শতরান হাতছাড়া করলেও টেস্ট দলে ফেরার সম্ভাবনা উজ্জ্বল করলেন পন্থ, প্রোটিয়াদের পরাস্ত করল ভারত 'এ'
চলতি মাসেই ভারত সফরে দুটি টেস্ট ও সাদা বলের সিরিজ খেলতে আসছে দক্ষিণ আফ্রিকা। তার আগে প্রোটিয়াদের 'এ' দল ভারতীয় 'এ' দলের বিরুদ্ধে দুটি চার দিনের ম্যাচ খেলতে এসেছে।
প্রথম আনঅফিসিয়াল টেস্টে ভারতীয় 'এ' দল প্রোটিয়াদের হারাল তিন উইকেটে। দশ রানের জন্য শতরান হাতছাড়া করেন ঋষভ পন্থ।

ভারতীয় 'এ' দলের সামনে জয়ের জন্য ২৭৫ রানের টার্গেট রেখেছিল দক্ষিণ আফ্রিকা 'এ'। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সের মাঠে অনুষ্ঠিত ম্যাচে তৃতীয় দিনের শেষে ভারতীয় 'এ' দলের স্কোর ছিল ৪ উইকেটে ১১৯। ঋষভ পন্থ ৬৪ ও আয়ুষ বাদোনি শূন্য রানে অপরাজিত ছিলেন।
চোট সারিয়ে পন্থ ভারতীয় দলে কামব্যাকের পথে। এই দুটি ম্যাচে তিনিই ভারতের 'এ' দলকে নেতৃত্ব দিচ্ছেন। প্রথম ইনিংসে ২০ বলে ১৭ রানের বেশি করতে পারেননি। তবে দ্বিতীয় ইনিংসে শতরানের আশা জাগিয়েছিলেন। যদিও থামতে হলো ১০ রান দূরে। পাঁচে নামা পন্থ খেললেন ১১৩ বলে ৯০ রানের ইনিংস। মেরেছেন ১১টি চার ও চারটি ছয়।
আয়ুষ বাদোনি ৪৭ বলে ৩৪ রান করেন। পন্থ দলের ১৭২ রানের মাথায় সাজঘরে ফিরেছিলেন। বাদোনি আউট হলে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ১৯৫। ২১৫ রানে পড়ে সপ্তম উইকেট। যদিও এরপর দলকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেন মানব সুথার ও অংশুল কম্বোজ। সুথার ৫৬ বলে ২০ ও কম্বোজ ৪৬ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। টিয়ান ভান ভুরেন তিনটি ও শেপো মোরেকি দুটি উইকেট নেন।
এর আগে, ভারতের 'এ' দল টস জিতে দক্ষিণ আফ্রিকা 'এ' দলকে ব্যাট করতে পাঠিয়েছিল। জর্ডান হার্মানের ৭১, জুবেইর হামজার ৬৬ ও রুবিন হার্মানের ৫৪ রানের সৌজন্যে মার্কাস একারম্যানের নেতৃত্বাধীন প্রোটিয়াদের 'এ' দল তোলে ৩০৯ রান। তনুশ কোটিয়ান চারটি এবং গুরনুর ব্রার ও মানব সুথার ২টি করে উইকেট নেন।
জবাবে ভারতীয় 'এ' দলের প্রথম ইনিংস শেষ হয় ২৩৪ রানে। আয়ুষ মাত্রে করেন ৬৫। প্রেনেলান সুব্রায়েন পাঁচটি উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা 'এ' দলকে ১৯৯ রানে থামায় ভারত 'এ'। লেসেগো সেনোকোয়ানে ও হামজা- দুজনেই ৩৭ রান করেন। কোটিয়ান চারটি, কম্বোজ তিনটি উইকেট নেন। ব্রার ২টি ও সুথার ১টি উইকেট নেন।












Click it and Unblock the Notifications