বেঙ্গালুরুতে ব্যাট হাতে পন্থ ভাঙলেন কপিলের রেকর্ড, বোলিংয়ে বুমরাহ ছুঁলেন তিরাশির বিশ্বজয়ী অধিনায়ককে
বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কা টেস্টের দ্বিতীয় দিনে আলোচনায় উঠে এলেন কপিল দেব। কেন না, ব্যাট হাতে ঝড় তুলে ঋষভ পন্থ ভেঙে দিলেন তাঁর ৪০ বছরের পুরানো রেকর্ড। আবার দেশের মাটিতে প্রথম তথা টেস্ট কেরিয়ারে অষ্টমবার ইনিংসে পাঁচ উইকেট নিয়ে কপিল দেবকে স্পর্শ করলেন জসপ্রীত বুমরাহ।

চিন্নাস্বামীর উইকেটে প্রথম দিনের প্রথম সেশন থেকেই বল ঘুরছিল। ভারতের প্রথম ইনিংসে ১০ উইকেটের মধ্যে ৮টিই নেন শ্রীলঙ্কার স্পিনাররা। বিশেষজ্ঞরাও বারবার বলছিলেন, স্পিনাররাই বেশি ফায়দা তুলতে পারবেন এই চ্যালেঞ্জিং পিচ থেকে। সেই উইকেটেই প্রথম থেকে শ্রীলঙ্কার উপর ভারত যে চাপ তৈরি করেছিল তাতে বড় ভূমিকা রাখেন জসপ্রীত বুমরাহ। শ্রীলঙ্কার প্রথম ইনিংস আজ দ্বিতীয় দিনের খেলা শুরুর আধ ঘণ্টার মধ্যেই ১০৯ রানে গুটিয়ে যায়। ১০ ওভারে ৪টি মেডেন-সহ ২৪ রানের বিনিময়ে পাঁচ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। ভারতের সহ অধিনায়ক দেশের মাটিতে এই প্রথমবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন।

বুমরাহ ২০১৯ সালে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন। ২০১৮ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনিংসে ৬ উইকেট নেন ৩৩ রানের বিনিময়ে। ২০১৯ সালেই নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি মাত্র ৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন। বুমরাহর সেরা বোলিংয়ের তালিকায় এর পরেই রইল বেঙ্গালুরু টেস্টে তাঁর বোলিং ফিগার। বুমরাহ অষ্টমবার ইনিংসে পাঁচ উইকেট নিলেন কেরিয়ারের ২৯তম টেস্টে। সমসংখ্যক টেস্টেই অষ্টমবার পাঁচ উইকেট নিয়েছিলেন কপিল দেবও।

কপিল দেবকে বুমরাহ যেদিন স্পর্শ করলেন, সেদিনই কপিলের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ। এদিন তিনি ২৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন। বলের নিরিখে টেস্টে ভারতীয়দের মধ্যে এটি দ্রুততম টেস্ট অর্ধশতরান। এর আগে ১৯৮২ সালে করাচি টেস্টে কপিল ৩০ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের নেতৃত্বে ছিলেন সুনীল গাভাসকর, পাকিস্তানের ইমরান খান। ১২টি চারের সাহায্যে ৫৩ বলে ৭৩ করেছিলেন সাতে নেমে। পন্থ নেমেছিলেন পাঁচে। গাভাসকরের কথায়, এই টেস্ট শ্রীলঙ্কার হাতে ছিলই না। পন্থের ইনিংস আরও কঠিন করে দিল তাদের কাজ। পন্থ ৩১ বলে ৫০ রান করে আউট হন। টেস্টে দ্রুততম অর্ধশতরানটির রেকর্ড রয়েছে মিসবা উল হকের ঝুলিতে (২১ বলে)। ২০০৮ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন বীরেন্দ্র শেহওয়াগ। পন্থ ২৮ বলে অর্ধশতরান করে আরনেস্ট উইলিয়ামস, ইয়ান বোথাম, ক্রিস গেইল, কলিন ডি গ্র্যান্ডহোমের সঙ্গে একই আসনে বসলেন।












Click it and Unblock the Notifications