এশিয়া কাপের ভেন্যু থেকে বিশ্বকাপে অংশগ্রহণ, পিসিবির শর্তে সরগরম ক্রিকেট রাজনীতি
আইপিএলের মাঝেই ভারত পাক ক্রিকেটীয় উত্তাপ ক্রমেই বাড়ছে। এশিয়া কাপের পর এবার বিশ্বকাপ খেলা নিয়েও নয়া জটিলতা তৈরি করল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী সপ্তাহেই বসতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা।
নিজেদের পছন্দের ভেন্যুতে এশিয়া কাপ আয়োজন নিয়ে অনড় রয়েছে পাকিস্তান। অন্যদিকে পাক ভূমিতে ক্রিকেট না খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বিসিসিআই। সব মিলিয়ে দুবাইতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা উত্তপ্ত হতে পারে।

পিসিবির প্রস্তাব অনুযায়ী, লাহোরে আর দুবাইতে এশিয়া কাপ আয়োজন না হলে তাঁরা এই টুর্নামেন্টে খেলবেন না, এমনটাই পাক সরকারের আধিকারিকদের বুঝিয়েছেন পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি। সূত্রের খবর অনুযায়ী এই বিষয়ে পাক সরকারের সবুজ সংকেত পেয়ে গিয়েছে পিসিবি।দুবাইয়ের বৈঠকে পাক ক্রিকেট বোর্ডের তরফ থেকে দুই ক্রিকেট নিয়ামক সংস্থাকেই এই বার্তা দিতে পারেন তিনি।
আগামী ৮ মে এসিসি-র সভায় যোগ দিতে দুবাই যাবেন পিসিবি চেয়ারম্যান শেঠি। সেখানে এশিয়া কাপ নিয়ে হেস্তনেস্ত করতে চান তিনি। তাঁদের বিকল্প প্রস্তাব মানা না হলে শেঠি পরিষ্কার জানিয়ে দেবেন, পাকিস্তানই খেলবে না এশিয়া কাপ।

এই আবহে নয়া চাল চালল পিসিবি। এশিয়া কাপ খেলতে রোহিত শর্মা, বিরাট কোহলিরা পাকিস্তানে না গেলে এক দিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন না পাক দল। প্রথম দিকে এই পন্থাতেই বিসিসিআইকে চাপে রাখার চেষ্টা করেছিল পিসিবি। তাতে বিশেষ কাজ না হওয়ায় আরও কঠিন শর্ত দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক দিনের বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহের কাছ থেকে লিখিত আশ্বাস চায় পিসিবি।

পিসিবি চেয়ারম্যানের নতুন বক্তব্য, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। এই টুর্নামেন্টে খেলতে ভারতীয় দলকে পাকিস্তানে পাঠানো হবে, এই মর্মে লিখিত আশ্বাস পেলে তবেই বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবেন তাঁরা।
সব মিলিয়ে ভারত পাক কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব ভালো মতোই পড়েছে বাইশ গজেও। আপাতত সব নজর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভার দিকে।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications