Champions Trophy: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের মধ্যে জোর টক্কর, দ্বৈরথে এগিয়ে কোন দল?
আগামীকাল সুপার সানডে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত খেলতে নামবে পাকিস্তানের বিরুদ্ধে। বাংলাদেশ ম্যাচে জয় পেলেও ভারতীয় দল কিন্তু পয়েন্ট তালিকায় ২ নম্বরে আছে। অন্যদিকে, প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারায় রবিবার মরণ-বাঁচন ম্যাচ বাবরদের সামনে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলের দ্বৈরথে এগিয়ে কারা, তুলে ধরা হল এই প্রতিবেদনে।
সাম্প্রতিক সময় আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিরুদ্ধে দাপট দেখিয়ে আসছে ভারত। ওডিআই বিশ্বকাপে ভারতীয় দলের বিরুদ্ধে যখনই খেলতে নেমেছে তখনই হারের মুখ দেখেছে ওয়াঘার ওপারের দেশটি। কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবার এগিয়ে পাকিস্তানই। মিনি বিশ্বকাপে এই দুই দল ৫বার মুখোমুখি হয়েছে। এরমধ্যে তিনবার জয় পেয়েছে পাকিস্তান, দুইবার জিতেছে ভারত। রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরও একটা ভারত পাক ম্যাচ, তার আগে ফিরে দেখা অতীতের ফলাফলগুলি।

২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে জয় পায় ভারত। বোলিং দাপটে পাকিস্তানকে ১৬৫ রানেই আটকে রাখে ভারত। বৃষ্টির জন্য ২২ ওভারে ভারতের লক্ষ্যমাত্রা হয় ১০২। বিরাট ও ধাওয়ান জুটি ভারতকে জয় এনে দেন। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে হেলায় হারায় ভারত। রোহিত শর্মার ৯১ এবং ধাওয়ানের ৬৮ রানে ভর করে ভারত ৩১৯ রান তোলে। ৩৩.৪ ওভারে ১৬৪ রানেই অল আউট হয়ে যায় পাক দল।
এই হারের বদলা পাকিস্তান নেয় ফাইনাল ম্যাচে। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিরুদ্ধে ম্যাচে ফখর জামান শতরান করেছিলেন। পাকিস্তান ৩৩৮ রান তোলে। ব্যাটারদের ব্যর্থতায় ভারত পরাজয়ের মুখ দেখে। পাণ্ডিয়া ৪৩ বলে ৭৬ রান করলেও দলকে জেতাতে পারেননি। ১৫৮ রানেই গুটিয়ে যায় ভারত। এবার ভারতের কাছে বদলা নেওয়ার ম্যাচ।
এর আগে শেষ একদিনের ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছিল ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে, সেই ম্যাচে জয় পায় ভারত।












Click it and Unblock the Notifications