রতি ম্যাচের সেরা ফিল্ডারকে বিসিসিআইয়ের পক্ষ থেকে সোনার পদক দেওয়ার প্রথা চালু হয়েছিল। বিশ্বকাপ শেষেও সেই প্রথার বিলুপ্তি ঘটেনি। বরং ম্যাচ নয় সিরিজের সেরা ক্রিকেটারকে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়ার নিয়ম চালু হয়েছে। যা দেখা গিয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজে।

গত মরসুম পর্যন্ত, প্লেয়ার অফ দ্য ম্যাচ স্পনসরদের কাছ থেকে ২৫,০০০ টাকা পেতেন। এ বছর তাদের পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তবে নগদ পুরস্কার একই থাকবে কিনা সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত সামনে আসেনি।
একটিউ সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে বোর্ডের একটি সূত্র জানিয়েছে, বিসিসিআই এলিট এবং প্লেট উভয় গ্রুপের জন্য রঞ্জি ট্রফি ম্যাচের সমস্ত আয়োজক সংস্থাকে 'প্লেয়ার অফ দ্য ম্যাচ' পদক দেবে। ম্যাচ রেফারির মাধ্যমে সেরা ক্রিকেটারের হাতে (প্রতি ম্যাচে একটি) পদক হস্তান্তর করার জন্য নির্দেষ দেওয়া হবে আয়োজক সংস্থাগুলিকে।
অন্যান্য খেলায়, পুরষ্কারের ক্ষেত্রে ক্রীড়াবিদদের দেখানোর মতো কিছু থাকে কিন্তু দেশীয় ক্রিকেটাররা তা থেকে বঞ্চিত হন। তাই প্রতিটি খেলার পর আর্থিক পুরস্কারের সঙ্গে মেডেল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশীয় খেলোয়াড়দের পরবর্তীকালে দেখানোর মতো কোনও স্থায়ী জিনিস থাকবে।
ব্যাটিং-বোলিং সবথেকে গুরুত্বপূর্ণ হলেও আধুনিক ক্রিকেটে ফিল্ডিংও সমান গুরুত্ব পায়। সে কারণেই এই বিশ্বকাপে ম্যাচের সেরা ফিল্ডারের পুরস্কার চালু করেছিল টিম ম্যানেজমেন্ট। প্রতি ম্যাচের পরে দলের সেরা ফিল্ডারকে বিশেষ পদক দেওয়া হয়েছিল গোটা টুর্নামেন্টেই।
দলে ফিল্ডিংয়ের মান বাড়াতে প্রতিটি ম্যাচের শেষে দলের সেরা ফিল্ডারকে সোনার পদক দিয়ে পুরস্কৃত করার উদ্যোগ নেয় টিম ম্যানেজমেন্ট। শুধু পুরস্কার দেওয়াই নয়, একইসঙ্গে নাম ঘোষণার ক্ষেত্রেও বড় চমক দিয়েছিল বিসিসিআই।মাঠের জায়ান্ট স্ক্রীনে, স্প্যাইডার ক্যামে বা আতশবাজির রোশনাইতে ভেসে উঠত সেরা ফিল্ডারের নাম।












Click it and Unblock the Notifications