Women's T20 World Cup: ভারতের দুরন্ত বোলিংয়ে অল্প রানেই আটকে গেল পাকিস্তান, জয়ের জন্য হরমনপ্রীতদের লক্ষ্য কত?
মহিলাদের টি২০ বিশ্বকাপে সুপার সানডে। মেগা ম্যাচে মুখোমুখি ভারত এবং পাকিস্তান। এই ম্যাচে টস ভাগ্য সঙ্গ দিল না অধিনায়ক হরমনপ্রীত কৌরকে। দুবাইতে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু ব্যাটিং নেওয়ার সুবিধাটা কাজে লাগাতে পারল না পাকিস্তান দল। ভারতীয় বোলারদের দাপুটে পারফরম্যান্সে স্কোরবোর্ডে খুব বেশি রান তুলতে পারলেন না পাক মহিলা ব্যাটাররা।
পূজা বস্ত্রকার এই ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি। অন্যদিকে পাকিস্তান দলও অসুস্থতার জন্য এই ম্যাচে খেলাতে পারেনি ডায়ানা বেগকে। কিন্তু ব্যাটিং করতে নেমে শুরুটা একেবারেই ভালো হয়নি পাকিস্তান দলের জন্য। প্রথম ওভারেই গুল ফিরোজাকে আউট করেন রেণুকা সিং। এরপর মুনিবা আলি সিদরা আমিনকে নিয়ে একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন।

৫২ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় পাকিস্তান দল। টপ অর্ডারের মতোই ব্যর্থ মিডল অর্ডারও। আশা শোভনাটর বলে পাক দলনেত্রী ফমিতা সানাকে ১৩ রানেই স্ট্যাম্প করলেন রিচা ঘোষ। টুবা হাসান ০ রান করে সাজঘরে ফিরলেন। ৭১ রানেই ৭ উইকেট হারায় পাকিস্তান দল, তখন তাদের ১০০ রান হওয়া নিয়েও অনিশ্চয়তা ছিল।
কিন্তু পাকিস্তান ব্যাটিংয়ের মানরক্ষা করলেন নিদা দার এবং শ্রেদা শাহ। তাঁদের পার্টনারশিপই দলকে ১০০ রানের গণ্ডি পার করালো। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১০৫ রান করল পাকিস্তান। নিদা দার ৩৪ বলে ২৮ রান করেন। অন্যদিকে শ্রেদা শাহ ১৪ রানে অপরাজিত থাকেন।
ভারতের হয়ে অরুন্ধুতি রেড্ডি তিনটি, শ্রেয়াঙ্কা ২টি, রেণুকা, দীপ্তি ও আশা একটি করে উইকেট নেন। এই ম্যাচে শুধু জিতলেই হবে না একইসঙ্গে রান রেটকেও বাড়াতে হবে ভারতীয় দলকে। টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫৮ রানে হেরে চাপে ভারতীয় মহিলা দল।
প্রথম ম্যাচ শেষে ভারতের রান রেট মাইনাস ২.৯০০। এই পরিস্থিতিতে ঘুড়ে দাঁড়াতে হলে ভারতীয় দলকে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাতে হবে। তবেই পয়েন্ট টেবলে উন্নতি হতে পারে।












Click it and Unblock the Notifications