Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলতে ভারতের সম্মতি নিক আইসিসি, চাইছে পিসিবি
Champions Trophy 2025: আগামী ফেব্রুয়ারিতেই চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু তা পাকিস্তানেই পুরোপুরিভাবে হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
মূল জট, পাকিস্তানের মাটিতে ভারতের খেলা নিয়ে। আর সেই ব্যাপারটি এবার আইসিসির কোর্টেই ঠেলল পাকিস্তান।

পিসিবি সূত্রে খবর, চ্যাম্পিয়ন্স ট্রফির বাজেটে অনুমোদন দিয়েছে আইসিসি। কিন্তু কলম্বোয় আইসিসির বার্ষিক কনফারেন্সে চ্যাম্পিয়ন্স ট্রফির বিষয়ে কিছুই আলোচনা হয়নি। সৌজন্য সাক্ষাৎ হলেও আলাদা করে কথা হয়নি বিসিসিআই সচিব জয় শাহ ও পিসিবি চেয়ারম্যান মহসীন নাকভির মধ্যে।
পিসিবি সূত্রে জানানো হয়েছে, আয়োজক দেশ হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে ইতিমধ্যেই খসড়া সূচি, কোন স্টেডিয়ামে খেলা হবে, ভারত খেলতে গেলে পাকিস্তান সরকারের যে আপত্তি নেই, এই সংক্রান্ত যাবতীয় তথ্য আইসিসিকে দেওয়া হয়েছে।
পিসিবি মনে করছে, এখন আইসিসির-ই কাজ সূচি নিয়ে অংশগ্রহণকারী দেশগুলির সঙ্গে আলোচনা করে তা চূড়ান্ত করা। ভারতের ম্যাচ এবং ভারতীয় দল সেমিফাইনাল ও ফাইনালে উঠলে তা লাহোরে আয়োজনের প্রস্তাব দিয়েছে পিসিবি।
নানা সময় চেয়ারম্যান বদলালেও এক্সপ্রেশন অব ইন্টারেস্ট-সহ টুর্নামেন্টের আয়োজক দেশ হিসেবে কোনও কাজ পিসিবি ফেলে রাখেনি বলেও জানানো হচ্ছে। কিন্তু ভারতীয় দল যে পাকিস্তানে যাবে না, তা দিনের আলোর মতো পরিষ্কার।
ভারত পাকিস্তানে না গেলে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হতে পারে, তার জন্য বাজেটও ধরে রেখেছে আইসিসি। আবার ভারতের সঙ্গে অন্যান্য দেশ বেঁকে বসলে টুর্নামেন্টটিই পাকিস্তান থেকে সরতে পারে। এই পরিস্থিতিতে পিসিবি চাইছে ভারত খেলবে কিনা তা বিসিসিআইয়ের কাছ থেকে আইসিসি-ই জানুক।
ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে যৌথবাবে ১৯৯৬ সালের বিশ্বকাপ আয়োজন করেছিল পাকিস্তান। এই প্রথম পিসিবি এককভাবে আইসিসির বড় মাপের টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব পেয়েছে। পিসিবি সূত্রে দাবি, কলম্বোয় বৈঠকের ফাঁকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মীরওয়াইস আশরফ ও সিইও নসিব খান পিসিবি চেয়ারম্যান নাকভিকে আশ্বস্ত করেছেন পাকিস্তানের মাটিতে এই টুর্নামেন্ট খেলবে আফগানিস্তান।












Click it and Unblock the Notifications