পাকিস্তান দারুন শুরু করেও বিরাটকে আটকাতে ব্যর্থ, কত রানের টার্গেট দিল ভারত
টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের হাইভোল্টেজ ম্যাচে রোহিত শর্মাকে শূন্য রানে ফিরিয়ে দারুন শুরু করেছিল পাকিস্তান। শাহিন আফ্রিদি রোহিতকে ফেরানোর পরের ওভারেই রাহুলকে ক্লিন বোল্ড করে ভারতের হৃদকম্পন বাড়িয়ে দিয়েছিলেন।
টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের হাইভোল্টেজ ম্যাচে রোহিত শর্মাকে শূন্য রানে ফিরিয়ে দারুন শুরু করেছিল পাকিস্তান। শাহিন আফ্রিদি রোহিতকে ফেরানোর পরের ওভারেই রাহুলকে ক্লিন বোল্ড করে ভারতের হৃদকম্পন বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু কোহলির ধৈর্যশীল ব্যাটিংয়ে ভর করে ভারত লড়াইের মতো রানে পৌঁছতে সফল হল পাকিস্তানের বিরুদ্ধে।

দুবাইয়ে টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছিল পাকিস্তান। বিশ্বকাপের আসরে ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তান তাই চার্জ হয়েই মাঠে নেমেছিল। শাহিন আফ্রিদির প্রথম দুই ওভার তার যথার্থ প্রমাণ। ভারতীয় ওপেনারদের বন্দি করে রাখাই নয়, ওপেনার রোহিত শর্মাকে চতুর্থ বলেই ফিরিয়ে দিয়েছিলেন শাহিন। পরের ওভারের প্রথম বলেই রাহুল আউট।
তারপরই শুরু হয়েছিল বিরাট-লড়াই। সূর্যকুমার যাদব আসেন বিরাট কোহলিকে সঙ্গত করতে। শাহিনকে ছয় মেরে লড়াইটা প্রথম শুরু করেন তিনিই। ৩১ রানের মাথায় সূর্যকুমার ফেরার পর বিরাটের সঙ্গে জুটি বাঁধেন তরুণ উইকেটকিপার ঋষভ পন্থ। বিরাট-ঋষভ জুটি ভারতকে উত্তরণের পথ দেখান।
ঋষভ পন্থ ৩০ বলে ৩৯ রানের ইনিংস খেলেন। যখনই তিনি ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছেন, তখনই তাঁকে ফিরতে হয় বোলার শাদাব খানের হাতে কট অ্যান্ড বোল্ড হয়ে। তাঁর ৩৯ রানের ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছক্কা। এরপর নামেন জাদেজা। তিনিও বেশিক্ষণ স্থায়ী হননি। ১৩ বলে ১৩ রানের ইনিংস খেলে হাসান আলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান।
এরপর বিরাট কোহলিকে ফেরান সেই শাহিন আফ্রিদিই। বিরাট কোহলির ৪৯ বলে ৫৭ রানের ইনিংসে ছিল ৫টি চার একটি ছক্কা। ১৯তম ওভারে বিরাট কোহলি প্যাভিলিয়নে ফেরেন। তারপর হার্দিক পান্ডিয়ার ৮ বলে ১১ ও ভুবনেশ্বর কুমারের ৪ বলে ৫-এর দৌলতে কোনওরকমে ১৫০-এর গণ্ডি পেরোয় ভারত। পাকিস্তানের সামনে জয়ের জন্য ১৫২ রানের লক্ষ্য মাত্রা রাখেন বিরাটরা।
তবে ভারতের ১৫১ রানের মধ্যে ১৯ ওভার ক্রিজে থেকে বিরাটের মাত্র ৫৭ রান নিয়ে অনেকে সমালোচনা করেছেন। বিরাটের আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আবার অনেকে বলেছেন ভাঙনের মুখে বিরাটের একদিক আগলে রাখাও প্রয়োজন ছিল। নতুবা ভারতকে লজ্জার মুখ দেখতে হত এদিনের হাইভোল্টেজ ম্যাচে। বড় রানের টার্গেট খাঁড়া করতে না পারলেও ভারত ভদ্রস্থ রানে পৌঁছেছে এবং লড়াই করার মতো লক্ষ্যমাত্রা রাখতে পেরেছে।
ভারতের বিরুদ্ধে এদিন রুদ্ধশ্বাস বোলিংয়ের প্রদর্শন রাখেন শাহিন আফ্রিদি। তিনিই এদিন পাকিস্তানের সেরা বোলার। চার ওভারে ৩১ রান দিয়ে তিনটি উইকেট নেন। প্যাভিলিয়নে ফেরান দুই ওপেনার রোহিত শর্মা, কেএল রাহুল ও বিরাট কোহলিকে। হাসান আলি চার ওভারের ৪৪ রান দিয়ে ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন শাদাব খান ও হরিশ রউফ। পাকিস্তানের সামনে ভারতের বিরুদ্ধে প্রথম জয়ের জন্য দরকার ১৫২ রান।












Click it and Unblock the Notifications