ম্যাচ গড়াপেটা করে ফাইনালে পাকিস্তান! খোদ এই অভিযোগ পাক ক্রিকেটার আমির সোহেলের
পাকিস্তানি খবরের চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে একসময়ের অন্যতম সেরা পাক ওপেনার আমির দাবি করেছেন, পাকিস্তান দলের এত উচ্ছ্বাস প্রকাশ করার মতো কিছু হয়নি। তাঁরা ফাইনাল খেলছে কারণ তাদের তুলে দেওয়া হয়েছে।
পাকিস্তান ক্রিকেট দল ভালো খেলুক অথবা খারাপ, ম্যাচ গড়াপেটা বিতর্ক থেকে কখনও দূরে থাকতে পারে না। দারুণ খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গিয়েছে সরফরাজ আহমেদের দল। গোটা ক্রিকেট বিশ্ব পাকিস্তান দলের এই সাফল্যকে কুর্ণিশ করছে। অথচ এবার বাড়া ভাতে ছাই দিতে নেমে পড়েছেন পাকিস্তানেরই প্রাক্তন ক্রিকেটার আমির সোহেল।
নিজের দেশ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আর দু'দিন বাদেই ভারতের সঙ্গে খেলবে। অথচ তার প্রাক্কালে আমির সোহেলের দাবি, ম্যাচ গড়াপেটা করে পাকিস্তান ফাইনালে উঠেছে। তাঁর বক্তব্য, পাকিস্তানের ফাইনালে ওঠার পিছনে বাইরের কারও হাত রয়েছে।

পাকিস্তানি খবরের চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে একসময়ের অন্যতম সেরা পাক ওপেনার আমির দাবি করেছেন, পাকিস্তান দলের এত উচ্ছ্বাস প্রকাশ করার মতো কিছু হয়নি। তাঁরা ফাইনাল খেলছে কারণ তাদের তুলে দেওয়া হয়েছে।
আর এই বক্তব্য নিয়েই ফের বিতর্ক শুরু হয়েছে। কারণ সরফরাজ আহমেদের নেতৃত্বে যেভাবে পাকিস্তান দল মাঠে লড়াই করে ফাইনালে উঠেছে তা সারা বিশ্ব দেখেছে। প্রথমে শ্রীলঙ্কা ও পরে সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে অসাধারণ জয় পেয়েছে পাকিস্তান। এবং একইসঙ্গে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে গিয়েছে।

যদিও পাকিস্তানি প্রাক্তন ওপেনার সোহেলের বক্তব্যকে কেউ পাত্তা দিচ্ছেন না। সৌরভ গঙ্গোপাধ্যায় যেমন গোটা অভিযোগকেই উড়িয়ে দিয়েছেন। সৌরভ বলেছেন, সরফরাজ আহমেদ ও বাকীরা এসব শুনেত অভ্যস্ত। এটাই প্রথমবার নয়। আর পাকিস্তান কোন উপায়ে কারও সাহায্য ফাইনালে উঠবে? কীভাবে? প্রশ্ন করেছেন সৌরভ।
এদিকে হরভজন সিংও সৌরভের মতোই আক্রমণ করেছেন আমির সোহেলের মতো প্রাক্তন তারকাকে। ভাজ্জির বক্তব্য, আসলে এঁরা হিংসে করছে। কারণ ভাবেনি এই পাকিস্তান দল ফাইনালে উঠবে। এমনকী আমিও ভাবিনি পাকিস্তান ফাইনালে যাবে। তবে সেজন্য কঠিন পরিশ্রম করেছে খেলোয়াড়রা। অথচ প্রাক্তনরা এভাবে বদনাম করার চেষ্টা করছে।
প্রসঙ্গত, এই প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে পাকিস্তান। এবং এই প্রথমবার ভারতের বিরুদ্ধে ৫০ ওভারের আইসিসি টুর্নামেন্টে ফাইনাল খেলবে সরফরাজ আহমেদের ছেলেরা।












Click it and Unblock the Notifications