শাহরিয়ার খানের হুমকি, যা শুনলে চমকে যাবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা
পিসিবি কর্তা হুঙ্কার ছাড়ছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হারের পর নাকি ভারত ভয় পেয়েছে দাবি পাক প্রধান শাহরিয়ার খান।
ভারত-পাকিস্তান জটিল কূটনৈতিক পরিবেশের মধ্যেই ফের বোমা। এবার বোমা ফাটালেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খান। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের কাছে ভারতের হার যেন চাঙ্গা করে দিয়েছে পাকিস্তানকে। শাহরিয়ার খানের মত চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের পর ভারত ভয় পেয়ে গেছে। পিসিবি-র বিদায়ি প্রধানের বক্তব্য ফের একবার উস্কে দিয়েছে বিতর্ক।
শাহরিয়ার খান বলেছেন,' আমাদের জয়ের পর আমরা ভারতকে চ্যালেঞ্জ জানাচ্ছি আসুন এবং দ্বিপাক্ষিক সিরিজ খেলুন।ওঁরা খেলবেন না, কারণ ওঁরা আমাদের সঙ্গে খেলতে ভয় পান। ওঁরা আইসিসি-র ইভেন্টে ছাড়া আমাদের সঙ্গে খেলবেন না। ' পাকিস্তানি প্রধানমন্ত্রী পাক দলকে যেখানে সম্বর্ধনা দিয়েছিলেন সেই অনুষ্ঠানে এই মন্তব্য করেন শাহরিয়ার খান।

৮৩ বছরের শাহরিয়ার এছাড়াও দাবি করেছেন পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সিরিজ খেলা উচিত, যাতে পাকিস্তান ক্রিকেট সঠিকভাবে বিকাশিত হতে পারে। ২০১২-১৩ সালে শেষবার দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল ভারত-পাকিস্তান। সেসময়ে ভারত সফরে এসে ওয়ান ডে ও টি-টোয়েন্টি খেলেছিল পাকিস্তান। তারপর থেকে শুধুমাত্র আইসিসি ইভেন্টে খেলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

এর আগে বিসিসিআই এবং পিসিবি দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য মউ স্বাক্ষর করেছিল। তা অনুযায়ি ২০১৫ থেকে ২০২৩-র মধ্যে অনেকগুলি দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাব ছিল। কিন্তু ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রক পাকিস্তানে গিয়ে ভারতকে ক্রিকেট ম্যাচ খেলার ছাড়পত্র দেয়নি। সেসময় চুক্তিভঙ্গের অভিযোগে ভারতের বিরুদ্ধে আর্থিক ক্ষতিপূরণও দাবি করেছিল পিসিবি। কিন্তু আইসিসি -র বৈঠকে পাক দাবি নস্যাৎ হয়ে যায়। ফলে ক্ষোভে ফুটছিল পাকিস্তান।
এদিকে ভারতকে একহাত নেওয়ার পাশাপাশি পাকিস্তান দলের প্রশংসায় পিসিবি-র বিদায়ী প্রধান শাহরিয়ার খান। ভারতের বিরুদ্ধে জয়কে কাজে লাগাতে বলেছেন শাহরিয়ার খান। তরুণ প্রতিভা তুলে আনার ওপর জোর দিয়েছেন তিনি। আশা প্রকাশ করেছেন এই জয়ের পর সমস্ত ক্রিকেটীয় রাষ্ট্র পাকিস্তানে খেলতে আসবে।












Click it and Unblock the Notifications