Pat Cummins: কামিন্স অনিশ্চিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে, শ্রীলঙ্কায় স্মিথের নেতৃত্বে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া
Pat Cummins: অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্স অনিশ্চিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্জ বেইলি এ কথা স্বীকার করে নিয়েছেন।
কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে। তবে এই সিরিজ চলাকালীনই কামিন্স গোড়ালিতে চোট পেয়েছেন বলে জানা যাচ্ছে।

কামিন্স যে শ্রীলঙ্কা সফরে দুই টেস্টের সিরিজ খেলতে যাবেন না সেটা জানা গিয়েছিল আগেই। কামিন্সের স্ত্রী সন্তানসম্ভবা। শ্রীলঙ্কা সফরের সময়ই কামিন্স দ্বিতীয়বার বাবা হতে চলেছেন। স্ত্রীর পাশে থাকার জন্য কামিন্স পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন। তবে এবার সামনে এলো তাঁর চোটের খবর।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করতে হবে ১২ জানুয়ারি। ১৩ ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনীয় রদবদল করা যাবে। কামিন্সকে রেখে দল গড়া হবে। তবে তাঁর খেলার বিষয়টি স্পষ্ট হবে আগামী সপ্তাহে কামিন্সের স্ক্যান রিপোর্ট আসার পরেই।
মিচেল স্টার্ক সামান্য চোট নিয়েই সিডনি টেস্টে খেলেছেন। কাফ মাসলে চোটের কারণে ভারতের বিরুদ্ধে ব্রিসবেন টেস্টের পরই ছিটকে যান জশ হ্যাজলউড। তিনি শ্রীলঙ্কা সফরেও যেতে পারছেন না। অজি শিবির প্রার্থনা করছে যাতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কামিন্স, স্টার্ক ও হ্যাজলউজ- তিনজনই খেলতে পারেন।
এদিকে, শ্রীলঙ্কায় দুই টেস্টের সিরিজে অস্ট্রেলিয়া খেলবে স্টিভ স্মিথের নেতৃত্বে। দলে প্রথম ডাক পেলেন কুপার কনোলি। স্যাম কনস্টাস, বিউ ওয়েবস্টার জায়গা ধরে রেখেছেন, প্রত্যাবর্তন ঘটলো নাথান ম্য়াকসুইনির। নাথান লিয়ঁর সঙ্গে রাখা হয়েছে বাঁহাতি স্পিনার ম্যাট কুহনেম্যান ও অফ-স্পিনার টড মার্ফিকে।
দলে জায়গা হয়নি মিচেল মার্শের। ফলে তাঁর টেস্ট কেরিয়ার প্রশ্নের মুখে পড়ে গেল। টেস্ট দলে প্রত্যাবর্তনের আশা শেষ হয়ে গেল গ্লেন ম্যাক্সওয়েলের। বিশেষ করে কনোলির উপর নির্বাচকরা আস্থা রাখায়। মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ডের সঙ্গে পেসার শন অ্য়াবটকে দলে রাখা হয়েছে। ২৯ জানুয়ারি প্রথম টেস্ট শুরুর আগে সংযুক্ত আরব আমিরশাহীতে হবে অস্ট্রেলিয়ার শিবির।
অস্ট্রেলিয়ার টেস্ট দল- স্টিভ স্মিথ, শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, ট্রাভিস হেড, জশ ইনগ্লিস, উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, ম্যাট কুহনেম্যান, মার্নাস লাবুশেন, নাথান লিয়ঁ, নাথান ম্যাকসুইনি, টড মার্ফি, মিচেল স্টার্ক, বিউ ওয়েবস্টার।












Click it and Unblock the Notifications