বিশ্বকাপে অংশ নিতে বাধা ভিসা! ভারতকে নিশানা করল পাকিস্তান
ভারত ভিসার অনুমোদন দেয়নি। সেই কারণে বিশ্বকাপে দল পাঠানো যাচ্ছে না। ভারতকে নিশানা করে ক্ষোভ উগড়ে গিয়ে বিবৃতি প্রকাশ করল পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল। ইতিমধ্যেই শুরু হয়েছে দৃষ্টিহীনদের বিশ্বকাপ। এই বিশ্বকাপের তৃতীয় সংস্করণটিতে পাকিস্তানকে বাদ দিয়েই ক্রীড়াসূচি সাজাচ্ছেন আয়োজকরা।

আজ দৃষ্টিহীনদের বিশ্বকাপে পাকিস্তানের খেলা ছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। কিন্তু ভিসা বিভ্রাটের জেরে পাকিস্তানের দৃষ্টিহীনদের ক্রিকেট দল দিল্লিতে এসে পৌঁছতে পারেনি। পিবিসিসি এরপরই বিবৃতিতে অত্যন্ত হতাশা প্রকাশ করে জানায়, বিশ্বকাপ খেলতে ভারতে যেতে পাকিস্তানের দলকে ভিসা দেওয়া হয়নি। সে কারণে টি ২০ বিশ্বকাপে অংশ নিতে পারছে না পাকিস্তান। ২০১২ ও ২০১৭ সালে টি ২০ ফরম্যাটের এই বিশ্বকাপে রানার-আপ হয়েছে পাকিস্তান। এবার খেতাব জয়ের বড় দাবিদারও ছিল। ২০২১ ও ২০২২ সালে দুটি ত্রিদেশীয় প্রতিযোগিতায় টানা পাঁচবার দৃষ্টিহীনদের টি ২০-তে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারিয়েছে পাকিস্তান। সেই দলকে বিশ্বকাপে খেলতে না দেওয়া দুর্ভাগ্যজনক।
India refuses visas of Pakistan Blind Cricket Team to participate in T-20 World Cup Cricket of the Blind ( 5 to 17 December 2022 in India ).
— Pakistan Blind Cricket Council (PBCC) (@pbcc_official) December 6, 2022
Pakistan was a serious contender to win the World Cup. Really disappointing for our boys who prepared tirelessly for this World Cup. 💔 pic.twitter.com/28gGcMSMEZ
বিবৃতিতে পিবিসিসি আরও জানিয়েছে, এবারের বিশ্বকাপের ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ হওয়ার সম্ভাবনা ছিল। বর্তমান ফর্মের নিরিখে পাকিস্তানের জেতার সম্ভাবনাও খুবই প্রবল ছিল। বিবৃতিতে আরও লেখা হয়েছে, খেলার বিষয়টিকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত। বিশেষ চাহিদাসম্পন্নদের এই ইভেন্টে সব দলের সঙ্গে সমান আচরণই প্রত্যাশিত, সকলকেই সমান সুযোগ দেওয়া উচিত ছিল যাতে তারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারে। ভারতের ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করা সত্ত্বেও ইতিবাচক সাড়া মেলেনি বলেও অভিযোগ করা হয়েছে। ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট এই ঘটনার জেরে ভারতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে আন্তর্জাতিক কোনও ইভেন্টে অংশগ্রহণ করতে দেবে না বলেও মনে করছে পিবিসিসি। বৈষম্যমূলক আচরণের এই অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে। কেন না, সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ পাকিস্তান থেকে এশিয়া কাপ সরানোর কথা বলেছিলেন। ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না গেলে, পাকিস্তানও এ দেশে বিশ্বকাপ খেলতে আসে না বলে জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা। এই আবহেই দৃষ্টিহীনদের ক্রিকেট বিশ্বকাপ নয়া বিতর্ক তৈরি করল।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারত ২৭৪ রানে হারিয়েছে নেপালকে। কাল ভারত-পাকিস্তান দ্বৈরথের কথা ছিল। শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাও রয়েছে এবারের বিশ্বকাপে। ভারতে দৃষ্টিহীনদের ক্রিকেটের নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, পাকিস্তান বিশ্বকাপে অংশ নিতে পারছে না। তাদের ভিসার আবেদন মঞ্জুরের ব্যবস্থা নিশ্চিত করতে সবরকম চেষ্টা চালিয়েছে সিএবিআই। কিন্তু পাকিস্তান আসতে না পারায় নতুন ক্রীড়াসূচি ঘোষিত হবে।












Click it and Unblock the Notifications