প্যাট কামিন্স টেস্ট খেলতে আসছেন না, একদিনের সিরিজে থাকা নিয়েও ধোঁয়াশা! আমেদাবাদে অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ
আমেদাবাদ টেস্ট খেলতেও ফিরছেন না প্যাট কামিন্স। মায়ের অসুস্থতার কারণে দেশে থাকারই সিদ্ধান্ত নিলেন। চতুর্থ টেস্টেও অজিদের নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।
প্যাট কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া পরাস্ত হয়েছিল নাগপুর ও দিল্লি টেস্টে। দিল্লি থেকে দেশে ফিরেছিলেন কামিন্স। মায়ের অসুস্থতার খবর পেয়ে। তিনি আসছেন না আমেদাবাদ টেস্ট খেলতেও। ফলে ইন্দোরে টেস্ট জেতানোর পর অস্ট্রেলিয়াকে আমেদাবাদেও নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।

কামিন্স আসছেন না
কামিন্সের মা মারিয়ার ব্রেস্ট ক্যান্সার। তিনি প্যালিয়েটিভ কেয়ারে রয়েছেন। এই সময় মা ও পরিবারের পাশে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন কামিন্স। তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেই চলেছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। বিসিসিআইয়ের তরফেও কামিন্সকে যে কোনও প্রয়োজনে সহযোগিতার বার্তা দিয়েছে বিসিসিআই। অস্ট্রেলিয়া আমেদেবাদে জিতলে সিরিজ ২-২ করতে পারবে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। কামিন্স আমেদেবাদ টেস্ট না খেলার সিদ্ধান্ত নিলেও তিনি তিন ম্যাচের একদিনের সিরিজ খেলতে আসবেন কিনা তা স্পষ্ট নয়।

স্টিভ স্মিথই আমেদাবাদে নেতৃত্বে
কামিন্স পাকাপাকিভাবে টেস্ট অধিনায়ক হওয়ার পর তাঁর অনুপস্থিতিতে এখনও অবধি তিনটি টেস্টে অধিনায়কত্ব করেছেন স্টিভ স্মিথ। আমেদাবাদে সেই সংখ্যা বেড়ে হচ্ছে চার। ভারতে অধিনায়কত্ব তিনি উপভোগ করেন বলে জানালেও স্টিভ স্মিথ এটাও স্পষ্ট করে দিয়েছেন যে, পাকাপাকিভাবে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হওয়ার বাসনা তাঁর নেই।

একদিনের সিরিজেও কি নতুন অধিনায়ক?
টেস্ট সিরিজের পরেও ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের একদিনের সিরিজ রয়েছে। তাতেও অধিনায়কত্ব করার কথা কামিন্সের। ঝাই রিচার্ডসন চোটের কারণে এই সিরিজে খেলতে পারবেন না। তাঁর পরিবর্ত হিসেবে নাথান এলিসকে দলে নেওয়ার কথা জানানো হলেও কামিন্স একদিনের সিরিজ থেকেও সরে দাঁড়াবেন কিনা, সে ব্যাপারে কিছু জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রীড়সূচির কথা মাথায় রেখে কামিন্স এবারের আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে আমেদাবাদ টেস্টের পর একদিনের সিরিজ থেকেও কামিন্সের সরে দাঁড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তিনি একেবারে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন। তারপর রয়েছে অ্যাশেজ সিরিজ।

পারদ চড়ছে
আমেদেবাদ টেস্ট ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব। প্রথম দিন খেলা দেখতে মাঠে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার অ্যান্টনি আলবানেস। তাঁদের সুরক্ষার জন্য দর্শকদের গতিবিধি নিয়ন্ত্রিত হবে। কিছু দর্শকাসন ফাঁকা রাখা হবে। তবে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতির জন্য সাধারণ দর্শকদের খেলা দেখার সুযোগ থেকে বঞ্চিত রাখার যে অভিযোগ কিছু সংবাদমাধ্যমে করা হচ্ছিল তা ভিত্তিহীন বলে জানিয়েছে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশন। টিকিট বিক্রিও ভালোই হচ্ছে। অস্ট্রেলিয়ার দর্শকদের জন্য আলাদা কাউন্টার রাখা হচ্ছে বলে ক্রিকেট অস্ট্রেলিয়ার টুইটারে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications