IND vs BAN: পন্থের প্রত্যাবর্তনে বিরাট ভবিষ্যদ্বাণী সৌরভের, বাংলাদেশকেও সতর্কবার্তা
IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য ভারতীয় দল ঘোষণা হয়েছে। তাতে প্রত্যাবর্তন করেছেন ঋষভ পন্থ। দলীপ ট্রফিতেও ঝোড়ো ব্যাটিং করে তিনি নজর কেড়েছেন।
আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়ক পন্থের প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে ভারতীয় দল বাছাই সঠিকই হয়েছে, মত মহারাজের।

২০২২ সালে মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধেই শেষ টেস্ট খেলেছেন পন্থ। তার কয়েকদিনের মধ্যেই গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন। সেই বাংলাদেশের বিরুদ্ধেই পন্থ টেস্টে প্রত্যাবর্তন করছেন। সৌরভ বলেন, পন্থ টেস্টে ভারতীয় দলের অন্যতম সেরা ব্যাটার বলে আমি মনে করি। তাঁর প্রত্যাবর্তনে অবাক নই।
সৌরভ আরও বলেন, আমার বিশ্বাস পন্থ দীর্ঘদিন ভারতের হয়ে টেস্ট খেলবেন। যদি নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তাহলে তিনি টেস্টে সর্বকালের সেরাদের তালিকার একজন হতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেটের ছোট ফরম্যাটগুলিতেও তাঁকে উন্নতি করতে হবে। তাঁর যা প্রতিভা রয়েছে তাতে তিনি অন্যতম সেরা হতেই পারেন।
গোড়ালির অস্ত্রোপচারের পর মহম্মদ শামি এখনও কামব্যাক করতে পারলেন না। প্রথম ডাক পেলেন যশ দয়াল। রয়েছেন বাংলার আকাশ দীপ। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ রয়েছেন। তবে সৌরভ মনে করেন, চেন্নাইয়ে ভারতীয় দলে স্পিনারের সংখ্যাই বেশি থাকবে।
সৌরভের কথায়, আমি জানি শামি খেলতে পারছেন না ফিটনেসের কারণে। তবে শীঘ্রই তিনি কামব্যাক করবেন এবং অস্ট্রেলিয়া সফরেও যাবেন। তা সত্ত্বেও ভারতের বোলিং আক্রমণ বেশ ভালো। ভারতে স্পিন বেশি কার্যকরী হয়। চেন্নাইয়ের উইকেটে বাউন্সও থাকবে। বিশ্বের চার সেরা স্পিনার- অশ্বিন, জাদেজা, অক্ষর ও কুলদীপ রয়েছেন। ফলে তাঁদের সামলানো সহজ হবে না।
সৌরভ বলেন, ভারতে স্পিনারদের হাতেই ম্যাচের নিয়ন্ত্রণ বেশি থাকে। ভারত যথেষ্টই ভালো দল। আমি অস্ট্রেলিয়া সফরের দিকে তাকিয়ে। সেখানেই এই দলের আসল পরীক্ষা। এরপর জুলাইয়ে ইংল্যান্ড সফরও রয়েছে। এই দুটোই খুব গুরুত্বপূর্ণ সফর। বুমরাহ, সিরাজের সঙ্গে শামি যোগ হলে ভারতের শক্তি আরও বাড়বে।
আকাশ দীপের প্রশংসাও শোনা গিয়েছে সৌরভের বক্তব্যে। বাংলার পেসারকে নিয়ে সৌরভ বলেন, আকাশ দীপ অসাধারণ তরুণ ফাস্ট বোলার। অনেকটা দৌড়ে এসে জোরে বল করতে পারেন। অনেকক্ষণ বল করতে পারেন। বাংলার হয়ে তাঁকে উইকেট নিতেও দেখেছি। সিরাজ, শামির মতোই ঘণ্টায় ১৪০ কিলোমিটারের আশেপাশে বল করতে পারেন। তাঁর দিকেও নজর থাকবে।
সৌরভ বলেন, পাকিস্তানে গিয়ে জেতাটা সহজ নয়। বাংলাদেশ সেটা করেছে বলে অভিনন্দন। তবে ভারতের মাটিতে খেলার চ্যালেঞ্জ এক বিষয় নয়। দেশে হোক বা বিদেশে, ভারত খুব ভালো দল। শক্তিশালী ব্যাটিং বিভাগ রয়েছে। বাংলাদেশের জেতার আশা দেখছি না, ভারতই জিতবে সিরিজ। তবে পাকিস্তানকে গিয়ে তাদের হারানোয় বাংলাদেশের আত্মবিশ্বাস ভালো থাকবে। ফলে টাফ ক্রিকেট প্রত্যাশা করতেই পারে ভারতীয় দল।












Click it and Unblock the Notifications