Champions Trophy: পাকিস্তানে খেলতে যাবে ভারত? চ্যাম্পিয়ন্স ট্রফির এক বছর আগেই বিসিসিআইয়ের সম্মতি চাইছে পিসিবি
এশিয়া কাপ থেকে শিক্ষা নিয়েছে পাকিস্তান। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের এক বছর আগে থেকেই আসরে নেমে পড়েছে পাকিস্তান। আয়োজক পিসিবি ভালো মতোই জানে ভারত পাকিস্তানে খেলতে আসা নিয়ে জটিলতার সৃষ্টি করবে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর এক বছর আগে থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্মতি আদায়ে সচেষ্ট পাক ক্রিকেট বোর্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফির শুরু হতে ঠিক একবছর বাকি। টিম ইন্ডিয়া যে পাকিস্তানে গিয়ে খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফি এমন নিশ্চয়তা এখনও পর্যন্ত জয় শাহ-রজার বিনিরা দেয়নি। সেই কারণেই জয় শাহের সঙ্গে পাক ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির আলোচনায় বসতে চলেছেন। ।আগামী সপ্তাহে দুবাইয়ে বসছে আইসিসি-র বৈঠক। সেখানেই জয় শাহ ও নকভির মধ্যে বিষয়টি নিয়ে একপ্রস্থ কথা হবে বলে হতে পারে।

পাকিস্তানে গিয়ে বহু বছর ক্রিকেট খেলেনি ভারত৷ সেই জন্যেই বিসিসিআই সচিব জয় শাহের কাছ থেকে একটি আশ্বাস চাইতে পারেন পিসিবি চেয়ারম্যান৷ পিসিবি প্রবলভাবে চেষ্টা করবে চ্যাম্পিয়ন্স ট্রফি পুরোটাই নিজেদের দেশে আয়োজন করতে। ভারতীয় ক্রিকেট দল পাক ভূমিতে খেলতে না গেলে ফের হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে হবে পিসিবিকে৷
উল্লেখ্য ২০২৫ সালের ফেব্রুয়ারি -মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই টুর্নামেন্টের। পাকিস্তানের সঙ্গে ভারত একমাত্র এখন আইসিসি ইভেন্টেই খেলে, তবে ওয়াকিবহাল মহলের দাবি বিসিসিআই এখনই ২০২৫-র ফেব্রুয়ারি-মার্চে হতে চলা টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যাবে কিনা এই নিয়ে এখনই কোনওরকম প্রতিশ্রুতি দেবে না৷ কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি এখনও এক বছর দূরে।
গত দুই বছরে বিশ্ব ক্রিকেটের একাধিক দল পাক সফরে এসেছে। সেখানে কোন অসুবিধা হয়নি। সেই বিষয়টিকে সামনে রেখে পিসিবি, আইসিসির উপর চাপ বাড়াচ্ছে। তবে এশিয়া কাপে ভারত পাকিস্তানে খেলতে যায়নি। ভারত সব ম্যাচ খেলে শ্রীলঙ্কায়। যদিও পাকিস্তানে দল পাঠানোর বিষয়টি শুধু বিসিসিআইয়ের হাতে নেই। এরসঙ্গে কূটনৈতিক সম্পর্কও জড়িয়ে আছে।
পাকিস্তানে খেলার বিষয়ে শুধুমাত্র ভারত সরকারই সিদ্ধান্ত নিতে পারে এবং বিসিসিআইকেও সরকারের সেই নির্দেশ মানতে হবে। সরকারের কাছ থেকে এখনই অনুমতি চাওয়া হলে বিষয়টি খুব তড়িঘড়ি করা হবে, তারপর সামনেই লোকসভা ভোট, স্পর্শকাতর এই বিষয়ে এখনই কোনওভাবেই সিদ্ধান্ত নেবে না এনডিএ সরকার।
ভারত এবং পাকিস্তান এই দুই দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে দীর্ঘদিন। এই খারাপ সম্পর্কের প্রভাব পড়েছে দুই দেশের ক্রীড়া সম্পর্কেও। দীর্ঘদিন দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি দুই দেশের। সাম্প্রতিক সময়ে এশিয়া কাপের আয়োজন নিয়ে ও বিতর্ক কম হয়নি।












Click it and Unblock the Notifications