বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ইডেনে? আপত্তি জানাবে না পিসিবি, পছন্দ অন্য শহরও
বিশ্বকাপের ক্রীড়াসূচি আইপিএলের পরই ঘোষণা হতে পারে। এশিয়া কাপের গতিপ্রকৃতি কী হয় তার উপর অনেকাংশে নির্ভর করছে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি। চর্চা চলছে ভারত-পাকিস্তান ম্যাচের স্থান চূড়ান্ত করার বিষয়টি নিয়েও।
বিসিসিআই চাইছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাক দ্বৈরথ আয়োজন করতে। তবে তাতে ঘোরতর আপত্তির কথা জানাচ্ছেন পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর বক্তব্যেই এটা স্পষ্ট।

এশিয়া কাপ পাকিস্তান থেকে সরার সম্ভাবনা প্রবল। পিসিবি প্রস্তাব দিয়েছে হাইব্রিড মডেলের। যাতে পাকিস্তানে কয়েকটি ম্যাচ খেলা হোক। বাকিটা হোক অন্য কোনও দেশে। যদিও জয় শাহ-র নেতৃত্বাধীন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তাতে সায় নেই। বিসিসিআই সচিবের সুরে সুর মেলাচ্ছে শ্রীলঙ্কা, বাংলাদেশও। তাতেই কোণঠাসা হয়ে মুখরক্ষার পথ খুঁজছে পিসিবি।

নাজম শেঠি বলেছেন, যখন বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ আমেদাবাদে আয়োজনের কথা শুনলাম তখন মৃদু হেসেছি, নিজেকে বললাম পাকিস্তান যাতে ভারতে খেলতে না যায় এটা তারই রাস্তা তৈরির প্রচেষ্টা। যদি চেন্নাই বা কলকাতার কথা বলা হতো, তাহলে যুক্তি থাকতো। গোটা বিষয়টি রাজনীতিকরণের প্রয়াস হিসেবেই দেখছেন পিসিবি চেয়ারম্যান।

পিসিবি চেয়ারম্যানের কথায়, আমি রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই না। ভারতের যে শহরে পাকিস্তান দলের নিরাপত্তাব্যবস্থা নিয়ে চিন্তা থাকবে সেটা হলো আমেদাবাদ। এ বিষয়ে যত কম বলা যায় তত ভালো। সকলেই জানান আমেদাবাদে শাসক দল কারা। ফলে পাকিস্তানকে সেই শহরে ভারতের মুখোমুখি হতে বলার মধ্যে রাজনীতির রং রয়েছে বলেই দাবি পিসিবির।

নাজম আরও বলেন, আমার সঙ্গে জয় শাহর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা দীর্ঘ আলোচনা করে থাকি। তবে একটাই সমস্যা, জয় আমাকে সদুত্তর দিতে পারেন না ভারতের পাকিস্তানে না খেলার ব্যাপারে। তিনি হেসে শুধু বলেন, সবটাই তো জানেন। আর আলোচনার দরকার নেই। অন্য কোনও সমাধানসূত্র বের করা যাক। তখনই বেরিয়ে আসে হাইব্রিড মডেল।
নাজম শেঠি স্পষ্ট করে দিয়েছেন, ভারত এশিয়া কাপ যদি নিরপেক্ষ দেশে খেলে বা হাইব্রিড মডেলকে বেছে নেয় তাহলে পাকিস্তানও সেই পথে হাঁটবে বিশ্বকাপের ক্ষেত্রে। পাকিস্তান সেক্ষেত্রে ঢাকা বা অন্য কোথাও বিশ্বকাপের ম্যাচ খেলবে। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিও পাকিস্তানে হবে বলে ঠিক রয়েছে। তখনও হাইব্রিড মডেল চাইতে পারে বিসিসিআই।

পিসিবি যে বিসিসিআইয়ের আশ্বাসে ভুলবে না সেটা স্পষ্ট করে নাজম বলেন, বিগ থ্রি ফর্মুলা মেনে ২০১৫ সালে দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলার আশ্বাস দিয়েছিল বিসিসিআই। কিন্তু সেই সিরিজের আগে তারা বলল খেলব না। কেন্দ্রীয় সরকারের চাপের কথা বলা হয়। এখনও সেই সরকারই রয়েছে।
এই অবস্থায় বিসিসিআই যদি এখন বলে এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হোক, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে যাবে, তা বিশ্বাস করা যে যায় না সেটাও জানিয়েছেন নাজম। ফলে আমেদাবাদে ভারত-পাক ম্যাচ খেলতে নারাজ পিসিবি। এতে কি কপাল খুলবে কলকাতা বা চেন্নাইয়ের?












Click it and Unblock the Notifications