ভারতের টেস্ট দলে ফিরলেন পন্থ ও আকাশ, ব্রাত্যই থেকে গেলেন শামি, রোহিত ও বিরাটকে নিয়েও জল্পনার অবসান
ভারতের টেস্ট দলে প্রত্যাবর্তন করলেন ঋষভ পন্থ। সহ অধিনায়ক হিসেবেই। প্রসিদ্ধ কৃষ্ণর জায়গায় দলে কামব্যাক করলেন আকাশ দীপ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে এই ২টি ছাড়া আর কোনও পরিবর্তন আনা হলো না দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের জন্য।

তবে রঞ্জি ট্রফির প্রথম ২টি ম্যাচে বল হাতে আশ্বস্ত করলেও নির্বাচকদের মন জিততে ব্যর্থ হলেন মহম্মদ শামি। দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে একদিনের ম্যাচে খেলবেন না বিরাট কোহলি ও রোহিত শর্মা।
১৪ নভেম্বর থেকে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ শুরু কলকাতার ইডেন গার্ডেন্সে। দ্বিতীয় টেস্ট গুয়াহাটিতে ২২ তারিখ থেকে। ঋষভ পন্থ ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার টেস্ট চলাকালীন পায়ে চোট পেয়েছিলেন। ফ্র্যাকচার ধরা পড়ে।
এরপর চোট সারিয়ে মাঠেই শুধু ফেরেননি, ভারতীয় এ দলকে নেতৃত্ব দিচ্ছেন দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে। প্রথম ম্যাচে দ্বিতীয় ইনিংসে ৯০ রানের ইনিংসও খেলেন। পন্থ দলে আসায় টেস্ট দলে ঠাঁই হলো না নারায়ণ জগদীশানের। দলে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে রয়েছেন ধ্রুব জুরেল।
ইংল্যান্ড সফর থেকে ফেরার পর আকাশ দীপ পিঠের চোটের কারণে দলীপ ট্রফিতে খেলতে পারেননি। তবে তিনি রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে প্রথম দুটি ম্যাচে খেলেন। এরপর তাঁকে ডেকে নেওয়া হয়েছে ভারতীয় এ দলে, দক্ষিণ আফ্রিকার এ দলের বিরুদ্ধে খেলার জন্য।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ভারতীয় এ দল রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ১৩, ১৬ ও ১৯ নভেম্বর তিনটি একদিনের ম্যাচ খেলবে। টেস্ট সিরিজের পর ভারতে ওয়ান ডে ও টি২০ সিরিজও খেলবে দক্ষিণ আফ্রিকা। জল্পনা ছিল, রোহিত শর্মা ও বিরাট কোহলি ভারতের এ দলের হয়ে তিনটি ম্যাচে খেলবেন কিনা। কিন্তু আজ নির্বাচকরা যে দল ঘোষণা করেছেন তাতে তাঁদের নাম নেই।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সংস্করণে ভারত রয়েছে পয়েন্ট তালিকার তিনে, দক্ষিণ আফ্রিকা পাঁচে। পাকিস্তানে টেস্ট সিরিজ ১-১ ড্র করে ভারতে আসছে সর্বশেষ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাবজয়ীরা।
ভারতের টেস্ট দল- শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার ও সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, বি সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকাশ দীপ।
ভারতীয় এ দলের ওয়ান ডে দল- তিলক বর্মা (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড় (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, রিয়ান পরাগ, ঈশান কিষাণ (উইকেটকিপার), আয়ুষ বাদোনি, নিশান্ত সিন্ধু, বিপ্রাজ নিগম, মানব সুথার, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, খলিল আহমেদ, প্রভসিমরণ সিং (উইকেটকিপার)।












Click it and Unblock the Notifications